জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।
রবিবার দুপুর ২টার দিকে এ ফল প্রকাশ করা হয়। ভর্তিচ্ছু শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট এবং মোবাইল ফোনে এসএমএস পাঠিয়ে ফল জানতে পারবেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ বলেন, পরীক্ষার মাত্র সাত দিনের মধ্যেই ফল প্রকাশ করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে প্রথম মেধাতালিকা থেকে ভর্তিপ্রক্রিয়া শুরু করা হবে।
ভর্তিচ্ছু শিক্ষার্থীরা দুইভাবে ফলাফল জানতে পারবেন। মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফল জানতে ম্যাসেজ অপশনে গিয়ে NU <space> ATHN <space> Roll No লিখে 16222 নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল জানানো হবে।
এ ছাড়া ভর্তিবিষয়ক ওয়েবসাইট http://app11.nu.edu.bd/ এ প্রবেশ করে ফল দেখা যাবে। এ জন্য প্রথমে সাইটে গিয়ে সাইন ইন পৃষ্ঠায় পিন নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। এরপর ড্যাশবোর্ডে ‘ফলাফল’ অপশন নির্বাচন করলে ফলাফল দেখা যাবে। সেখান থেকে ফলাফলের শিট ডাউনলোড বা প্রিন্টও করা যাবে।
প্রকাশিত ফলে প্রথম মেধাতালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে চূড়ান্ত ভর্তির ফরম পূরণ করতে হবে। এরপর ১ হাজার ১৩০ টাকা রেজিস্ট্রেশন ফি পরিশোধ করতে হবে। নির্বাচিত কলেজে চূড়ান্ত ভর্তি ফরম, মার্কসশিট ও ছবি জমা দিয়ে ভর্তি সম্পন্ন করতে হবে।
গত ২৫ এপ্রিল সারা দেশের ১৩৮টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশ নিতে আবেদন করেন ৪ লাখ ৫৩ হাজার ১৪৮ জন ভর্তিচ্ছু।
অন্যদিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩১টি বিভাগে ৮৮০টি কলেজে প্রথম বর্ষে শূন্য আসন রয়েছে ৪ লাখ ৫২ হাজার ৮৭৫টি। ফলে আসনসংখ্যা ও ভর্তিচ্ছুর সংখ্যা প্রায় সমান।
তবে সরকারি ও বেসরকারি কলেজে পৃথকভাবে ভর্তির আবেদন নেয়ায় বাস্তবে সেই ভারসাম্য থাকছে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সরকারি কলেজে আসন তুলনামূলক কম হলেও আবেদন জমা পড়েছে বেসরকারি কলেজের তুলনায় প্রায় চারগুণ। এতে করে উল্লেখযোগ্যসংখ্যক শিক্ষার্থী ভর্তির সুযোগ থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা রয়েছে।
আরও পড়ুন:






.jpg)

