আসন্ন রমজানের আগে দেশের বাজারে সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ৩ টাকা বাড়িয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বোতলজাত ও খোলা সয়াবিন তেলের দাম বাড়ানো হলেও পাম অয়েলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে।
নতুন নির্ধারিত দরে, এক লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ২০৪ টাকা থেকে বাড়িয়ে ২০৭ টাকা করা হয়েছে। খোলা সয়াবিন তেলের দাম ১৮৫ টাকা থেকে বেড়ে হয়েছে ১৮৮ টাকা। এ ছাড়া পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম ১ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ১৫ টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে, খোলা পাম অয়েলের দাম আগের মতোই লিটারপ্রতি ১৬৬ টাকা রয়েছে।
দাম সমন্বয়ের সিদ্ধান্ত
বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে দেশের সার্বিক ভোজ্যতেল সরবরাহ পরিস্থিতি পর্যালোচনা সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
সভায় বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন দেশের বর্তমান ভোজ্যতেলের মজুত, দেশি ও আন্তর্জাতিক বাজারদর, ঋণপত্র (এলসি) খোলা এবং সার্বিক আমদানি পরিস্থিতি নিয়ে প্রতিবেদন উপস্থাপন করে। প্রতিবেদন পর্যালোচনা ও বাজার পরিস্থিতি বিশ্লেষণ শেষে সয়াবিন তেলের দাম সমন্বয়ের বিষয়ে উপস্থিত সবাই একমত হন।
সভায় বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা জানান, সর্বশেষ গত ২ সেপ্টেম্বর তেলের দাম সমন্বয় করা হয়েছিল। এরপর বিশ্ববাজারে সয়াবিন ও পাম অয়েলের দাম বাড়লেও দেশের বাজারে দাম বাড়ানো হয়নি। এতে স্বাভাবিক আমদানি ও সরবরাহ বজায় রাখা কঠিন হয়ে পড়ছিল।
রমজানে সরবরাহ স্বাভাবিক রাখার উদ্যোগ
আসন্ন রমজানে সারা দেশে ভোজ্যতেলের পর্যাপ্ত মজুত ও সরবরাহ স্বাভাবিক রাখতে আন্তর্জাতিক বাজারদর এবং বর্তমান আমদানি খরচের সঙ্গে সামঞ্জস্য রেখে দাম সমন্বয়ের দাবি জানান ব্যবসায়ীরা।
সভায় বাজারে ভোজ্যতেলের সরবরাহ স্বাভাবিক রাখতে ব্যবসায়ীদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার সিদ্ধান্ত হয়। একই সঙ্গে কৃত্রিম সংকট সৃষ্টি, অবৈধ মজুতদারি এবং সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে তেল বিক্রির বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।
সভায় বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান নাসির উদ্দৌলা, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পালনকারী অতিরিক্ত সচিব খাদিজা নাজনীনসহ সংশ্লিষ্ট সরকারি সংস্থা ও ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:







