মঙ্গলবার

২৪ মার্চ, ২০২৬ ১০ চৈত্র, ১৪৩২

রমজানের ছুটির পর টানা ১০ শনিবার খোলা থাকবে প্রাথমিক বিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ মার্চ, ২০২৬ ১৯:০৮

শেয়ার

রমজানের ছুটির পর টানা ১০ শনিবার খোলা থাকবে প্রাথমিক বিদ্যালয়
ফাইল ছবি

রমজান মাসের ছুটি শেষে শ্রেণি কার্যক্রম পুনরায় শুরু হলে টানা ১০টি শনিবার সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলা রাখার নির্দেশনা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক (প্রাক-প্রাথমিক ও একীভূত শিক্ষা) মো. জয়নাল আবেদীন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়েছে, রমজানজুড়ে বিদ্যালয় বন্ধ থাকায় পাঠদানে যে ঘাটতি তৈরি হয়েছে, তা পূরণে ছুটি শেষে শ্রেণি কার্যক্রম শুরুর পরবর্তী ১০টি শনিবার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে নিয়মিত পাঠদান চালু রাখতে হবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের অনুরোধ করা হয়েছে।

এ বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান জানান, নির্ধারিত পাঠপরিকল্পনা সময়মতো শেষ করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

উল্লেখ্য, দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ঈদুল ফিতর উপলক্ষে গত ৮ মার্চ থেকে ছুটি শুরু হয়। ছুটি শেষে আগামী ২৯ মার্চ থেকে পুনরায় শ্রেণি কার্যক্রম চালু হওয়ার কথা রয়েছে।



banner close
banner close