মঙ্গলবার

১৯ মে, ২০২৬ ৫ জ্যৈষ্ঠ, ১৪৩৩

গাজীপুরে সাংবাদিককে নৃশংস হত্যার প্রতিবাদে ইবিতে বিক্ষোভ

ইবি প্রতিনিধি

প্রকাশিত: ৮ আগস্ট, ২০২৫ ১১:২৮

শেয়ার

গাজীপুরে সাংবাদিককে নৃশংস হত্যার প্রতিবাদে ইবিতে বিক্ষোভ
ছবি সংগৃহীত

গাজীপুরে চাঁদাবাজ ও সন্ত্রাসী কর্তৃক সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের নৃশংস হত্যাকান্ডের প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মধ্যরাতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।

শুক্রবার (৮ আগস্ট) রাত সাড়ে ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। পরে মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

এ সময় শিক্ষার্থীরা ‘চাঁদাবাজদের ঠিকানা, এই বাংলায় হবে না’; ‘সাংবাদিক নিহত কেন, ইন্টেরিম জবাব দে’; ’ওয়ান টু থ্রি ফোর, চাঁদাবাজ নো মোর’; ‘সাঈদ ওয়াসিম মুগ্ধ, শেষ হয় নি যুদ্ধ ইত্যাদি স্লোগান দেয়।

উপস্থিত শিক্ষার্থীরা বলেন, এতো বড় বিপ্লবের পরেও প্রশাসন সুষ্ঠুভাবে কাজ করছে না। একের পর এক সন্ত্রাসী ও চাঁদাবাজদের কবলে পরে আমাদের ভাইরা জীবন হারাচ্ছে। প্রশাসন যদি সঠিকভাবে দায়িত্ব পালন করতে না পারে তাহলে আমি সাধারণ জনগণদের বলবো, আপনারা জবাব দিয়ে দিবেন যেভাবে ২৪'র গণঅভ্যুত্থানে আপনারা স্বৈরাচারদের জবাব দিয়েছিলেন। আপনারা বিপ্লব পরবর্তী সময়ে প্রশাসনকে সর্বদা সচল রাখতে ব্যর্থ হয়েছেন।

সংক্ষিপ্ত সমাবেশে আরবি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থী তানভীর মাহমুদ মন্ডল বলেন, চাঁদাবাজ ও মৃত্যু এ উপত্যকা আমার দেশ নয়। চব্বিশের গণঅভ্যুত্থানের পর সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরোধীতা করায় সাধারণ মানুষদের পাশাপাশি আজ সাংবাদিকদের উপরেও হামলা চালানো হচ্ছে। ইন্টেরিম সরকার যদি আইন বিভাগ ও বিচার বিভাগের দায়িত্ব সঠিকভাবে পালন করাতে না পারে তাহলে দায়িত্ব ছেড়ে দিক।

উল্লেখ্য, বৃহস্পতিবার (৭ আগস্ট) গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে (৩৮) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলা কেটে নৃশংসভাবে করে হত্যা করেছে সন্ত্রাসীরা।



banner close
banner close