দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। এবার সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৫০ টাকা বাড়ানো হয়েছে। এর ফলে টানা দুই দফায় ২২ ক্যারেটের সোনার দাম ভরিতে বেড়েছে ২ হাজার ১০০ টাকা। নতুন দর অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম দাঁড়িয়েছে ১ লাখ ৯৮ হাজার ৯৩০ টাকা।
শুক্রবার (২৭ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে নতুন দাম নির্ধারণের কথা জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এদিন সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।
চার মানের সোনার নতুন দাম
বাজুসের নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৮ হাজার ৯৩০ টাকা।
এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ৯৯২ টাকা বাড়িয়ে ১ লাখ ৯০ হাজার ৭ টাকা, ১৮ ক্যারেটের দাম ৮৭৫ টাকা বাড়িয়ে ১ লাখ ৬৩ হাজার ২৩৮ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ৭০০ টাকা বাড়িয়ে ১ লাখ ৩৩ হাজার ২৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাজুস জানিয়েছে, নির্ধারিত বিক্রয়মূল্যের সঙ্গে সরকারি ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে। তাই গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে কোনো ভ্যাট আদায় করা যাবে না। তবে অলংকারের নকশা অনুযায়ী নির্ধারিত মজুরি দিতে হবে।
এক্সচেঞ্জ ও পুরোনো সোনা কেনার নিয়ম
বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মজুরি ও পাথরের দাম বাদ দিয়ে অলংকার এক্সচেঞ্জের ক্ষেত্রে ৯ শতাংশ এবং পুরোনো সোনা কেনার ক্ষেত্রে ১৫ শতাংশ বাদ দিতে হবে। তবে এসব ক্ষেত্রে আলাদাভাবে ভ্যাট বাদ দেওয়া যাবে না।
পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই মূল্য কার্যকর থাকবে।
দুই দিনে ভরিতে বাড়ল ২ হাজার ১০০ টাকা
এর আগের দিন বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সোনার দাম ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৫০ টাকা বাড়িয়েছিল বাজুস। ওই দিন ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ছিল ১ লাখ ৯৭ হাজার ৮৮০ টাকা। ২১ ক্যারেটের দাম ছিল ১ লাখ ৮৯ হাজার ১৫ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৬২ হাজার ৩৬৩ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ছিল ১ লাখ ৩২ হাজার ৩২৮ টাকা।
এর আগে ২৫ নভেম্বর প্রতি ভরি সোনার দাম ২ হাজার ৮৫৮ টাকা কমানো হয়েছিল। ২৪ নভেম্বর বাড়ানো হয় ১ হাজার ৫৭৫ টাকা এবং ২৩ নভেম্বর বাড়ানো হয়েছিল ৩ হাজার ১৪৯ টাকা। এর আগে টানা ৯ দফায় সোনার দাম সর্বোচ্চ ৩৪ হাজার ৭০০ টাকা কমানো হয়।
চলতি বছরে ১৪৭ বার দাম সমন্বয়
বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১৪৭ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৬৯ দফায় দাম বাড়ানো হয়েছে, ৭৭ দফায় কমানো হয়েছে এবং এক দফায় ভ্যাট সমন্বয় করা হয়েছে।
অন্যদিকে, ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার সোনার দাম সমন্বয় করেছিল বাজুস। ওই বছর ৬৪ বার দাম বাড়ানো হয়েছিল এবং ২৯ বার কমানো হয়েছিল।
আরও পড়ুন:







