রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার রায় ঘোষণা করা হবে বৃহস্পতিবার (৯ এপ্রিল)। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ রায় দেবেন।
২০২৪ সালের ১৬ জুলাই রংপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হন আবু সাঈদ। তিনি ওই আন্দোলনের প্রথম শহীদ হিসেবে পরিচিত হন। তার মৃত্যুকে কেন্দ্র করে আন্দোলন দেশজুড়ে তীব্র আকার ধারণ করে। পরবর্তীতে সেই আন্দোলনের ধারাবাহিকতায় রাজনৈতিক পরিস্থিতিতে বড় পরিবর্তন ঘটে এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগ করেন।
মামলার নথি অনুযায়ী, আবু সাঈদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মোট ৩০ জনকে আসামি করা হয়। এর মধ্যে বেরোবির ভিসি হাসিবুর রশীদসহ ২৪ জন পলাতক রয়েছেন। বর্তমানে ছয়জন আসামি গ্রেফতার অবস্থায় আছেন। তারা হলেন—এএসআই আমির হোসেন, সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, কনস্টেবল সুজন চন্দ্র রায়, ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী, রাফিউল হাসান রাসেল ও আনোয়ার পারভেজ।
২০২৫ সালের ২৪ জুন মামলার তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালের প্রসিকিউশনে জমা দেয় তদন্ত সংস্থা। একই বছরের ৩০ জুন ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নেয় এবং ৬ আগস্ট ৩০ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়। এরপর ২৭ আগস্ট সূচনা বক্তব্যের মাধ্যমে বিচার কার্যক্রম শুরু হয়।
মামলাটিতে মোট ২৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। সাক্ষীদের মধ্যে প্রত্যক্ষদর্শী, সাংবাদিক, চিকিৎসক, পুলিশ সদস্য এবং বিভিন্ন বিশেষজ্ঞ রয়েছেন।
আরও পড়ুন:








