বুধবার

১৫ এপ্রিল, ২০২৬ ১ বৈশাখ, ১৪৩৩

শিক্ষকদের উৎসব ভাতা দ্বিগুণের আশ্বাস শিক্ষামন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ এপ্রিল, ২০২৬ ২১:৪৭

শেয়ার

শিক্ষকদের উৎসব ভাতা দ্বিগুণের আশ্বাস শিক্ষামন্ত্রীর
ফাইল ছবি

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের মূল বেতনের ৫০ শতাংশ উৎসব ভাতা শতভাগে উন্নীত করার আশ্বাস পুনর্ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

মঙ্গলবার ১৪ এপ্রিল এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম উপস্থিত ছিলেন।

শিক্ষামন্ত্রী বলেন, পূর্ববর্তী সময়ে উৎসব ভাতা ২৫ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করা হয়েছিল। এখন এটিকে ১০০ শতাংশে উন্নীত করা সরকারের দায়িত্ব।

তিনি আরও বলেন, দেশের শিক্ষাব্যবস্থার উন্নয়ন এবং শিক্ষকদের মর্যাদা বৃদ্ধি সরকারের অন্যতম অগ্রাধিকার। অতীতে বিভিন্ন সরকার শিক্ষকদের জন্য নানা উদ্যোগ নিলেও তা পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত হয়নি। বর্তমান সরকার সেই ধারাবাহিকতায় উৎসব ভাতা আরও বাড়ানোর পরিকল্পনা নিয়েছে।

শিক্ষামন্ত্রী জানান, শিক্ষা খাতে বিদ্যমান সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধান করা হবে। শিক্ষার্থীদের মানবিক ও শিক্ষিত নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের আর্থিক ও পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।

তিনি কৃষি উন্নয়নসহ অতীতের বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগের কথা উল্লেখ করে বলেন, কৃষি, শিক্ষা ও স্বাস্থ্য এই তিন খাতকে সমন্বিতভাবে এগিয়ে নিতে সরকার কাজ করে যাচ্ছে। পাশাপাশি কৃষকদের মর্যাদা ও অধিকার নিশ্চিত করতে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে।

শিক্ষামন্ত্রী আশা প্রকাশ করে বলেন, সরকারের চলমান উদ্যোগের মাধ্যমে শিক্ষাব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে এবং শিক্ষকদের দীর্ঘদিনের দাবিগুলো ধীরে ধীরে বাস্তবায়িত হবে।



banner close
banner close