নানা ছাড় ও সহায়তার পরও আর্থিক দুরবস্থা কাটিয়ে উঠতে পারছে না রাষ্ট্রায়ত্ত ছয় ব্যাংক। সোনালী, জনতা, অগ্রণী, রূপালী, বিডিবিএল ও বেসিক ব্যাংকের বিচারাধীন মামলায় আটকে আছে ১ লাখ ৭৪ হাজার ৭২৭ কোটি টাকা। গত জুন পর্যন্ত এসব ব্যাংকের ৪৭ হাজার ৪৬৯টি মামলার বিপরীতে এ অর্থ আটকে রয়েছে। ব্যাংকগুলোর প্রতিবেদনে দেখানো মোট খেলাপি ঋণের তুলনায় এ পরিমাণ ২২ হাজার ২১৮ কোটি টাকা বেশি। এর প্রায় ৬০ শতাংশই আটকে আছে শীর্ষ ২০ ঋণখেলাপির কাছে।
ছয় ব্যাংকের জুনভিত্তিক তথ্য বিশ্লেষণে এ চিত্র উঠে এসেছে।
মামলায় আটকে থাকা ঋণ খেলাপির চেয়ে বেশি
সংশ্লিষ্টরা জানান, অর্থঋণ আদালতের মামলা, রিট ও সার্টিফিকেট মামলা—এই তিন ধরনের মামলায় আটকে থাকা অর্থের পরিমাণ ব্যাংকগুলোর প্রতিবেদনে দেখানো খেলাপি ঋণের তুলনায় ১৪ দশমিক ৬০ শতাংশ বেশি। এর প্রধান কারণ, আদালতে বিচারাধীন ১ হাজার ১৫৭টি রিট মামলার বিপরীতে আটকে থাকা ১৬ হাজার ৩১২ কোটি টাকা খেলাপি হিসেবে দেখানো হচ্ছে না।
এ ছাড়া অবলোপন করা ঋণ ব্যাংকের খেলাপি ঋণের হিসাবে অন্তর্ভুক্ত করা হয় না। অন্যদিকে অর্থঋণ আদালতের মামলায় অনারোপিত সুদ ও সব ধরনের খরচসহ হিসাব করা হয়। তবে ব্যাংকের প্রতিবেদনে খেলাপি হওয়ার সময় পর্যন্ত সুদসহ ঋণের হিসাব দেখানো হয়। এসব কারণেই ব্যাংকের প্রতিবেদনে দেখানো খেলাপি ঋণের তুলনায় মামলায় আটকে থাকা ঋণের পরিমাণ বেশি দেখা যায়।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত জুন পর্যন্ত ছয় ব্যাংকের মোট ঋণের পরিমাণ ছিল ৩ লাখ ২২ হাজার ৩৪৬ কোটি টাকা। এর বিপরীতে ব্যাংকগুলো খেলাপি দেখিয়েছে ১ লাখ ৫২ হাজার ৫০৯ কোটি টাকা, যা মোট ঋণের ৪৭ দশমিক ৩০ শতাংশ।
একই সময় পর্যন্ত শুধু অর্থঋণ আদালতেই ১৩ হাজার ৯৭৩টি মামলায় আটকে আছে ১ লাখ ৫৮ হাজার ৫৫ কোটি টাকার ঋণ। এ পরিমাণ ব্যাংকগুলোর দেখানো খেলাপি ঋণের তুলনায় ৩ দশমিক শূন্য ৬ শতাংশ বেশি। এ ছাড়া ৩২ হাজার ৩৩৯টি সার্টিফিকেট মামলায় আটকে আছে ৩৬০ কোটি টাকা।
সব মিলিয়ে বিচারাধীন ৪৭ হাজার ৪৬৯টি মামলায় আটকে থাকা ঋণের পরিমাণ ১ লাখ ৭৪ হাজার ৭২৭ কোটি টাকা, যা ব্যাংকগুলোর দেখানো মোট খেলাপি ঋণের ১১৪ দশমিক ৬ শতাংশ। এর মধ্যে রিট মামলায় আটকে থাকা ঋণও রয়েছে।
মামলায় সবচেয়ে বেশি অর্থ আটকে জনতা ব্যাংকের
ব্যাংকভিত্তিক হিসাবে মামলায় অর্থ আটকে থাকার দিক থেকে শীর্ষে রয়েছে জনতা ব্যাংক। গত জুন পর্যন্ত ব্যাংকটির ১১ হাজার ৭০০টি মামলায় জড়িত অর্থের পরিমাণ ১ লাখ ২১ কোটি টাকা। ২০২৪ সালের ডিসেম্বরে ব্যাংকটির মামলায় জড়িত অর্থের পরিমাণ ছিল ২৮ হাজার ৮৯৯ কোটি টাকা।
অন্য ব্যাংকগুলোর মধ্যে সোনালী ব্যাংকের ৯ হাজার ৫৮৭টি মামলায় ২৬ হাজার ৭৭৭ কোটি টাকা, অগ্রণী ব্যাংকের ১৯ হাজার ৮৩২টি মামলায় ১৬ হাজার ৭৩৬ কোটি টাকা, বেসিক ব্যাংকের ৬৯২টি মামলায় ১৬ হাজার ৩২৫ কোটি টাকা, রূপালী ব্যাংকের ৪ হাজার ৭৪৪টি মামলায় ১২ হাজার ৬৬৯ কোটি টাকা এবং বিডিবিএলের ৯১৪টি মামলায় ২ হাজার ১৯৯ কোটি টাকা আটকে রয়েছে।
শীর্ষ ২০ খেলাপির কাছে ৯১ হাজার কোটি টাকা
ছয় ব্যাংকের শীর্ষ ২০ ঋণখেলাপির কাছেই আটকে আছে ৯১ হাজার ১৬৫ কোটি টাকার খেলাপি ঋণ। এটি ব্যাংকগুলোর মোট খেলাপি ঋণের ৫৯ দশমিক ৮ শতাংশ।
এ ক্ষেত্রেও সবচেয়ে বড় ঝুঁকিতে রয়েছে জনতা ব্যাংক। ব্যাংকটির শীর্ষ ২০ খেলাপির কাছে আটকে আছে ৫৮ হাজার ৬৪৩ কোটি টাকা। এ অর্থ ব্যাংকটির নিজস্ব মোট খেলাপি ঋণের ৭৭ দশমিক ৪৭ শতাংশ এবং ছয় ব্যাংকের সম্মিলিত শীর্ষ ২০ খেলাপির ঋণের ৬৪ দশমিক ৩ শতাংশ।
অন্য ব্যাংকগুলোর মধ্যে শীর্ষ ২০ খেলাপির কাছে বিডিবিএলের মোট খেলাপি ঋণের ৫১ দশমিক ৩৬ শতাংশ, রূপালী ব্যাংকের ৪৯ দশমিক ৭৮ শতাংশ, অগ্রণী ব্যাংকের ৪৪ দশমিক ৫৬ শতাংশ, সোনালী ব্যাংকের ৩৫ দশমিক ২১ শতাংশ এবং বেসিক ব্যাংকের ২৮ দশমিক ২৭ শতাংশ আটকে রয়েছে।
ঋণ প্রবৃদ্ধিতে পিছিয়ে চার ব্যাংক
প্রতিবেদনে দেখা গেছে, নানা দুর্বলতা থাকলেও এসব ব্যাংকের তারল্য পরিস্থিতি ভালো রয়েছে। তবে আশানুরূপ ঋণ বিতরণ হচ্ছে না। জুনের তুলনায় সেপ্টেম্বর মাসে অগ্রণী, রূপালী, বিডিবিএল ও বেসিক ব্যাংকের ঋণ প্রবৃদ্ধি কমেছে।
এ সময়ে ঋণ প্রবৃদ্ধি বেড়েছে শুধু সোনালী ও জনতা ব্যাংকের। সোনালী ব্যাংকের ঋণ প্রবৃদ্ধি হয়েছে ৪ দশমিক ৬৩ শতাংশ এবং জনতা ব্যাংকের শূন্য দশমিক ৩৫ শতাংশ।
তবে ছয়টি ব্যাংকই স্বল্পমেয়াদি তারল্য অনুপাত (এলসিআর) এবং স্থিতিশীল তহবিল অনুপাত (এনএসএফআর) সংরক্ষণে সক্ষম হয়েছে। অন্যদিকে ব্যাংকগুলোর মধ্যে শুধু সোনালী ও বিডিবিএল মূলধন সংরক্ষণে সক্ষম হয়েছে।
আরও পড়ুন:







