বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ধানমন্ডির গ্যালারি চিত্রকে উদ্বোধন হলো ‘ষোল রং, সিক্সটিন শেডস অব দ্য সিক্সটিনথ ব্যাচ’ শিরোনামের দলীয় শিল্প প্রদর্শনী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ১৬তম ব্যাচের ৩২ জন শিল্পীর ৬০টি চিত্রকর্ম নিয়ে সাজানো এই আয়োজন চলবে ১৫ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরেণ্য চিত্রশিল্পী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সাবেক শিক্ষক, আর্ট বাংলা ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ ইউনুস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মঈনুদ্দীন খালেদ এবং গ্যালারি চিত্রকের নির্বাহী পরিচালক মো. মনিরুজ্জামান।
কিউরেটর রাজিব আহমেদ জানান, ‘ষোল রঙ’ হচ্ছে শিল্পীজীবনের পুনর্মিলন ও পরিচয়ের পুনরাবিষ্কার, বহুদিন পরও শিল্পীরা তাদের সৃজনশীলতার নতুন আলিঙ্গনকে এই প্রদর্শনীতে তুলে ধরেছেন। ব্যাচটির বহুমাত্রিক দৃষ্টিভঙ্গি ও অনুভূতির প্রতিফলন হিসেবেই নামকরণ ‘সিক্সটিন শেডস’।
বিশেষ অতিথি মনিরুজ্জামান বলেন, প্রদর্শনীর কোনো বিকল্প নেই। দর্শক কম হলেও একজন প্রকৃত দর্শক শিল্পকর্মের মূল্য খুঁজে নেবেই। এ ধরনের আয়োজন শিল্পচর্চার জন্য অত্যন্ত প্রয়োজনীয়।
অধ্যাপক মঈনুদ্দীন খালেদ জানান, অংশগ্রহণকারী ৩২ জন শিল্পীর মধ্যে ২১ জন নারী, যারা গৃহস্থালির ব্যস্ততার মধ্যেও শিল্পচর্চা ধরে রেখেছেন, যা অত্যন্ত ইতিবাচক। তিনি বলেন, সহজ বিষয় ও মানবিক অনুষঙ্গের কাজগুলো দর্শকের সঙ্গে সহজে সংযোগ স্থাপন করবে।
প্রধান অতিথি অধ্যাপক মোহাম্মদ ইউনুস শিল্পীদের দীর্ঘ বিরতির পর একত্রিত হয়ে প্রদর্শনী করার উদ্যোগকে সাধুবাদ জানান। তিনি বলেন, ‘তোমাদের একটিই পরিচয়, তোমরা শিল্পী। চর্চা না থাকলে পিছিয়ে যেতে হয়।’
তিনি ভবিষ্যতে ৩২ জন শিল্পীর একক প্রদর্শনী দেখার প্রত্যাশাও ব্যক্ত করেন।
প্রদর্শনীতে ১৬তম ব্যাচের প্রয়াত শিল্পী জুলকারনাইন আশজাদির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। রেখাচিত্র, পেইন্টিং, প্রিন্টমেকিং, ভাস্কর্য, জলরং, সিরামিক ও কারুশিল্পে শিল্পীরা স্মৃতি, প্রকৃতি, নগরজীবন, পরিচয় ও আবেগের বিভিন্ন স্তরকে সমকালীন রীতিতে প্রকাশ করেছেন।
প্রতিদিন সকাল ১১টা থেকে রাত আটটা পর্যন্ত গ্যালারি চিত্রকে প্রদর্শনীটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
আরও পড়ুন:


.jpg)





