মঙ্গলবার

১৭ ফেব্রুয়ারি, ২০২৬ ৪ ফাল্গুন, ১৪৩২

জবির দুটি হল নির্মানে সেনাবাহিনীকে দায়িত্ব হস্তান্তর

জবি প্রতিবেদক

প্রকাশিত: ৪ সেপ্টেম্বর, ২০২৫ ১৯:৫৭

শেয়ার

জবির দুটি হল নির্মানে সেনাবাহিনীকে দায়িত্ব হস্তান্তর
ছবি: বাংলা এডিশন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দীর্ঘদিনের আবাসন সংকট নিরসনে শিক্ষার্থীদের জন্য নির্মাণাধীন বাণী ভবন ও ড. হাবিবুর রহমান ভবনের নির্মাণ দায়িত্ব বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোঃ রেজাউল করিম, পিএইচডি, এই দায়িত্ব ২৫ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়নের প্রকল্প পরিচালক লেফটেন্যান্ট কর্নেল ইফতেখার আলমের হাতে তুলে দেন।

উপাচার্য অধ্যাপক রেজাউল করিম বলেন, শিক্ষার্থীদের জন্য এই দুইটি আবাসন ভবন নির্মাণের এই পর্যায়ে পৌঁছাতে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সম্মিলিত প্রয়াস রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর আন্তরিক সহযোগিতায় আমরা এই ধাপে পৌঁছাতে পেরেছি। এটি পুরোপুরি সমাধান নয়, তবে শিক্ষার্থীদের আবাসন সমস্যার কিছুটা হলেও সুরাহা হবে। অস্থায়ী আবাসন নির্মাণের কাজও শুরু করা হবে।

বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন জানান, এই প্রকল্পের মাধ্যমে শিক্ষার্থীদের আবাসন সমস্যার সামান্যতম হলেও সমাধান হবে। সংশ্লিষ্ট সকলের পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতার মাধ্যমে এটি যথাযথ সময়ে সম্পন্ন হবে বলে আমরা আশাবাদী।

প্রকল্প পরিচালক লেফটেন্যান্ট কর্নেল ইফতেখার আলম বলেন, প্রকল্পটি নির্ধারিত সময়সীমার মধ্যে সম্পন্ন করার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে। আমরা কাজের গুণগত মান বজায় রেখে এটি সম্পন্ন করতে প্রতিশ্রুতিবদ্ধ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ শেখ গিয়াস উদ্দিন। দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জবি শিক্ষক সমিতির সভাপতি, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, পরীক্ষা নিয়ন্ত্রক, প্রক্টর, হলের প্রভোস্ট, বিভিন্ন দপ্তরের পরিচালক, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক এবং সেনাবাহিনীর কর্মকর্তা ও বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।



banner close
banner close