নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. গোলাম রাব্বানীর সাথে নোবিপ্রবি রিপোর্টার্স ইউনিটির (নোবিপ্রবিরিইউ) সৌজন্যে সাক্ষাৎ এবং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ মে ) সকাল ১০ টায় উপাচার্যের সম্মেলন কক্ষে সৌজন্যে সাক্ষাৎ ও মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী, উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক এবং নোবিপ্রবি রিপোর্টার্স ইউনিটির সদস্যবৃন্দ।
সভায় উপাচার্য বলেন, শিক্ষার্থীদের কল্যাণ ও বিশ্ববিদ্যালয়ের উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই আমি কাজ করে যেতে চাই। ২৪ ঘণ্টা শিক্ষার্থীদের পাশে থাকার মতো সুযোগ আমার হাতে রয়েছে এবং আজ থেকেই আমি সে লক্ষ্য নিয়ে কাজ শুরু করবো। সকাল থেকে রাত, এমনকি ঘুমানোর আগ পর্যন্ত শিক্ষার্থীদের জন্য সর্বোচ্চ সেবা নিশ্চিত করার চেষ্টা থাকবে আমার।
তিনি আরও বলেন, আমার অভিজ্ঞতা, শ্রম ও আন্তরিকতার মাধ্যমে এ প্রতিষ্ঠানকে আরও এগিয়ে নিতে আমি সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবো। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন, খেলাধুলা, সাংস্কৃতিক কার্যক্রমসহ সকল সহশিক্ষা কার্যক্রমের উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করা হবে। নোবিপ্রবিকে দেশ ও বিদেশে একটি মর্যাদাপূর্ণ ও মানসম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত করতে আমরা দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে চাই।
উপাচার্য আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় শিক্ষার্থী, শিক্ষক, সাংবাদিক ও সংশ্লিষ্ট সকলের গঠনমূলক পরামর্শ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি সাংবাদিকদের কাছ থেকেও পরামর্শ চাইবো এবং পরামর্শের ভিত্তিতেই বিশ্ববিদ্যালয়ের সবাইকে সঙ্গে নিয়েই আমরা একটি আধুনিক, সমৃদ্ধ ও শিক্ষাবান্ধব নোবিপ্রবি গড়ে তুলতে চাই।
সভায় রিপোর্টার্স ইউনিটির সদস্যরা ক্যাম্পাস সাংবাদিকতার বিভিন্ন দিক, সংবাদ সংগ্রহে প্রতিবন্ধকতা এবং শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় তুলে ধরেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক কার্যক্রম দেশব্যাপী ছড়িয়ে দিতে আরও কার্যকর ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করেন।
আরও পড়ুন:



.jpg)




