রবিবার

২২ নভেম্বর, ২০২৬ ৮ অগ্রহায়ণ, ১৪৩৩

ব্যাংক পরিচালনায় মেয়াদ ছয় বছর, পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ নভেম্বর, ২০২৬ ১৪:১৫

শেয়ার

ব্যাংক পরিচালনায় মেয়াদ ছয় বছর, পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা
ছবি সংগৃহীত

ব্যাংকের পরিচালনা পর্ষদে বড় ধরনের পরিবর্তনের উদ্যোগ নিয়েছে সরকার। পরিচালকদের দায়িত্ব পালনের সর্বোচ্চ মেয়াদ ১২ বছর থেকে কমিয়ে ছয় বছর করা, একই পরিবারের সদস্যদের প্রতিনিধিত্ব সীমিত করা এবং স্বতন্ত্র পরিচালকের সংখ্যা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি মন্ত্রী, সংসদ সদস্যসহ সরকারি দায়িত্বে থাকা রাজনীতিবিদদের ব্যাংকের পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে নিয়োগের অযোগ্য ঘোষণার উদ্যোগ নেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের সুপারিশের ভিত্তিতে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ব্যাংক কোম্পানি আইনের সংশোধনী খসড়া তৈরি করেছে। খসড়াটি অর্থমন্ত্রীর অনুমোদনের পর চূড়ান্ত অনুমোদনের জন্য মন্ত্রিসভায় পাঠানোর কথা রয়েছে।

পরিচালকদের মেয়াদ কমছে অর্ধেক

প্রস্তাবিত সংশোধনী অনুযায়ী, কোনো ব্যক্তি একটানা ছয় বছরের বেশি একটি ব্যাংকের পরিচালক থাকতে পারবেন না। ছয় বছর দায়িত্ব পালনের পর পুনরায় পরিচালক হতে চাইলে তাঁকে বাধ্যতামূলকভাবে তিন বছর বিরতিতে থাকতে হবে। বর্তমানে একজন পরিচালকের দায়িত্ব পালনের সর্বোচ্চ মেয়াদ ১২ বছর।

পরিচালকদের মেয়াদ নিয়ে গত কয়েক বছরে একাধিকবার আইন সংশোধন করা হয়েছে। ২০১৮ সালের আগে পরিচালকদের টানা দায়িত্ব পালনের সর্বোচ্চ মেয়াদ ছিল ছয় বছর। ওই বছর তা বাড়িয়ে নয় বছর করা হয়। পরে ২০২৩ সালে আরেক দফা সংশোধনের মাধ্যমে মেয়াদ বাড়িয়ে ১২ বছর করা হয়েছিল।

পর্ষদে পারিবারিক প্রতিনিধিত্ব কমানোর প্রস্তাব

ব্যাংকের মালিকানায় পারিবারিক প্রভাব কমাতে একই পরিবার থেকে পরিচালকের সংখ্যা তিনজনের পরিবর্তে দুজনে নামিয়ে আনার প্রস্তাব করা হয়েছে। একই পরিবারের সদস্যদের নিয়ন্ত্রণাধীন বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও কোম্পানির মনোনীত পরিচালকের সংখ্যাও সর্বোচ্চ দুজন থেকে কমিয়ে একজন করার কথা বলা হয়েছে।

পরিচালনা পর্ষদের সর্বোচ্চ সদস্যসংখ্যা ২০ জনই থাকছে। তবে ২০ সদস্যের পর্ষদে স্বতন্ত্র পরিচালকের সংখ্যা অন্তত চারজন করার প্রস্তাব রয়েছে। বর্তমানে এ সংখ্যা তিনজন। অন্যদিকে, ২০ জনের কম সদস্যের পর্ষদে স্বতন্ত্র পরিচালকের ন্যূনতম সংখ্যা দুজন থেকে বাড়িয়ে তিনজন করার কথা বলা হয়েছে।

স্বতন্ত্র পরিচালকের যোগ্যতার শর্তও কঠোর করার প্রস্তাব করা হয়েছে। এতে বলা হয়েছে, নিয়োগের আগের অন্তত তিন বছর সংশ্লিষ্ট ব্যক্তি ব্যাংক বা ব্যাংক-সংশ্লিষ্ট কোনো ব্যক্তির সঙ্গে প্রত্যক্ষ কিংবা পরোক্ষ স্বার্থে জড়িত থাকতে পারবেন না। নিয়োগের পরও এ ধরনের স্বার্থসংশ্লিষ্টতা থাকা যাবে না।

ব্যাংক পরিচালনায় রাজনৈতিক ব্যক্তিদের নিয়োগে নিষেধাজ্ঞা

ব্যাংক পরিচালনায় রাজনৈতিক প্রভাব কমাতে নতুন একটি ধারা যুক্ত করার প্রস্তাব রয়েছে। এতে মন্ত্রিসভার সদস্য বা সমমর্যাদার ব্যক্তি, সংসদ সদস্য এবং স্থানীয় সরকারের প্রতিনিধিদের ব্যাংকের পরিচালক, এমডি কিংবা সিইও পদে নিয়োগের অযোগ্য ঘোষণার কথা বলা হয়েছে।

এ ছাড়া প্রস্তাবিত ১৭ক ধারায় পরিচালকদের পর্ষদ সভায় অনুপস্থিতির বিষয়ে বিধিনিষেধ রাখা হয়েছে। কোনো পরিচালককে টানা তিন মাসের বেশি সময় পর্ষদ সভায় অনুপস্থিত থাকার ছুটি দেওয়া যাবে না। এ ধরনের ছুটি বছরে একবারের বেশি নেওয়ার সুযোগও থাকবে না।

কৌশলগত বিনিয়োগকারীদের জন্য শেয়ার ধারণের সীমা শিথিল

ব্যাংকের শেয়ার ধারণের সীমা নিয়েও পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে। বর্তমানে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান, কোম্পানি বা একই পরিবারের সদস্যদের একক কিংবা যৌথভাবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে একটি ব্যাংকের ১০ শতাংশের বেশি শেয়ার অধিগ্রহণে নিষেধাজ্ঞা রয়েছে।

প্রস্তাবিত সংশোধনীতে দেশি ও বিদেশি কৌশলগত বিনিয়োগকারীদের ক্ষেত্রে এ সীমা শিথিল করার ক্ষমতা বাংলাদেশ ব্যাংককে দেওয়ার কথা বলা হয়েছে। এ ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক বিনিয়োগকারীদের যোগ্যতা, উপযুক্ততা ও প্রয়োজনীয় শর্ত নির্ধারণ করতে পারবে।

ব্যাংক খাতে ব্যাপক অনিয়ম এবং কয়েকটি ব্যাংকের আর্থিক অবস্থার অবনতির প্রেক্ষাপটে এসব পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে।

উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারের সময়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত প্রাথমিক সংশোধনী খসড়ার সঙ্গে বর্তমান প্রস্তাবের বেশ কিছু পার্থক্য রয়েছে। আগের খসড়ায় ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্যসংখ্যা সর্বোচ্চ ১৫ জনে সীমিত রাখা এবং মোট পরিচালকের অর্ধেককে স্বতন্ত্র পরিচালক করার প্রস্তাব ছিল।

সূত্র: দ্য ডেইলি স্টার।