মঙ্গলবার

৩১ মার্চ, ২০২৬ ১৬ চৈত্র, ১৪৩২

শিক্ষামন্ত্রণালয়ের নাম ব্যবহার করে কুবি প্রশাসনকে হুমকি দেওয়ার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

কুবি প্রতিনিধি

প্রকাশিত: ৩০ মার্চ, ২০২৬ ২২:৩৮

শেয়ার

শিক্ষামন্ত্রণালয়ের নাম ব্যবহার করে কুবি প্রশাসনকে হুমকি দেওয়ার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে
ছবি সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রশাসনের কর্মকাণ্ড ও সিন্ডিকেট সভা বন্ধ রাখতে শিক্ষা মন্ত্রণালয়ের নামে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে শাখা ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান শুভ ও তাঁর অনুসারীদের বিরুদ্ধে। সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, রেজিস্ট্রার ও উপাচার্যের দপ্তরে গিয়ে তাঁরা এ হুমকি দেন বলে প্রশাসনের একাধিক কর্মকর্তা জানিয়েছেন।

প্রক্টর অধ্যাপক ড. আব্দুল হাকিম জানান, সোমবার দুপুরে মোস্তাফিজুর রহমান শুভসহ কয়েকজন তাঁর দপ্তরে এসে সব ধরনের প্রশাসনিক কার্যক্রম বন্ধ রাখতে বলেন এবং হুমকি দেন। রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. আনোয়ার হোসেন জানান, ছাত্রদলের কয়েকজন শিক্ষা মন্ত্রণালয়ের নাম উল্লেখ করে তাঁকে হুমকি দেন, যাতে সিন্ডিকেট সভার আয়োজন না করা হয়। তিনি আরও জানান, শিক্ষা মন্ত্রণালয় থেকে এ বিষয়ে কোনো অফিসিয়াল নোটিশ পাওয়া যায়নি।

উপাচার্য অধ্যাপক ড. হায়দার আলী জানান, চার-পাঁচজন ছাত্রদলকর্মী তাঁর দপ্তরে এসে সিন্ডিকেট সভা ও আপগ্রেডেশন বোর্ড বন্ধ রাখার কথা বলেন।

অভিযোগ অস্বীকার করে কুবি শাখা ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান শুভ জানান, তিনি এসব কথা বলেননি এবং এ ঘটনার সঙ্গে তাঁরা জড়িত নন। ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন জানান, বিষয়টি সম্পর্কে তিনি জানেন না এবং ক্যাম্পাসে না থাকায় যাঁরা গেছেন তাঁদের সঙ্গে কথা বলে পরে বলতে পারবেন।

প্রশাসনের সূত্র জানায়, বিএনপি সরকার গঠনের পরপরই কুবি ছাত্রদলের একাংশের নেতারা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কয়েক দফায় পদত্যাগের চাপ এবং প্রশাসনিক কার্যক্রম স্থগিতের জন্য ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেন বলে অভিযোগ রয়েছে।



banner close
banner close