দেশের তৈরি পোশাক খাতে খেলাপি ঋণের হার আগে থেকেই বেশি। এর মধ্যে চলমান শ্রমিক আন্দোলন নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। কারখানাগুলোতে স্বাভাবিক লেনদেন কমতে শুরু করেছে। উৎপাদন ও রপ্তানি নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। এমন পরিস্থিতিতে নতুন করে ঋণখেলাপি হওয়ার আশঙ্কায় দুশ্চিন্তায় রয়েছেন পোশাকশিল্পের উদ্যোক্তারা।
বিশ্লেষকদের মতে, সংকটের দ্রুত সমাধান না হলে পুরো অর্থনীতি আরও বড় ঝুঁকিতে পড়তে পারে।
এজেআই গ্রুপের কারখানা বন্ধের শঙ্কা
দেশের পোশাক খাতে একসময় শক্ত অবস্থানে ছিল চিত্রনায়ক অনন্ত জলিলের প্রতিষ্ঠান এজেআই গ্রুপ। তবে ব্যাংক থেকে নেওয়া বড় অঙ্কের ঋণ সময়মতো পরিশোধ করতে না পারায় প্রতিষ্ঠানটি খেলাপি হয়ে পড়েছে। এতে প্রতিষ্ঠানটির ১২ হাজার শ্রমিকের কর্মসংস্থান ও জীবিকা এখন অনিশ্চয়তার মুখে।
সম্প্রতি প্রায় ২০০ কোটি টাকা খেলাপি ঋণ আদায়ে এজেআই গ্রুপকে আইনি নোটিশ পাঠিয়েছে সংশ্লিষ্ট ব্যাংক। পাশাপাশি বিপুল পরিমাণ বিল বকেয়া থাকায় প্রতিষ্ঠানটির গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
একই ধরনের সংকটে পড়েছে পরিবেশবান্ধব কারখানা হিসেবে পরিচিত প্লামি ফ্যাশনস। প্রতিষ্ঠানটির উদ্যোক্তা বর্তমানে এফবিসিসিআইয়ের প্রশাসকের দায়িত্ব পালন করছেন। তিনি জানান, বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে বহু উদ্যোক্তা ব্যবসায়িকভাবে বড় সংকটে পড়বেন।
ব্যাংক ও রপ্তানি খাতে বাড়ছে উদ্বেগ
দেশের মোট রপ্তানি আয়ের ৮৫ শতাংশ আসে তৈরি পোশাক খাত থেকে। দেশের মোট আমদানিরও বড় একটি অংশ এ খাতের উদ্যোক্তাদের মাধ্যমে সম্পন্ন হয়। ফলে বস্ত্র ও তৈরি পোশাক খাতের সঙ্গে দেশের ব্যাংকিং ব্যবস্থার সম্পর্ক নিবিড়।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের শেষে বস্ত্র ও পোশাক খাতে ঋণের পরিমাণ ছিল প্রায় সাড়ে তিন লাখ কোটি টাকা। এর মধ্যে ৩১ শতাংশ ঋণ খেলাপি। এতে ব্যাংকিং খাত আগে থেকেই চাপে রয়েছে। চলমান সংকট দীর্ঘায়িত হলে ব্যাংক ও উদ্যোক্তা উভয় পক্ষের সংকট আরও বাড়তে পারে।
উৎপাদন খরচ বৃদ্ধি, কমদামি পণ্যের চাপ
বিজিএমইএর সাবেক পরিচালক শোভন ইসলাম জানান, সাম্প্রতিক সময়ে উৎপাদন খরচ ব্যাপকভাবে বেড়েছে। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, তেলের দাম বেড়েছে ৪৩ শতাংশ, গ্যাসের দাম ৩১ শতাংশ এবং বন্দরের খরচও বেড়েছে। এর পাশাপাশি শ্রমের ব্যয় নিয়েও চাপ তৈরি হয়েছে।
তিনি বলেন, উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় লোকসান দিয়ে কারখানা চালানো কিংবা ব্যাংকের ঋণ পরিশোধ করা উদ্যোক্তাদের পক্ষে সম্ভব নয়।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, অর্থবছরের প্রথম চার মাসে রপ্তানি কিছুটা বাড়লেও এর বড় অংশ এসেছে কমদামি পণ্য থেকে। এসব পণ্যে মুনাফার হার খুবই কম। ফলে উদ্যোক্তাদের ঋণ পরিশোধের সক্ষমতা কমছে।
প্রতিদিন বন্ধ থাকছে অন্তত ২০০ কারখানা
বিজিএমইএর হিসাব অনুযায়ী, বর্তমান পরিস্থিতিতে প্রতিদিন গড়ে অন্তত ২০০টি পোশাক কারখানা বন্ধ থাকছে।
এ অবস্থায় অর্থনীতি ও শিল্প খাতের সংকট মোকাবিলায় দ্রুত পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়েছেন বিশ্লেষকেরা। তাঁদের মতে, কারখানাগুলোতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করা এবং ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলোকে বিশেষ নীতিগত ও আর্থিক সহায়তা দেওয়া হলে ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।
আরও পড়ুন:







