জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস। বিশ্ববিদ্যালয়ের ৫১ ব্যাচের এক শিক্ষার্থীকে বহিরাগত এক ব্যক্তির দ্বারা ধর্ষণচেষ্টার অভিযোগের ঘটনায় প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম–এর পদত্যাগ দাবিতে বুধবার (১৩ মে) রাতে বিক্ষোভে ফেটে পড়েন শিক্ষার্থীরা।
রাত ১০টা ১০ মিনিটের দিকে ছাত্রী হল এলাকা থেকে সাধারণ নারী শিক্ষার্থীদের ব্যানারে একটি মশাল মিছিল বের হয়। পরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরাও এতে সংহতি জানিয়ে অংশ নেন। প্রত্যক্ষদর্শীদের মতে, মিছিলে দুই হাজারের বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুরাতন রেজিস্ট্রার ভবনের সামনে গিয়ে শেষ হয়। পরে শিক্ষার্থীরা প্রক্টর অফিসের সামনে অবস্থান নেন এবং বিক্ষোভ সমাবেশ করেন।
এসময় শিক্ষার্থীদের ‘আমার সোনার বাংলায়, ধর্ষকের ঠাঁই নাই’, ‘ধর্ষকের কালো হাত, জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও’, ‘প্রক্টরের পদত্যাগ করতে হবে’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
বিক্ষোভকারী শিক্ষার্থীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ব্যর্থ হয়েছে। তারা দাবি করেন, বর্তমান প্রক্টরের দায়িত্বকালে ক্যাম্পাসে একাধিক গুরুতর ঘটনা ঘটলেও কার্যকর পদক্ষেপ দেখা যায়নি।
সমাবেশে এক শিক্ষার্থী বলেন, “এই প্রক্টরের মেয়াদকালে এখন পর্যন্ত দুটি খুন হয়েছে। তারপরও তিনি পদে বহাল আছেন। ৫১ ব্যাচের শিক্ষার্থীর সঙ্গে যা হয়েছে, তার পর আমরা আর তাকে এই পদে দেখতে চাই না।”
পরে শিক্ষার্থীরা পুরাতন রেজিস্ট্রার ভবন ঘেরাও করে ধর্ষণচেষ্টার ঘটনায় জড়িত ব্যক্তির দৃশ্যমান বিচার নিশ্চিত করতে প্রশাসনকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেন। একই সঙ্গে তারা অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
উল্লেখ্য, ধর্ষণচেষ্টার অভিযোগের প্রতিবাদে বুধবার রাত ১০টায় সাধারণ নারী শিক্ষার্থীদের উদ্যোগে এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। পরে এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সাধারণ শিক্ষার্থীরাও ব্যাপকভাবে অংশগ্রহণ করেন।
আরও পড়ুন:








