ছয় বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন-২০২৫-এ ভোটগ্রহণ শুরু হয়েছে। মঙ্গলবার সকাল আটটা থেকে বিশ্ববিদ্যালয়ের আট কেন্দ্রে ৮১০টি বুথে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত চলবে এই ভোটগ্রহণ।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের তথ্য অনুযায়ী, এবার মোট ৩৯ হাজার ৭৭৫ জন শিক্ষার্থী ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন। এর মধ্যে ছাত্র ভোটার ২০ হাজার ৮৭৩ জন এবং ছাত্রী ভোটার ১৮ হাজার ৯০২ জন।
ভোটের শুরুতে বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে, সকাল থেকেই শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি রয়েছে। আবাসিক ও অনাবাসিক উভয় ক্যাম্পাসেই ভোটারদের দীর্ঘ লাইন লক্ষ্য করা গেছে।
নির্বাচনে ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ জন প্রার্থী। এর মধ্যে সহ-সভাপতি (ভিপি) পদে ৪৫ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে রয়েছেন ২৫ জন প্রার্থী। নারী প্রার্থী রয়েছেন ৬২ জন।
নির্বাচন ঘিরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি প্রক্টরিয়াল টিম, বিএনসিসি ও স্বেচ্ছাসেবক দলও দায়িত্ব পালন করছে।
প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মো. জসীম উদ্দিন জানিয়েছেন, ভোটগ্রহণ শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হচ্ছে। তিনি বলেন, “বিকেল ৪টার মধ্যে যারা কেন্দ্রে উপস্থিত থাকবেন, তারা সবাই ভোট দিতে পারবেন। কেউ ভোটার আইডি নকল করে ঢুকলে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
এবারের নির্বাচনে প্রথমবারের মতো দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ব্রেইল ব্যালটের ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি ভোট গণনার জন্য ব্যবহার করা হচ্ছে ওএমআর (Optical Mark Recognition) প্রযুক্তি। ভোট শেষে প্রতি কেন্দ্রে সরাসরি এলইডি স্ক্রিনে ফলাফল প্রদর্শন করা হবে।
নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব প্রবেশপথ বন্ধ রাখা হয়েছে এবং ক্যাম্পাসে প্রবেশের ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করা হয়েছে।
আরও পড়ুন:



.jpg)




