শনিবার

২৫ এপ্রিল, ২০২৬ ১২ বৈশাখ, ১৪৩৩

২০২৭ সালের এসএসসি পরীক্ষা চলতি বছরের ডিসেম্বরে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ এপ্রিল, ২০২৬ ১৮:০৬

শেয়ার

২০২৭ সালের এসএসসি পরীক্ষা চলতি বছরের ডিসেম্বরে
ছবি সংগৃহীত

২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষা চলতি বছরের ডিসেম্বর মাসে আয়োজনের পরিকল্পনার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. এ এন এম এহছানুল হক মিলন। সেশনজট নিরসন এবং শিক্ষাব্যবস্থাকে স্বাভাবিক ধারায় ফিরিয়ে আনতেই এ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে তিনি জানান। শনিবার দুপুরে সচিবালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য দেন তিনি।

সচিবালয়ে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বদলি নীতিমালা সংক্রান্ত বৈঠক শেষে শিক্ষামন্ত্রী বলেন, সিদ্ধান্তটি বাস্তবায়িত হলে এসএসসি পরীক্ষা প্রায় চার মাস এগিয়ে আসবে। একই সঙ্গে এইচএসসি পরীক্ষার সময়সূচিও এগিয়ে আনার পরিকল্পনা রয়েছে, যদিও নির্দিষ্ট তারিখ এখনো চূড়ান্ত হয়নি।

তিনি উল্লেখ করেন, করোনা মহামারি-পরবর্তী পরিস্থিতি এবং রাজনৈতিক অস্থিরতার কারণে দেশের শিক্ষাব্যবস্থায় পরীক্ষার সময়সূচি বিঘ্নিত হয়। এতে শিক্ষার্থীদের মধ্যে সেশনজট তৈরি হয়, যা দূর করতে সরকার সমন্বিত পদক্ষেপ নিয়েছে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, শিক্ষাবর্ষকে নিয়মিত ধারায় ফেরাতে ধাপে ধাপে পরীক্ষার সময়সূচি পুনর্গঠন করা হচ্ছে। সংশ্লিষ্ট দপ্তরগুলো এ বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে।

শিক্ষা সংশ্লিষ্ট বিশ্লেষকদের মতে, সময়সূচি এগিয়ে আনার উদ্যোগ বাস্তবায়িত হলে শিক্ষার্থীদের শিক্ষাজীবনে স্থিতিশীলতা ফিরতে পারে। তবে কার্যকর বাস্তবায়নের জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পাঠদান কার্যক্রম নির্ধারিত সময়সূচি অনুযায়ী সম্পন্ন করা জরুরি বলে তারা মনে করেন।

সরকারের এই উদ্যোগ সফল হলে ভবিষ্যতে এসএসসি ও এইচএসসি পরীক্ষা পূর্বনির্ধারিত সময়সূচিতে নিয়মিতভাবে আয়োজন করা সম্ভব হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।



banner close
banner close