সোমবার

২৩ নভেম্বর, ২০২৬ ৯ অগ্রহায়ণ, ১৪৩৩

ব্যাংক খাতে খেলাপি ঋণ বেড়ে ছয় লাখ ২৭ হাজার কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ নভেম্বর, ২০২৬ ১২:৫৮

শেয়ার

ব্যাংক খাতে খেলাপি ঋণ বেড়ে ছয় লাখ ২৭ হাজার কোটি টাকা
ছবি সংগৃহীত

ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ আরও বেড়েছে। চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর—এই তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ২০ হাজার ৮৪৯ কোটি টাকা। সেপ্টেম্বর শেষে ব্যাংক খাতে মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ছয় লাখ ২৭ হাজার ৪০৪ কোটি টাকা। বিতরণ করা মোট ঋণের ৩৩ দশমিক ৮০ শতাংশ এখন খেলাপি। অর্থাৎ ব্যাংক থেকে বিতরণ করা প্রতি ১০০ টাকার মধ্যে প্রায় ৩৪ টাকাই আদায় হচ্ছে না।

সোমবার বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত খেলাপি ঋণের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ২০ হাজার ৮৪৯ কোটি টাকা

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, গত জুন শেষে ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ ছিল ছয় লাখ ছয় হাজার ৫৫৫ কোটি টাকা। তখন মোট বিতরণ করা ঋণের ৩২ দশমিক ৭৮ শতাংশ ছিল খেলাপি। সেই হিসাবে তিন মাসে খেলাপি ঋণের পরিমাণ বাড়ার পাশাপাশি মোট ঋণের মধ্যে খেলাপির হারও বেড়েছে।

এর আগে গত ডিসেম্বর শেষে ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ ছিল পাঁচ লাখ ৫৭ হাজার ২১৭ কোটি টাকা। চলতি বছরের মার্চ শেষে তা আরও ৩১ হাজার ৪৮৭ কোটি টাকা বেড়েছিল। তবে গত বছরের অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে খেলাপি ঋণ কিছুটা কমেছিল। পরবর্তী সময়ে আবার বাড়তে শুরু করে।

আওয়ামী লীগ সরকারের সময়ে কয়েক গুণ বেড়েছিল খেলাপি ঋণ

সংশ্লিষ্টদের মতে, আওয়ামী লীগ সরকারের সাড়ে ১৫ বছরে ব্যাংক খাতে অনিয়ম, জালিয়াতি, প্রতারণা ও দুর্নীতির বিস্তার খেলাপি ঋণ বৃদ্ধির অন্যতম কারণ। ওই সময় প্রভাবশালী ঋণগ্রহীতাদের অনিয়ম এবং ঋণ আদায়ে দুর্বলতার কারণে ব্যাংক খাতের আর্থিক ভিত্তি ক্ষতিগ্রস্ত হয়েছে।

তথ্য পর্যালোচনায় দেখা যায়, ২০০৯ সালের জানুয়ারিতে আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোট সরকার দায়িত্ব নেওয়ার সময় ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ ছিল ২২ হাজার ৪৮১ কোটি টাকা। ২০২৪ সালের জুনে সরকার ক্ষমতাচ্যুত হওয়ার আগে তা বেড়ে দাঁড়ায় দুই লাখ ১১ হাজার ৩৯১ কোটি টাকা। অর্থাৎ ওই সাড়ে ১৫ বছরে খেলাপি ঋণের পরিমাণ কয়েক গুণ বেড়েছিল।

অন্তর্বর্তী সরকারের সময় প্রকাশ পায় প্রকৃত চিত্র

আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার সময় ব্যাংক খাতের প্রকৃত আর্থিক চিত্র সামনে আসতে শুরু করে। এ সময় আগের সরকারের সঙ্গে সংশ্লিষ্ট অনেক ঋণগ্রহীতা আত্মগোপনে চলে যান বা প্রকাশ্যে আসেননি। ফলে আগে নিয়মিত হিসেবে দেখানো অনেক ঋণ খেলাপি হয়ে পড়ে। এতে খেলাপি ঋণের পরিমাণ দ্রুত বাড়তে থাকে।

পরিস্থিতি সামাল দিতে অন্তর্বর্তী সরকার বিশেষ ছাড়ে ঋণ পুনঃতফসিলের সুযোগ দেয়। এর ফলে কিছু ঋণ পুনঃতফসিল হওয়ায় খেলাপি ঋণের পরিমাণ কমে আসে। তবে সেই স্বস্তি দীর্ঘস্থায়ী হয়নি।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যানে দেখা যাচ্ছে, বর্তমান বিএনপি সরকারের সময়েও ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ আবার বেড়েছে।