মঙ্গলবার

২৫ আগস্ট, ২০২৬ ১০ ভাদ্র, ১৪৩৩

অনলাইন-অফলাইন মিলিয়ে নতুন ক্লাস সূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ এপ্রিল, ২০২৬ ১৪:০৫

শেয়ার

অনলাইন-অফলাইন মিলিয়ে নতুন ক্লাস সূচি ঘোষণা
ফাইল ছবি

শিক্ষার্থীদের জন্য অনলাইন ও অফলাইন ক্লাসের সমন্বয়ে নতুন সময়সূচি নির্ধারণের কথা জানিয়েছেন আ ন ম এহছানুল হক মিলন। রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, সপ্তাহের তিন দিন—রবিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার—অনলাইনে ক্লাস অনুষ্ঠিত হবে। অপরদিকে শনিবার, সোমবার ও বুধবার শিক্ষার্থীরা সরাসরি বিদ্যালয়ে উপস্থিত হয়ে অফলাইন ক্লাসে অংশ নেবে।

রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট-এ আয়োজিত এ সংবাদ সম্মেলনে তিনি জানান, প্রাথমিকভাবে মহানগর ও মেট্রোপলিটন এলাকার কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাস চালু করা হবে। আগামী সোমবার থেকে এই সিদ্ধান্ত বাস্তবায়ন শুরু হবে।

মন্ত্রী আরও বলেন, শিক্ষকরা বিদ্যালয়ে উপস্থিত হয়েই অনলাইন ক্লাস পরিচালনা করবেন। তবে সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য এ ব্যবস্থা বাধ্যতামূলক করা হচ্ছে না বলেও তিনি স্পষ্ট করেন।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন। শিক্ষামন্ত্রী জোর দিয়ে বলেন, এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না, যাতে শিক্ষাব্যবস্থায় অস্থিরতা সৃষ্টি হয়।