ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রগুলোর সামনে প্রার্থীদের অতিরিক্ত প্রচারণায় ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা। লিফলেট বিতরণ করতে গিয়ে প্রার্থীরা প্রবেশমুখে কৃত্রিম ভিড় তৈরি করায় ভোটাররা বিরক্তি প্রকাশ করেছেন।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্র, কার্জন হল ও উদয়ন স্কুলসহ বিভিন্ন কেন্দ্রে এমন দৃশ্য দেখা যায়। লাইনে দাঁড়ানো ভোটারদের হাতে লিফলেট ধরিয়ে দেওয়ায় তারা সহজে কেন্দ্রে প্রবেশ করতে পারছিলেন না।
বিশ্ববিদ্যালয়ের আচরণবিধি অনুযায়ী ভোটকেন্দ্রের ১০০ মিটারের মধ্যে কোনো ধরনের প্রচারণা নিষিদ্ধ। এছাড়া, ৭ সেপ্টেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে সব ধরনের প্রচারণা বন্ধ ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। কিন্তু নির্বাচন কমিশনের এ নির্দেশ অমান্য করে প্রার্থীরা কেন্দ্রের সামনে প্রচারণা চালাচ্ছেন বলে অভিযোগ উঠেছে।
এ বিষয়ে ডাকসুর মানবসেবা সম্পাদক এ বি জোবায়ের শারীরিক শিক্ষা কেন্দ্রের সামনে প্রতিবাদ জানাতে গেলে ছাত্রদল ও গণতান্ত্রিক ছাত্রসংসদের কয়েকজন প্রার্থী তার দিকে তেড়ে আসেন এবং তাকে ‘মবস্টার’ আখ্যা দিয়ে সরে যেতে বাধ্য করেন। জোবায়ের অভিযোগ করেন, “ছাত্রদল এখানে কৃত্রিম জটলা তৈরি করে ভোটারদের হাতে ফুল প্যানেলের লিস্ট ধরিয়ে দিচ্ছে। আমি প্রতিবাদ করলে তারা আমার সঙ্গে বাকবিতণ্ডায় জড়ায়।”
অভিযোগের বিষয়ে সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও পর্যবেক্ষক সামিনা লুৎফাও অসন্তোষ প্রকাশ করে প্রার্থীদের আচরণের সমালোচনা করেন।
জহুরুল হক হলের প্রভোস্ট অধ্যাপক ড. ফারুক শাহ বলেন, “আমরা প্রার্থীদের সরিয়ে দিচ্ছি। জহুরুল হক হল ও সলিমুল্লাহ মুসলিম হলকে আলাদা করে দেওয়া হয়েছে। আশা করি আর এমন জটলা হবে না।”
আরও পড়ুন:



.jpg)




