শ্রমিক অসন্তোষ, উৎপাদন ব্যাহত হওয়া, জ্বালানি সংকট ও উৎপাদন ব্যয় বৃদ্ধির কারণে বাংলাদেশের তৈরি পোশাক খাতের প্রতিযোগিতা সক্ষমতা কমছে। এর প্রভাব পড়তে শুরু করেছে আন্তর্জাতিক বাজারে। চলতি নভেম্বরের প্রথম ১৮ দিনে বাংলাদেশ থেকে প্রায় ২৫ কোটি ৪০ লাখ ডলারের পোশাকের ক্রয়াদেশ এশিয়ার অন্য দেশগুলোতে সরিয়ে নিয়েছে আন্তর্জাতিক ব্র্যান্ডগুলো। এসব ক্রয়াদেশের বড় অংশ পেয়েছে প্রতিবেশী ভারত। এ পরিস্থিতিতে দেশের রপ্তানি আয়ের প্রধান খাতটি দীর্ঘমেয়াদি সংকটের মুখে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
শিল্পসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, মজুরি বৃদ্ধি, জ্বালানি সংকট ও রাজনৈতিক অনিশ্চয়তার কারণে বাংলাদেশে স্বল্প ব্যয়ে পোশাক উৎপাদনের যে সুবিধা ছিল, তা ক্রমেই কমছে। ফলে বৈশ্বিক ব্র্যান্ডগুলো বিকল্প উৎপাদনকারী দেশ খুঁজছে। খবর রয়টার্সের।
উৎপাদন ক্ষতি ৪০ কোটি ডলারের বেশি
তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএর তথ্য অনুযায়ী, সাম্প্রতিক শ্রমিক বিক্ষোভের কারণে এ খাতে ৪০ কোটি ডলারের বেশি উৎপাদন ক্ষতি হয়েছে। দেশের মোট রপ্তানি আয়ের ৮০ শতাংশের বেশি আসে তৈরি পোশাক খাত থেকে। উৎপাদন খাতের প্রায় ৪০ শতাংশ কর্মসংস্থানও এ শিল্পের ওপর নির্ভরশীল।
ক্রয়াদেশ স্থানান্তরের ঘটনায় সবচেয়ে বেশি লাভবান হয়েছে ভারত। তবে সরবরাহব্যবস্থার ঝুঁকি কমাতে এবং নির্ধারিত সময়ে পণ্য সরবরাহ নিশ্চিত করতে আন্তর্জাতিক ক্রেতারা ভিয়েতনাম, কম্বোডিয়া ও ইন্দোনেশিয়ার দিকেও ঝুঁকছেন বলে জানিয়েছেন শিল্পনেতারা।
গত বুধবার সরকার পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩৬ শতাংশ বাড়ানোর অনুমোদন দেয়। গত চার দশকের মধ্যে এটিই সর্বনিম্ন মজুরি বৃদ্ধির হার। ন্যূনতম মজুরি দ্বিগুণের বেশি করার দাবিতে আন্দোলনরত শ্রমিকেরা এ সিদ্ধান্ত প্রত্যাখ্যান করলে পুলিশের সঙ্গে নতুন করে সংঘর্ষ হয়।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আবদুর রহমান তরফদার মজুরি বৃদ্ধিকে সন্তোষজনক উল্লেখ করে শনিবার থেকে শ্রমিকেরা কাজে ফিরবেন বলে আশা প্রকাশ করেন। তবে মাঠপর্যায়ে অস্থিরতা পুরোপুরি কাটেনি।
শিল্পনেতাদের মতে, মজুরি বৃদ্ধির ফলে ভারতের তুলনায় বাংলাদেশের শ্রমব্যয় সাশ্রয়ের সুবিধা আরও কমে আসবে। অন্যদিকে শ্রমিক সংগঠনগুলোর দাবি, বৈশ্বিক পোশাকশিল্পের মানদণ্ডে এই মজুরি এখনো অনেক কম।
ভারতের দিকে ঝুঁকছেন আন্তর্জাতিক ক্রেতারা
আন্তর্জাতিক ক্রেতাদের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন কারখানার মালিক জানিয়েছেন, চলমান অস্থিরতার কারণে বৈশ্বিক ব্র্যান্ডগুলো বাংলাদেশ থেকে ক্রয়াদেশ সরিয়ে নিয়েছে। এসব ক্রয়াদেশের সিংহভাগই পেয়েছে ভারত।
এ বিষয়ে রয়টার্সের প্রশ্নের জবাব দিতে অস্বীকৃতি জানিয়েছে জারার মূল প্রতিষ্ঠান ইন্ডিটেক্স। এমঅ্যান্ডএস, এইচঅ্যান্ডএম ও সেলিও মন্তব্যের অনুরোধে কোনো সাড়া দেয়নি।
রয়টার্সের প্রতিবেদন প্রকাশের পর ভারতের বস্ত্র খাতের কয়েকটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে। দেশটির গোকলদাস এক্সপোর্টসের শেয়ারের দাম ১১ শতাংশ পর্যন্ত এবং ট্রাইডেন্টের শেয়ারের দাম প্রায় ৫ শতাংশ বেড়েছে। এ ছাড়া ওয়েলস্পান লিভিং, কেপিআর মিল ও বর্ধমান টেক্সটাইলের মতো সম্ভাব্য লাভবান প্রতিষ্ঠানগুলোর শেয়ারের দামও প্রায় ২ শতাংশ করে বৃদ্ধি পেয়েছে।
বিজিএমইএর পরিচালক এম মহিউদ্দিন চৌধুরী বলেন, মজুরি বৃদ্ধির পাশাপাশি গ্যাস, বিদ্যুৎ ও কাঁচামালের বাড়তি দাম উদ্যোক্তাদের ওপর বড় ধরনের চাপ তৈরি করেছে। এমন সময়ে মজুরি বাড়াতে হয়েছে, যখন ক্রেতারা পণ্যের দাম কমানোর চাপ দিচ্ছেন এবং প্রতিদ্বন্দ্বী দেশগুলোর সঙ্গে প্রতিযোগিতা আরও তীব্র হচ্ছে।
বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান নির্দিষ্ট কোনো ব্র্যান্ডের নাম উল্লেখ না করে জানান, সাময়িকভাবে কিছু ক্রয়াদেশ অন্য দেশে চলে যাওয়ায় একদিকে আর্থিক ক্ষতি কমছে, অন্যদিকে বৈশ্বিক ক্রেতাদের সঙ্গে সম্পর্ক ধরে রাখতেও তা সহায়তা করছে।
পণ্য সরবরাহে পিছিয়ে বাংলাদেশ
কারখানার মালিকদের বড় উদ্বেগ, একবার ক্রয়াদেশ অন্য দেশে চলে যাওয়ার পর ক্রেতারা নতুন উৎপাদন উৎস যাচাই করতে শুরু করলে ভবিষ্যতের ব্যবসাও হারাতে পারে বাংলাদেশ।
মধ্যপ্রাচ্য সংকটের কারণে দীর্ঘস্থায়ী জ্বালানি সংকট আরও প্রকট হয়েছে। এতে উৎপাদন ব্যাহত হচ্ছে এবং অনেক কারখানাকে ব্যয়বহুল বিকল্প জ্বালানির ওপর নির্ভর করতে হচ্ছে।
এম মহিউদ্দিন চৌধুরী জানান, সরবরাহকারী নির্বাচনের ক্ষেত্রে ক্রেতারা এখন পণ্যের দামের চেয়ে দ্রুত সরবরাহকে বেশি গুরুত্ব দিচ্ছেন। নির্ধারিত সময়ের মধ্যে পণ্য পৌঁছানোর চাপ থাকলে ব্র্যান্ডগুলোর কাছে দাম গৌণ হয়ে দাঁড়ায়।
তার তথ্যমতে, বাংলাদেশের তুলনায় ভারত প্রায় এক সপ্তাহ আগে এবং ভিয়েতনাম ও কম্বোডিয়া প্রায় ১৫ দিন আগে পণ্য সরবরাহ করতে পারে। প্রতিদ্বন্দ্বী দেশগুলো ৬০ থেকে ৯০ দিনের মধ্যে উৎপাদন ও সরবরাহ সম্পন্ন করতে পারলেও বাংলাদেশে সময় লাগে প্রায় ১২০ দিন।
চলমান অস্থিরতায় ঢাকা ও আশপাশের কারখানাগুলোতে আনুমানিক ২০ থেকে ২৫ কর্মদিবসের উৎপাদন ব্যাহত হয়েছে। এতে বড় ধরনের উৎপাদন জট বা ব্যাকলগ তৈরি হয়েছে। নির্ধারিত সময়ে পণ্য সরবরাহ করতে অনেক কারখানা এখন অতিরিক্ত সময় কাজ করানো এবং ব্যয়বহুল আকাশপথে পণ্য পাঠানোর কথা ভাবছে।
ইউরোপীয় ব্র্যান্ডগুলোতে পোশাক সরবরাহকারী একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক খান মনিরুল আলম জানান, অস্থিরতার কারণে নতুন ক্রয়াদেশ আসা বন্ধ হয়ে গেছে। গত ১ নভেম্বর থেকে তাঁর বেশির ভাগ ক্রেতা নতুন অর্ডার দেওয়া বন্ধ রেখেছেন। ক্রেতারা জানিয়েছেন, আগের অর্ডারগুলো সরিয়ে নেওয়া হয়েছে, স্থগিত করা হয়েছে অথবা বাতিল করে বিকল্প ব্যবস্থা করা হয়েছে।
দীর্ঘমেয়াদি ক্রয়াদেশ হারানোর আশঙ্কা
এর পাশাপাশি ভারত থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা নিয়ে তৈরি হওয়া রাজনৈতিক উত্তেজনাও নতুন করে অস্থিরতা সৃষ্টির আশঙ্কা বাড়িয়েছে।
শিল্পনেতারা মনে করছেন, আন্তর্জাতিক ক্রেতাদের ধরে রাখতে হলে দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং নিরবচ্ছিন্ন উৎপাদন নিশ্চিত করা জরুরি।
এম মহিউদ্দিন চৌধুরী সতর্ক করে বলেন, অস্থিরতার সুযোগে যেসব ক্রয়াদেশ অন্য দেশে চলে যাচ্ছে, পরিস্থিতি স্বাভাবিক হলেও সেগুলো আর ফিরে নাও আসতে পারে। সাময়িকভাবে ক্রয়াদেশ স্থানান্তরের সিদ্ধান্ত যেন দীর্ঘমেয়াদি সিদ্ধান্তে পরিণত না হয়, সে জন্য দ্রুত ক্রেতাদের আস্থা ফিরিয়ে আনা প্রয়োজন।
তাঁর মতে, বৈশ্বিক ব্র্যান্ডগুলোর হাতে বিকল্প উৎপাদন উৎস রয়েছে। বাংলাদেশে অস্থিরতা চলতে থাকলে ক্রেতারা অনির্দিষ্টকাল অপেক্ষা করবে না।
আরও পড়ুন:







