জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সহ-সভাপতি মোফাসসেল হোসেন শৈকত সংগঠনের অভ্যন্তরীণ অনিয়ম ও কার্যকর নেতৃত্বের অভাবে ক্ষুব্ধ হয়ে পদত্যাগ করেছেন।
বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে একটি বিস্তারিত পোস্টের মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানান তিনি।
ফেসবুক পোস্টে শৈকত লেখেন, 'একটি বিষয় স্পষ্ট করতে চাই, আমার সাথে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার কোনো অফিসিয়াল ইনভলভমেন্ট নেই। অনেক আগেই এ শাখার কার্যক্রম থেকে আমি ডিটেইচড হয়েছি।'
তিনি দাবি করেন, সংগঠনের কার্যক্রমে সুষ্ঠু নেতৃত্ব ও জবাবদিহিতার অভাব রয়েছে। নেতাদের মধ্যে ‘চেইন অব কমান্ড’ বা আনুগত্যের সঠিক চর্চা অনুপস্থিত, যা সংগঠনের ভবিষ্যতের জন্য হুমকিস্বরূপ।
শৈকতের লিখেন, 'ইসলামী সংগঠনের যেকোনো কাজ কনসালটেশন বেইজড হওয়ার কথা, কিন্তু যখন এককভাবে সিদ্ধান্ত নেওয়া হয় এবং অন্যদের মতামত নেওয়া হয় না, তখন সংকটে পাশে কাউকে পাওয়া যায় না। এটা সংগঠনের জন্য অশুভ।'
ব্যক্তিগত ও পারিবারিক কিছু সমস্যার পাশাপাশি আল্লাহর কাছে জবাবদিহিতার ভয়ও এই সিদ্ধান্তের পেছনে প্রভাব ফেলেছে বলে উল্লেখ করেন তিনি। 'দায়িত্ব গ্রহণের সময় যে শপথ পড়ানো হয়, তার যথাযথ প্রয়োগ আমার দ্বারা সম্ভব হয়নি,' — বলেন শৈকত।
সপ্তম শ্রেণি থেকে সংগঠনের সঙ্গে সম্পৃক্ত শৈকত দীর্ঘ সময় ধরে ওয়ার্ড, ইউনিয়ন, থানা পর্যায়ে বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ ২০২১ সেশনে তিনি থানার সেক্রেটারি হিসেবে দায়িত্বে ছিলেন।
পদত্যাগের ঘোষণা দিলেও তিনি জানিয়েছেন, সংগঠনের প্রতি তার আবেগ ও ভালোবাসা সবসময় থাকবে। 'ভবিষ্যতে জকসু নির্বাচন বা সংগঠনের কোনো পরিকল্পনা নিয়ে আমাকে প্রশ্ন না করে যারা সক্রিয় আছেন, তাদের জিজ্ঞাসা করুন,' — যোগ করেন তিনি।
ফেসবুক পোস্টের শেষাংশে সংগঠনের বর্তমান নেতৃত্বকে আত্মসমালোচনার আহ্বান জানিয়ে শৈকত লেখেন, 'সংগঠন সামনে এগিয়ে যাক, আরও শক্তিশালী হোক। ভুল আমাদের সবারই হতে পারে। কিন্তু ভুলগুলো রেক্টিফাই করতে পারলে ভবিষ্যৎ আরও সুন্দর হবে।'
আরও পড়ুন:



.jpg)



