সোমবার

২০ এপ্রিল, ২০২৬ ৭ বৈশাখ, ১৪৩৩

কাল থেকে শুরু এসএসসি পরীক্ষা, মানতে হবে ১৪ নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ এপ্রিল, ২০২৬ ১০:৪৪

শেয়ার

কাল থেকে শুরু এসএসসি পরীক্ষা, মানতে হবে ১৪ নির্দেশনা
ফাইল ছবি

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা আগামীকাল মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে শুরু হচ্ছে। চলবে ২০ মে পর্যন্ত। রুটিন অনুযায়ী প্রথম দিন বাংলা বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১০টায় পরীক্ষা শুরু হবে।

পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে শিক্ষার্থীদের জন্য ১৪টি বিশেষ নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ। এগুলো যথাযথভাবে মেনে চলতে বলা হয়েছে পরীক্ষার্থীদের।

পরীক্ষার্থীদের জন্য নির্দেশনাগুলো হলো—

১. পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে পরীক্ষাকক্ষে আসন গ্রহণ করতে হবে।

২. প্রশ্নপত্রে উল্লেখিত সময় অনুযায়ী পরীক্ষা দিতে হবে।

৩. প্রথমে বহুনির্বাচনী (এমসিকিউ) এবং পরে সৃজনশীল/রচনামূলক পরীক্ষা হবে; এর মধ্যে কোনো বিরতি থাকবে না।

৪. প্রবেশপত্র পরীক্ষা শুরুর কমপক্ষে সাত দিন আগে প্রতিষ্ঠানপ্রধানের কাছ থেকে সংগ্রহ করতে হবে।

৫. শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান, খেলাধুলা ও ক্যারিয়ার শিক্ষা বিষয়ের নম্বর ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে নির্ধারিত হয়ে বোর্ডে অনলাইনে পাঠানো হবে।

৬. ওএমআর ফরমে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর ও বিষয় কোড সঠিকভাবে লিখে বৃত্ত ভরাট করতে হবে; উত্তরপত্র ভাঁজ করা যাবে না।

৭. বহুনির্বাচনী, সৃজনশীল ও ব্যবহারিক—প্রতিটি অংশে পৃথকভাবে পাস করতে হবে।

৮. নিবন্ধনপত্রে উল্লেখিত বিষয় ছাড়া অন্য কোনো বিষয়ে পরীক্ষা দেওয়া যাবে না।

৯. প্রবেশপত্র সময়মতো বিতরণ নিশ্চিত করতে হবে; এ ক্ষেত্রে কোনো জটিলতা হলে প্রতিষ্ঠানপ্রধান দায়ী থাকবেন।

১০. শিক্ষা বোর্ড অনুমোদিত ক্যালকুলেটর ব্যবহার করা যাবে।

১১. কেন্দ্রসচিব ছাড়া অন্য কেউ পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন আনতে বা ব্যবহার করতে পারবে না।

১২. সব ধরনের পরীক্ষায় একই উপস্থিতিপত্র ব্যবহার করতে হবে।

১৩. ব্যবহারিক পরীক্ষা নিজ নিজ কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

১৪. ফল প্রকাশের সাত দিনের মধ্যে পুনঃনিরীক্ষণের জন্য অনলাইনে আবেদন করতে হবে; এ সংক্রান্ত বিস্তারিত শিক্ষা বোর্ডের ওয়েবসাইট ও দৈনিক পত্রিকায় জানানো হবে।

কর্তৃপক্ষ বলছে, এসব নির্দেশনা মেনে চললে পরীক্ষা সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করা সম্ভব হবে।



banner close
banner close