মঙ্গলবার

১৯ মে, ২০২৬ ৫ জ্যৈষ্ঠ, ১৪৩৩

হাসিনা ভারতের সঙ্গে দাসত্বের চুক্তি করেছিল: শিক্ষা উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ জুলাই, ২০২৫ ২১:২৮

আপডেট: ৩০ জুলাই, ২০২৫ ২১:২৮

শেয়ার

হাসিনা ভারতের সঙ্গে দাসত্বের চুক্তি করেছিল: শিক্ষা উপদেষ্টা
ফাইল ছবি

শেখ হাসিনা ভারতের সঙ্গে দাসত্বের চুক্তি করেছিল বলে মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা প্রফেসর ড. চৌধুরী রফিকুল আবরার। তিনি বলেছেন, বিগত ১৭ বছর আমরা আমাদের নাগরিকত্ব একটি ফ্যাসিবাদি সরকারের কাছে সপে দিয়েছিলাম। যারা পার্শ্ববর্তী দেশের সাথে দাসত্বের চুক্তি করেছিল। আমরা কখনো ভাবিনি এর থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব হবে। জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে জাতি হিসেবে আমরা পুনর্জন্ম লাভ করেছি।

বুধবার সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ছাত্রদের উদ্দেশ্যে উপদেষ্টা বলেন, গুম, খুন, আয়নাঘর, বিচারহীনতার মধ্য দিয়ে চলছিল এই বাংলাদেশ। এর থেকে পরিত্রাণ তোমরাই দিয়েছো। ছাত্র-জনতার এই অর্জনকে ম্লান হতে দেয়া যাবে না। তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট রেজিম যে দাসত্বের সংস্কৃতি চালু করেছিল, আমরা সেখান থেকে বেরিয়ে এসেছি।

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দলীয় লেজুড় ভিত্তি থেকে বের হয়ে আসার আহবান জানিয়ে শিক্ষা উপদেষ্টা বলেন, বিগত ১৭ বছর ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার দলীয় বিবেচনায় শিক্ষক-কর্মকর্তা নিয়োগ দিয়ে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে ধ্বংস করেছে। এই সংস্কৃতির পরিবর্তন করতে হবে। মেধা বিবেচনায় নিয়োগ দিতে হবে।

সিকৃবির ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ সামিউল আহসান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. এ.টি.এম. মাহবুব-ই-ইলাহী।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডিন কাউন্সিলের আহবায়ক প্রফেসর ড. মো. নজরুল ইসলাম, প্রভোস্ট কাউন্সিলের আহবায়ক প্রফেসর ড. মোহাম্মদ কাওছার হোসেন, প্রক্টর প্রফেসর ড. জসিম উদ্দিন আহাম্মদ ও রেজিস্ট্রার (অ.দা) প্রফেসর ড. মো. আসাদ-উদ-দৌলা প্রমুখ।



banner close
banner close