দেশে আগামী ডিসেম্বর পর্যন্ত জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিত করতে আরও পাঁচ হাজার কোটি টাকা ভর্তুকি চেয়েছে রাষ্ট্রায়ত্ত সংস্থা বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। জ্বালানি তেল আমদানি ও বিক্রিতে লোকসান এবং চলতি মূলধনের সংকট মোকাবিলায় অর্থ মন্ত্রণালয়ে এ প্রস্তাব পাঠিয়েছে সংস্থাটি। একই সঙ্গে জ্বালানি তেলের মূল্য সমন্বয় এবং আমদানিতে শুল্ক-কর কমানোর প্রস্তাবও দেওয়া হয়েছে।
আট মাসে লোকসান ২৭ হাজার ৬৯৯ কোটি টাকা
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের অধীন বিপিসি দেশে জ্বালানি তেল ও পেট্রোলিয়াম পণ্য আমদানি, সংরক্ষণ, পরিশোধন ও বিপণনের দায়িত্ব পালন করে।
চলতি বছরের ফেব্রুয়ারিতে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর পর আন্তর্জাতিক বাজারে ডিজেলের দাম বেড়েছে। একই সময়ে মার্কিন ডলারের বিপরীতে টাকার বিনিময় হারেও পরিবর্তন এসেছে। এতে জ্বালানি তেল আমদানির ব্যয় বেড়ে যাওয়ায় লোকসানে পড়েছে সংস্থাটি।
আর্থিক ঘাটতি মোকাবিলায় গত ২৯ সেপ্টেম্বর অর্থ বিভাগ থেকে বিপিসিকে চার হাজার ৫০০ কোটি টাকা সুদমুক্ত ঋণ দেওয়া হয়। তবে তাতেও পরিস্থিতির উন্নতি না হওয়ায় নতুন করে অর্থ চেয়েছে সংস্থাটি।
বিপিসি সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, জ্বালানি তেল আমদানি করে বিক্রিতে ভর্তুকি দিতে গিয়ে গত মার্চ থেকে অক্টোবর পর্যন্ত সংস্থাটির লোকসান হয়েছে ২৭ হাজার ৬৯৯ কোটি ৭৯ টাকা। গড়ে প্রতি মাসে লোকসান হয়েছে তিন হাজার ৪৫৯ কোটি টাকা।
এ অবস্থায় গত সপ্তাহে ডিসেম্বর পর্যন্ত জ্বালানি তেল কেনার জরুরি ব্যয় মেটাতে পাঁচ হাজার কোটি টাকা ভর্তুকি চেয়ে অর্থ মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়।
বিপিসির চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, ডিসেম্বর পর্যন্ত জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে পাঁচ হাজার কোটি টাকা ভর্তুকি চাওয়া হয়েছে। এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। তবে মন্ত্রণালয় থেকে এখনো কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।
জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের প্রস্তাবের বিষয়ে তিনি বলেন, জনগণের ভোগান্তি যেন না হয়, সে বিষয়টি বিবেচনায় রেখে বাস্তবতার নিরিখে মূল্য সমন্বয় করা যায় কি না, তা প্রস্তাবে রাখা হয়েছে।
ডিজেলেই সবচেয়ে বেশি লোকসান
দেশে ব্যবহৃত জ্বালানি তেলের মধ্যে ডিজেলের চাহিদা সবচেয়ে বেশি। মোট চাহিদার ৬৫ দশমিক ৩০ শতাংশ ডিজেল। এ ছাড়া ফার্নেস অয়েল, জেট ফুয়েল, অকটেন, পেট্রোল ও কেরোসিনের চাহিদা রয়েছে।
বিপিসির মন্ত্রণালয়ে পাঠানো প্রস্তাবনায় দেখা যায়, ২০২৫-২৬ অর্থবছরে দেশে ডিজেলের চাহিদা ছিল ৪৩ লাখ ৩ হাজার টন। ২০২৬-২৭ অর্থবছরে এ চাহিদা প্রায় ৪৬ লাখ টন হতে পারে।
২০২৪-২৫ অর্থবছরে পরিশোধিত ও অপরিশোধিত মিলিয়ে বিভিন্ন ধরনের মোট ৬১ লাখ ২৫ হাজার টন জ্বালানি তেল আমদানিতে ব্যয় হয়েছিল ৪৯ হাজার ২৬১ কোটি টাকা। পরের অর্থবছরে ৫৯ লাখ ৪ হাজার টন জ্বালানি তেল আমদানিতে ব্যয় বেড়ে দাঁড়ায় ৬৪ হাজার ৯২১ কোটি টাকা।
যুদ্ধ শুরুর আগে আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল ডিজেলের দাম ছিল ৮৬ ডলার। এপ্রিলে তা বেড়ে সর্বোচ্চ ২৮৪ ডলারে ওঠে। সর্বশেষ গত অক্টোবর মাসে প্রতি ব্যারেল ডিজেলের দাম ছিল ১৫৪ ডলার।
ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নের প্রভাবও পড়ছে জ্বালানি আমদানির ব্যয়ে। বিপিসির হিসাব অনুযায়ী, ডলারের বিনিময় হার এক টাকা বাড়লে প্রতি লিটার ডিজেলের দাম বেড়ে যায় এক টাকা ৪৫ পয়সা।
বিপিসির অক্টোবর মাসের হিসাব অনুযায়ী, আমদানি, শুল্ক-কর ও অন্যান্য খরচ মিলিয়ে প্রতি লিটার ডিজেলের ব্যয় ১৭৯ টাকা ৩৯ পয়সা। অথচ বিক্রি হচ্ছে ১৩৫ টাকায়। এতে প্রতি লিটারে লোকসান হচ্ছে ৪৪ টাকা ৩৯ পয়সা। এক বছরে এ খাতে লোকসানের পরিমাণ দাঁড়াচ্ছে ২২ হাজার ১০০ কোটি টাকা।
অন্যদিকে অকটেন ও পেট্রোলে বর্তমানে লোকসান নেই। প্রতি লিটার অকটেনের খরচ ১৫৫ টাকা ২৬ পয়সা হলেও বিক্রি হচ্ছে ১৬৫ টাকায়। প্রতি লিটার পেট্রোলের খরচ ১৫১ টাকা ২৬ পয়সা, বিক্রয়মূল্য ১৬০ টাকা।
তবে প্রতি লিটার ফার্নেস অয়েলের খরচ ১৪১ টাকা ২৬ পয়সা হলেও তা বিক্রি হচ্ছে ভর্তুকি মূল্যে ১০৮ টাকা ৭৮ পয়সায়।
চলতি মূলধন কমেছে, আটকে আছে এলসির অর্থ
বিপিসির প্রতিবেদনে বলা হয়েছে, জ্বালানি তেলের ব্যয় নির্বাহ করতে ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের (ইআরএল) ইউনিট-২-সহ বিভিন্ন প্রকল্পের হিসাব থেকে এখন পর্যন্ত ২১ হাজার কোটি টাকা তুলে নিয়েছে সংস্থাটি।
দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে দুই মাসের জ্বালানি তেল আমদানির ব্যয় মেটানোর মতো অর্থ প্রয়োজন। এর পরিমাণ ১৫ হাজার থেকে ২০ হাজার কোটি টাকা। অথচ বর্তমানে বিপিসির হাতে চলতি মূলধন রয়েছে ছয় হাজার ১২৯ কোটি টাকা। বিভিন্ন ব্যাংকে ৩২টি ঋণপত্রের (এলসি) বিপরীতে পাঁচ হাজার ৫১২ কোটি টাকার ঘাটতিও রয়েছে।
গত ২৯ সেপ্টেম্বর অর্থ বিভাগ থেকে পাওয়া চার হাজার ৫০০ কোটি টাকা সুদমুক্ত ঋণ দিয়ে সাময়িকভাবে ঘাটতি মোকাবিলার উদ্যোগ নেওয়া হয়েছে।
বিপিসির আর্থিক হিসাব অনুযায়ী, চলতি বছরের ১ মার্চ সংস্থাটির আর্থিক স্থিতি ছিল ৩৭ হাজার ২৮৭ কোটি টাকা। সাড়ে আট মাস পর ৮ নভেম্বর তা কমে দাঁড়ায় ১১ হাজার ৬৫৯ কোটি টাকায়।
মূলধন সংকটের বিষয়টি স্বীকার করে বিপিসির চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, দুর্বল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে সংস্থাটির প্রায় এক হাজার ৮৮৮ কোটি ৩৯ লাখ টাকা আটকে আছে। এসব অর্থ ফেরত আনার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। কীভাবে অর্থ আদায় করা যায়, তা নিয়ে কমিটি কাজ করছে। তিনি দায়িত্ব নেওয়ার পর নতুন করে কোনো স্থায়ী আমানত (এফডিআর) করেননি বলেও জানান।
শুল্ক-কর কমানোর প্রস্তাব বিপিসির
অর্থ মন্ত্রণালয়ে পাঠানো প্রস্তাবে সাময়িকভাবে জ্বালানি তেলের ওপর ভ্যাট সম্পূর্ণ প্রত্যাহারের সুপারিশ করেছে বিপিসি। বিকল্প হিসেবে ইনভয়েস মূল্যের পরিবর্তে আগের মতো ট্যারিফ ভ্যালুর ভিত্তিতে শুল্ক-কর নির্ধারণ অথবা ইনভয়েস মূল্যের ওপর শুল্ক-কর কমানোর প্রস্তাব দেওয়া হয়েছে।
বর্তমানে প্রতি লিটার ডিজেলে শুল্ক-কর দিতে হয় ৩৫ টাকা। আগে ট্যারিফ ভ্যালুর ভিত্তিতে প্রতি লিটারে এ বাবদ নেওয়া হতো ১৬ টাকা ৭৬ পয়সা।
২০২৫ সালের জুন থেকে জ্বালানি তেল আমদানির শুল্কায়ন পদ্ধতিতে পরিবর্তন আনা হয়। এর আগে নির্ধারিত ট্যারিফ মূল্যের ভিত্তিতে শুল্ক ও কর হিসাব করা হতো।
বর্তমানে জ্বালানি তেলের প্রকৃত আমদানি মূল্য বা ইনভয়েস মূল্যের ভিত্তিতে শুল্ক-কর নির্ধারণ করা হয়। ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়লে আমদানি ব্যয়ের পাশাপাশি শুল্ক ও করের পরিমাণও বেড়ে যায়।
আরও পড়ুন:







