মঙ্গলবার

২৫ আগস্ট, ২০২৬ ১০ ভাদ্র, ১৪৩৩

বইমেলা কবে, যা জানালো বাংলা একাডেমি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩ নভেম্বর, ২০২৫ ০৯:৪৬

আপডেট: ৩ নভেম্বর, ২০২৫ ০৯:৪৯

শেয়ার

বইমেলা কবে, যা জানালো বাংলা একাডেমি
ছবি: সংগৃহীত

আসছে বছরের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের পরই অমর একুশে বইমেলা শুরু হবে বলে সিদ্ধান্ত নিয়েছে বাংলা একাডেমি। তবে কবে শুরু হবে, সেই দিনক্ষণ এখন জানা যায়নি।

রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির প্রতিনিধিদলের সঙ্গে বাংলা একাডেমির মহাপরিচালকের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

বাংলা একাডেমি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সংসদ নির্বাচনের তারিখ ঘোষণার পর বইমেলারও তারিখ ঘোষণা করা হবে।

এতে আরও বলা হয়, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি কয়েকটি সম্ভাব্য সময়ের কথা বলে। রাষ্ট্রের নিরাপত্তা বিষয়ক সংস্থার পরামর্শও পর্যালোচনা করা হয়। এর মধ্যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পরপর ফেব্রুয়ারি মাসেই মেলা আয়োজনের প্রস্তাব সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাস্তবসম্মত বলে গৃহীত হয়। সভায় সিদ্ধান্ত হয়, নির্বাচনের তারিখ নির্দিষ্ট হওয়ার পরই মেলার তারিখ ঘোষণা করা হবে।

এছাড়া, অমর একুশে বইমেলা-২০২৬ আয়োজনের ব্যাপারে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট অন্যদের সঙ্গে বাংলা একাডেমি নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলছে বলেও এ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।