শুক্রবার

২৭ নভেম্বর, ২০২৬ ১৩ অগ্রহায়ণ, ১৪৩৩

শুল্ক শুনানিতে অন্যায্য বিষয়গুলো তুলে ধরতে হবে: জাহিদ হোসেন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ নভেম্বর, ২০২৬ ০৮:১৪

শেয়ার

শুল্ক শুনানিতে অন্যায্য বিষয়গুলো তুলে ধরতে হবে: জাহিদ হোসেন
ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপের প্রস্তাবের বিরুদ্ধে আসন্ন শুনানিতে জোরালো ভূমিকা রাখার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন। তিনি বলেছেন, বাংলাদেশের ওপর শুল্ক বাড়ানোর পক্ষে যুক্তরাষ্ট্র যে কারণগুলো দেখিয়েছে, সেগুলোর অনেকটাই অযৌক্তিক। এসব অন্যায্য বিষয় তুলে ধরতে ভারত, ভিয়েতনাম ও কম্বোডিয়াসহ শুল্কের আওতায় আসা অন্য দেশগুলোর সঙ্গে যৌথ উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে মার্কিন রাজনীতিবিদদের মধ্যেও এ বিষয়ে জনমত গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর (ইউএসটিআর) গত বুধবার তাদের ওয়েবসাইটে বাংলাদেশসহ ১৩টি দেশ এবং ইউরোপীয় ইউনিয়নের ওপর নতুন করে বিভিন্ন হারে শুল্ক আরোপের প্রস্তাবসংক্রান্ত বিস্তারিত তথ্য প্রকাশ করে। কাঠামোগত অতিরিক্ত উৎপাদন সক্ষমতা, রপ্তানিতে সরকারি প্রণোদনা, চীন থেকে কাঁচামাল আমদানিতে নির্ভরতা এবং শ্রম অধিকার পরিস্থিতিকে এর কারণ হিসেবে উল্লেখ করেছে সংস্থাটি। বাংলাদেশের ক্ষেত্রে সর্বোচ্চ ১৮ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে।

খোড়া যুক্তি দেখিয়ে শুল্ক বাড়ানোর প্রস্তাব

অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন বলেন, মার্কিন শুল্ক আরোপের প্রস্তাব বিশ্লেষণ করলে দেখা যায়, মূলত বিশ্ব বাণিজ্যে চীনের আধিপত্য কমানোর লক্ষ্যেই নতুন এ উদ্যোগ নেওয়া হয়েছে। তৈরি পোশাকশিল্পে বাংলাদেশের পাশাপাশি ভিয়েতনাম, কম্বোডিয়াসহ প্রতিযোগী কয়েকটি দেশের ওপরও শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে।

তাঁর মতে, এখানে প্রতিযোগিতা সক্ষমতার চেয়ে ন্যায্যতার বিষয়টি বেশি গুরুত্বপূর্ণ। বাংলাদেশের ওপর শুল্ক আরোপের পক্ষে যে কারণ দেখানো হয়েছে, সেগুলোর অনেকটাই দুর্বল। শ্রম অধিকার নিয়ে কিছু সমস্যা থাকতে পারে। তবে অতিরিক্ত উৎপাদন সক্ষমতার বিষয়টি বাংলাদেশের কাঠামোগত সমস্যার সঙ্গে সম্পর্কিত।

তিনি বলেন, গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণে বাংলাদেশের কারখানাগুলোকে অতিরিক্ত উৎপাদন সক্ষমতা ধরে রাখতে হয়। জ্বালানি সংকটের কারণে কারখানাগুলো পূর্ণ সক্ষমতায় উৎপাদন করতে পারে না।

ড. জাহিদ হোসেন আরও বলেন, যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশ সবচেয়ে বেশি তৈরি পোশাক পণ্য রপ্তানি করে। এসব পণ্যের ওপর শুল্ক বাড়ানো হলে মার্কিন বাজারে পণ্যের দাম বেড়ে যাবে। এমনিতেই যুক্তরাষ্ট্রে উচ্চ মূল্যস্ফীতি রয়েছে। পণ্যের দাম আরও বাড়লে দেশটির অভ্যন্তরে অসন্তোষ তৈরি হতে পারে। শুল্ক প্রস্তাব নিয়ে আগামী জানুয়ারি পর্যন্ত পর্যালোচনার সুযোগ রয়েছে।

শুনানিতে যৌথ উদ্যোগের পরামর্শ

ড. জাহিদ হোসেন বলেন, শুল্ক শুনানিতে বাংলাদেশকে জোরালো ভূমিকা রাখতে হবে। বাংলাদেশের তৈরি পোশাক যেসব ক্রেতা যুক্তরাষ্ট্রের বাজারে আমদানি করেন, তাঁদেরও এ বিষয়ে ভূমিকা রাখা প্রয়োজন।

অন্যায্য যুক্তি দেখিয়ে শুল্ক বাড়ানোর উদ্যোগ প্রতিরোধে মার্কিন রাজনীতিবিদদের মধ্যেও জনমত গড়ে তুলতে হবে। পাশাপাশি ভারত, ভিয়েতনাম, কম্বোডিয়াসহ যেসব দেশের ওপর শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে, তাদের সঙ্গে সমন্বিত উদ্যোগ নিয়ে অন্যায্য বিষয়গুলো তুলে ধরতে হবে বলে মনে করেন তিনি।

ট্রাম্পের রাজনৈতিক কর্মসূচির অংশ শুল্কনীতি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলাদেশসহ ১৩টি দেশের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের প্রস্তাবকে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক প্রচারাভিযানের কর্মসূচির অংশ হিসেবে দেখছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। এ বিষয়ে বাংলাদেশ আলোচনা করবে বলেও জানিয়েছেন তিনি।

গতকাল বৃহস্পতিবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ট্রাম্প প্রশাসনের রাজনৈতিক প্রচারাভিযানের অন্যতম প্রধান অংশ বাণিজ্যনীতি। শুল্ক চুক্তিগুলোকে তারা নিজেদের গুরুত্বপূর্ণ কর্মসূচি হিসেবে নিয়েছে।

তিনি বলেন, আগামী ২৫ জানুয়ারি শুনানি হবে। সেখানে বাংলাদেশের বক্তব্য তুলে ধরার সুযোগ রয়েছে। কিছু বিষয়কে বাংলাদেশ অযৌক্তিক মনে করে। সেগুলো নিয়ে কথা বলার সুযোগও আছে। কোনটি যৌক্তিক আর কোনটি যৌক্তিক নয়, তা তুলে ধরে বাংলাদেশ আলোচনা ও দর-কষাকষি করবে।

বাংলাদেশের বিরুদ্ধে যেসব অভিযোগ ইউএসটিআরের

ইউএসটিআর জানিয়েছে, বাংলাদেশের পণ্য আমদানির ক্ষেত্রে বিদ্যমান সেকশন ৩০১ শুল্কের সঙ্গে নতুন শুল্ক যোগ করার পরিবর্তে তা সমন্বয় করে সর্বোচ্চ ১৮ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে। বাংলাদেশের সঙ্গে চলমান আলোচনা এবং দুই দেশের মধ্যে স্বাক্ষরিত পারস্পরিক বাণিজ্য চুক্তিতে বাংলাদেশ যেসব প্রতিশ্রুতি দিয়েছে, সেগুলোও এ প্রস্তাব বিবেচনায় নেওয়া হয়েছে।

বাংলাদেশ-সংশ্লিষ্ট যেসব কার্যক্রম, নীতি ও চর্চা নিয়ে যুক্তরাষ্ট্রের আপত্তি রয়েছে, সেগুলো বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অংশ হিসেবে এ প্রস্তাব দিয়েছে ইউএসটিআর।

সংস্থাটির বিশেষ বাংলাদেশ প্রতিবেদনে বলা হয়েছে, অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা এবং জাতীয় রপ্তানি নীতি ২০২৪-২৭-এর মাধ্যমে বাংলাদেশ সরকার সাধারণ বাজার চাহিদার বাইরে গিয়ে রপ্তানিমুখী প্রবৃদ্ধির নীতি গ্রহণ করেছে। রাষ্ট্রীয় সহায়তায় তৈরি পোশাক খাতের উৎপাদন সক্ষমতা বাড়িয়ে আন্তর্জাতিক বাজারে পণ্য সরবরাহ বাড়ানো হচ্ছে বলেও অভিযোগ করেছে সংস্থাটি।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশে ৪৩টির বেশি রপ্তানিমুখী খাতে রাষ্ট্রীয় কোষাগার থেকে শূন্য দশমিক ৫ থেকে ২০ শতাংশ পর্যন্ত নগদ প্রণোদনা দেওয়া হয়। রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল ও অর্থনৈতিক অঞ্চলগুলোতে পাঁচ থেকে সাত বছরের কর অবকাশ এবং শুল্কমুক্ত কাঁচামাল আমদানির সুবিধা রয়েছে।

বাংলাদেশের শ্রম পরিস্থিতি ও মজুরি কাঠামো নিয়েও সমালোচনা করেছে ইউএসটিআর। সংস্থাটির দাবি, ২০২৬ সালের সংশোধিত শ্রম আইনেও শ্রমিকদের সংগঠন গঠন ও যৌথ দর-কষাকষির পূর্ণ স্বাধীনতা নিশ্চিত হয়নি। বিশেষ করে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে স্বাধীন ট্রেড ইউনিয়ন নিষিদ্ধ রয়েছে। এ ছাড়া বাংলাদেশের পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মজুরি প্রতিযোগী দেশগুলোর তুলনায় কম বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

চীনের কাঁচামাল আমদানি নিয়েও আপত্তি

যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের তৈরি পোশাকশিল্প চীন থেকে বিপুল পরিমাণে সস্তা কাঁচামাল, সুতা ও টেক্সটাইল যন্ত্রপাতি আমদানি করে। এ খাতের কাঁচামালের প্রায় ৭০ শতাংশ চীন থেকে আসে।

প্রতিবেদন অনুযায়ী, ২০১৭ থেকে ২০২৫ সালের মধ্যে চীন থেকে বাংলাদেশের কাঁচামাল আমদানি ৬৮ শতাংশ বেড়েছে। একই সঙ্গে শুল্ক এড়াতে চীনা বিনিয়োগকারীরা বাংলাদেশে কারখানা স্থাপন করছেন বলে অভিযোগ করেছে ওয়াশিংটন। এর মাধ্যমে চীনের অতিরিক্ত উৎপাদন সক্ষমতার পণ্য বাংলাদেশ হয়ে যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশ করছে বলেও দাবি করেছে ইউএসটিআর।