সোমবার

১৮ মে, ২০২৬ ৪ জ্যৈষ্ঠ, ১৪৩৩

জকসু নির্বাচন ছয় জানুয়ারি, সব শিক্ষক-কর্মকর্তাদের কর্মস্থলে থাকার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১ জানুয়ারি, ২০২৬ ১৯:৩৭

শেয়ার

জকসু নির্বাচন ছয় জানুয়ারি, সব শিক্ষক-কর্মকর্তাদের কর্মস্থলে থাকার নির্দেশ
ছবি: সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের নতুন তারিখ ইতোমধ্যে ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগামী ৬ জানুয়ারি এই নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য কর্মস্থলে উপস্থিতিসহ বিশেষ নির্দেশনা জারি করেছে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেয়া হয়।

প্রশাসনের পক্ষ থেকে দেয়া নির্দেশনায় বলা হয়, আগামী ৬ জানুয়ারি ২০২৬ তারিখে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। জকসু নির্বাচনের প্রস্তুতির লক্ষ্যে আগামী ৪ থেকে ৬ জানুয়ারি পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীকে কর্মস্থলে উপস্থিত থাকতে হবে। এই সময়ে কোনো ধরনের ছুটির আবেদন না করার জন্য বলা হয়েছে। এ ছাড়া উক্ত তিন দিন বিশ্ববিদ্যালয়ের কোনো ইনস্টিটিউট ও বিভাগের শিক্ষা সফরের সময়সূচি না রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

এতে আরও জানানো হয়, সব অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, বিভাগের চেয়ারম্যান ও দপ্তর প্রধানদের এই বিষয়টি নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে প্রতিটি বিভাগ ও দপ্তরের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতেই এই উদ্যোগ নেয়া হয়েছে।

উল্লেখ্য, পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী গত ৩০ ডিসেম্বর জকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর কারণে উদ্ভূত পরিস্থিতিতে নির্বাচন পিছিয়ে ৬ জানুয়ারি নতুন তারিখ নির্ধারণ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।



banner close
banner close