বিদ্যুৎ সংকটের কারণে সিরাজগঞ্জের এনায়েতপুরে অবস্থিত খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার দুপুর ১টা থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, চলমান বিদ্যুৎ ঘাটতির কারণে স্বাভাবিক একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয় আগামী শনিবার ২৫ এপ্রিল পর্যন্ত এবং খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ বৃহস্পতিবার ২৩ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে।
খাজা ইউনুস আলী মেডিকেল কলেজের অফিস সুপারিনটেনডেন্ট আশিকুর রহমান জানান, বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটায় বুধবার দুপুর ১টা থেকে কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে এবং বৃহস্পতিবারও বন্ধ থাকবে। শুক্রবার পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার আহসানুল্লাহ হাবীব জানান, একই কারণে বুধবার দুপুর ১টা থেকে শনিবার পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রতিষ্ঠান কর্তৃপক্ষের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি সাপেক্ষে পরবর্তী কার্যক্রম চালুর বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।
আরও পড়ুন:








