বৃহস্পতিবার

২৬ নভেম্বর, ২০২৬ ১২ অগ্রহায়ণ, ১৪৩৩

গোপালগঞ্জে সহস্রাধিক মোবাইল ব্যাংকিং হিসাব সাময়িকভাবে বন্ধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ নভেম্বর, ২০২৬ ১৬:৩৮

শেয়ার

গোপালগঞ্জে সহস্রাধিক মোবাইল ব্যাংকিং হিসাব সাময়িকভাবে বন্ধ
ছবি সংগৃহীত

গোপালগঞ্জে বিকাশ, নগদ ও রকেটসহ মোবাইল ব্যাংকিং সেবা ব্যাহত হচ্ছে। অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের অভিযোগে ৯৭টি ব্যাংক হিসাব জব্দের পাশাপাশি সহস্রাধিক মোবাইল ব্যাংকিং হিসাব সাময়িকভাবে ব্লক করায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে জেলার গ্রাহকদের টাকা জমা, উত্তোলন ও পাঠাতে ভোগান্তিতে পড়তে হচ্ছে।

সোশ্যাল মিডিয়ায় গোপালগঞ্জের বাসিন্দা কিংবা ওই জেলার ঠিকানা ব্যবহার করে খোলা সব মোবাইল ব্যাংকিং হিসাব বন্ধ করে দেওয়ার খবর ছড়ালেও সেটি সঠিক নয় বলে জানিয়েছে সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ। প্রতিষ্ঠানটির দাবি, সন্দেহজনক লেনদেন শনাক্ত হওয়ার পর বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী নিয়মিত প্রক্রিয়ায় কিছু হিসাব সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

৯৭ ব্যাংক হিসাব জব্দ, ব্লক সহস্রাধিক

ছাত্র-জনতার অভ্যুত্থানে দুই বছর আগে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে থাকা শেখ হাসিনা সম্প্রতি দেশে ফেরার ঘোষণা দেওয়ার পর তাঁর জেলা গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা সক্রিয় হয়ে ওঠেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাধা দিতে গেলে সেখানে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটে।

সহিংসতায় অর্থায়ন ও অস্থিরতায় মদদ দেওয়ার অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এরই মধ্যে ৯৭ ব্যক্তি ও চার প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ করেছে। ৯৭ ব্যক্তির মধ্যে কোটালীপাড়া উপজেলার ৩২ জন, কাশিয়ানীর ১৯ জন, গোপালগঞ্জ সদরের ১৭ জন, টুঙ্গিপাড়ার ১৫ জন এবং মুকসুদপুরের ১৪ জন রয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, জব্দ করা ৯৭টি হিসাবের বাইরে আরও সহস্রাধিক মোবাইল ব্যাংকিং হিসাব সাময়িকভাবে ব্লক করা হয়েছে। ফলে জেলাটিতে মোবাইল ব্যাংকিংয়ের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।

এজেন্টদের নগদ টাকার সংকট, ভোগান্তিতে গ্রাহক

সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, নিরাপত্তাঝুঁকির কারণে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠানগুলোর কর্মীরাও গোপালগঞ্জে এজেন্টদের কাছে টাকা পাঠাতে পারছেন না। এতে এজেন্টদের মধ্যে নগদ টাকার সংকট তৈরি হয়েছে।

ফলে গ্রাহকেরা টাকা উত্তোলন ও জমা দিতে গিয়ে সমস্যায় পড়ছেন। বিশেষ করে দৈনন্দিন কেনাকাটা, ব্যবসা-বাণিজ্য ও আর্থিক লেনদেনে মোবাইল ব্যাংকিংয়ের ওপর নির্ভরশীল ব্যক্তিদের ভোগান্তি বেড়েছে। লেনদেন করতে না পেরে কোনো কোনো দোকানপাট বন্ধ রাখতে হচ্ছে বলেও জানিয়েছেন স্থানীয়রা।

বিষয়টি নিয়ে জ্যেষ্ঠ সাংবাদিক মাসুদ কামাল বৃহস্পতিবার সকালে নিজের ফেসবুক পোস্টে গোপালগঞ্জে অনেকের বিকাশ, নগদ ও রকেটসহ মোবাইল ব্যাংকিং সেবা কাজ না করার তথ্য উল্লেখ করেন। বিষয়টি তাঁর কাছে অবিশ্বাস্য মনে হয়েছে বলেও পোস্টে জানান তিনি।

ঢালাওভাবে হিসাব বন্ধের অভিযোগ নাকচ বিকাশের

বিকাশের মুখপাত্র শামসুদ্দিন হায়দার ডালিম জানিয়েছেন, গোপালগঞ্জের বাসিন্দা কিংবা ওই জেলার ঠিকানা ব্যবহার করে খোলা বিকাশ হিসাব বন্ধ করে দেওয়ার অভিযোগের কোনো সত্যতা নেই।

বিষয়টি নিয়ে তিনি বলেন, অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেন শনাক্ত হলে নিয়মিত প্রক্রিয়ায় বিভিন্ন সময়ে কিছু হিসাব সাময়িকভাবে বন্ধ করা হয়। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী এটি বিকাশের নিয়মিত কার্যক্রম।

ডালিমের ভাষ্য, এটি গোপালগঞ্জের সঙ্গে নির্দিষ্টভাবে সম্পর্কিত কোনো বিষয় নয়। ডিজিটাল লেনদেনের সবকিছুর রেকর্ড থাকে। যেসব হিসাবে সন্দেহজনক লেনদেন দেখা যায়, সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এ ধরনের হিসাব যেকোনো এলাকার হতে পারে।