বুধবার

১৫ এপ্রিল, ২০২৬ ২ বৈশাখ, ১৪৩৩

সারা দেশে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু আজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ এপ্রিল, ২০২৬ ০৭:৪২

শেয়ার

সারা দেশে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু আজ
ফাইল ছবি

সারা দেশে আজ বুধবার সকাল ১০টা থেকে শুরু হয়েছে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষা। প্রথম দিনে বাংলা বিষয়ের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হওয়া এ কার্যক্রম দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত চলে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, পরীক্ষাটি চারটি বিষয়ে ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হবে। নির্ধারিত সূচি অনুযায়ী ১৬ এপ্রিল ইংরেজি, ১৭ এপ্রিল প্রাথমিক গণিত এবং ১৮ এপ্রিল বাংলাদেশ ও বিশ্বপরিচয় ও প্রাথমিক বিজ্ঞান বিষয়ের পরীক্ষা নেওয়া হবে। প্রতিটি পরীক্ষা সকাল ১০টায় শুরু হয়ে আড়াই ঘণ্টা স্থায়ী হবে।

এর আগে গত ৫ মার্চ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় পরীক্ষার সময়সূচি অনুমোদন করা হয়। পরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বিস্তারিত সূচি প্রকাশ করে।

তবে দেশের তিন পার্বত্য জেলা রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে ভিন্ন সময়সূচিতে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, এসব জেলায় ১৭ এপ্রিল প্রাথমিক গণিত পরীক্ষার মাধ্যমে পরীক্ষা শুরু হবে। পরবর্তী দিনগুলোতে ১৮ এপ্রিল বাংলাদেশ ও বিশ্বপরিচয় ও প্রাথমিক বিজ্ঞান, ১৯ এপ্রিল বাংলা এবং ২০ এপ্রিল ইংরেজি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়ে বৃত্তি পরীক্ষা শেষ হবে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থীদের জন্য নির্ধারিত সময়ের অতিরিক্ত ৩০ মিনিট সময় বরাদ্দ রাখা হয়েছে। সার্বিকভাবে পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।



banner close
banner close