বাংলাদেশের ব্যাংকিং খাতের বড় একটি অংশ দেউলিয়া হওয়ার ঝুঁকিতে রয়েছে। ব্যাংক লুটপাট, অনিয়ম ও খেলাপি ঋণের কারণে খাতটির আর্থিক পরিস্থিতি গুরুতর সংকটে পড়েছে। মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশ এখন খেলাপি। এ পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে নতুন সরকার। লন্ডনভিত্তিক সাময়িকী দ্য ইকোনমিস্টের এক প্রতিবেদনে বাংলাদেশের ব্যাংকিং খাতের এই চিত্র তুলে ধরা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৫ বছরের শাসনামলে ব্যাংক লুটপাট ও দুর্নীতির কারণে বিপুল পরিমাণ খেলাপি ঋণ জমেছে। এসব ঋণের বড় একটি অংশ আর আদায় হওয়ার সম্ভাবনা নেই। ব্যাংক পরিচালনা ও ঋণ গ্রহণের সঙ্গে জড়িত প্রভাবশালী ব্যবসায়ীদের কেউ কারাগারে গেছেন, আবার কেউ দেশ ছেড়ে পালিয়েছেন।
বাংলাদেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণের হার প্রায় ৩৩ শতাংশ। প্রতিবেশী ভারতে এ হার ১ দশমিক ৭ শতাংশ এবং পাকিস্তানে ৫ শতাংশ। ব্যাংকগুলোর ঝুঁকিভিত্তিক সম্পদের বিপরীতে মূলধনের অনুপাতও ঋণাত্মক ৩ দশমিক ৮ শতাংশে নেমেছে।
আমানত তুলতে পারছেন না গ্রাহকেরা
প্রতিবেদনে ঢাকার একটি ক্যাফের মালিকের অভিজ্ঞতা তুলে ধরা হয়েছে। ওই ব্যক্তি প্রায় এক বছর ধরে ব্যাংক থেকে নিজের জমা টাকা তুলতে পারছেন না। ব্যাংকের শাখায় গেলে তাকে শুধু তারল্য সংকটের কথা জানানো হয়। একই সমস্যায় পড়েছেন একাধিক ব্যাংকের আমানতকারী। সন্তানদের বিয়ে কিংবা মা-বাবার দাফন-কাফনের জন্য জমানো অর্থও তুলতে পারছেন না অনেকে।
প্রতিবেদন অনুযায়ী, ১৮ কোটি মানুষের বাংলাদেশ একসময় অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছিল। ১৯৭১ সালে স্বাধীনতার সময় দেশটিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা চরম দুর্দশাগ্রস্ত দেশ হিসেবে বর্ণনা করেছিলেন। এরপর দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি, দারিদ্র্য হ্রাস, জনস্বাস্থ্য ও শিক্ষার উন্নতির মাধ্যমে বাংলাদেশ উন্নয়নের পথে এগিয়েছে। তবে দুর্বল শাসনব্যবস্থা ও রাজনৈতিক অস্থিরতা দেশটির প্রাতিষ্ঠানিক কাঠামোকে প্রভাবিত করেছে।
ব্যাংকিং সংকটের মুখে নতুন সরকার
প্রতিবেদনে বলা হয়েছে, ফেব্রুয়ারির নির্বাচনের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ক্ষমতায় এসে টেকনোক্র্যাট অন্তর্বর্তী সরকারের স্থলাভিষিক্ত হয়েছে। নতুন সরকারকে ব্যাংকিং খাতের সংকট, তৈরি পোশাকশিল্পে ধর্মঘট এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে হচ্ছে।
শেখ হাসিনার শাসনামলে ব্যাংক খাতে লুটপাট নিয়ে একটি প্রতিবেদন তৈরি করেছিলেন অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেছেন, ব্যাংক লুটপাটের মাধ্যমে অর্থ আত্মসাতের যে উত্তরাধিকার পাওয়া গেছে, সেটিই এখন মোকাবিলা করতে হচ্ছে।
প্রতিবেদন অনুযায়ী, খেলাপি ঋণের বড় অংশ কেন্দ্রীভূত রয়েছে ইসলামী ও রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে। আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ ব্যক্তিদের এসব ব্যাংকের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হয়েছিল। তুলনামূলকভাবে সাধারণ বাণিজ্যিক ব্যাংকগুলোর অবস্থা ভালো।
ইসলামী ব্যাংক এর একটি উদাহরণ। দেশের অন্যতম বৃহৎ এই ঋণদাতা প্রতিষ্ঠানটির সঙ্গে একসময় জামায়াতে ইসলামীর সম্পর্ক ছিল। আওয়ামী লীগ সরকারের সময় এস আলম গ্রুপ ব্যাংকটির নিয়ন্ত্রণ নেয়। সন্ত্রাসে অর্থায়নের অভিযোগের পর গ্রুপটি ব্যাংকটির নিয়ন্ত্রণ নেয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে এস আলম গ্রুপ এ অভিযোগ অস্বীকার করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, এস আলম গ্রুপের মালিক মোহাম্মদ সাইফুল আলম মাসুদ শেখ হাসিনার মিত্র ছিলেন। পরবর্তী সময়ে ইসলামী ব্যাংকের প্রায় অর্ধেক ঋণ এস আলম গ্রুপের বিভিন্ন কোম্পানিকে দেওয়া হয়। শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর সিঙ্গাপুরের নাগরিক সাইফুল আলম মাসুদ জনসমক্ষে আসা বন্ধ করেছেন। অন্যদিকে জামায়াতে ইসলামী দাবি করেছে, ব্যাংকটির বিরুদ্ধে মূল অভিযোগগুলো সাজানো ছিল। ব্যবসার নিয়ন্ত্রণ আওয়ামী লীগের ঘনিষ্ঠ ব্যক্তিদের হাতে তুলে দিতে এসব অভিযোগ আনা হয়েছিল। সাইফুল আলম মাসুদও অনিয়মের অভিযোগ অস্বীকার করেছেন।
খেলাপি ঋণের প্রকৃত চিত্র প্রকাশ
প্রতিবেদনে বলা হয়েছে, খেলাপি ঋণের হার বৃদ্ধির একটি কারণ হলো হিসাবের স্বচ্ছতা বাড়ানো। ২০১৯ সালে বাংলাদেশ ব্যাংক ঋণগ্রহীতাদের বকেয়া ঋণের মূল অর্থের ২ শতাংশ পরিশোধ করে ঋণ পুনঃতফসিলের সুযোগ দিয়েছিল। এরপর এক বছর কিস্তি না দিয়েও ঋণ পরিশোধের সময়সীমা ১০ বছর পর্যন্ত বাড়ানোর সুযোগ ছিল। ফলে ২ শতাংশ অর্থ পরিশোধের পর এসব ঋণ আর খেলাপি হিসেবে গণ্য হতো না।
২০২০ সালে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) সতর্ক করেছিল, প্রকৃত খেলাপি ঋণের হার সরকারি হিসাবে দেখানো প্রায় ১০ শতাংশের দ্বিগুণ হতে পারে। ২০২৫ সালে অন্তর্বর্তী সরকার খেলাপি ঋণের সংজ্ঞা পরিবর্তন করে। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী, ৯০ দিন বকেয়া থাকা ঋণকেও খেলাপি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। এর ফলে খেলাপি ঋণের অনুপাত বেড়ে ৩৩ শতাংশে দাঁড়িয়েছে।
ঋণ প্রবৃদ্ধি ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ধীরগতি
ব্যাংকিং খাতের সংকট দেশের উন্নয়ন কার্যক্রমেও প্রভাব ফেলছে। ২০২৫ সালে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ছিল প্রায় ১০ শতাংশ। চলতি বছর তা কমে ৪ দশমিক ৫ শতাংশে নেমেছে, যা ৩৩ বছরের মধ্যে সর্বনিম্ন।
চলতি বছর বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস ৩ দশমিক ৭ শতাংশ। শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির আগে প্রবৃদ্ধির হার সাধারণত ৬ দশমিক ৫ শতাংশের কাছাকাছি ছিল। তবে অন্তর্বর্তী সরকার ওই প্রবৃদ্ধির হিসাব অতিরঞ্জিত ছিল বলে দাবি করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, অর্থনৈতিক মন্থরতার পেছনে ব্যাংকিং সংকট ছাড়াও জ্বালানি সংকট ও শ্রমিকদের ধর্মঘটের প্রভাব রয়েছে। ইরান যুদ্ধের প্রথম কয়েক মাসে জ্বালানি সংকটের কারণে বিভিন্ন কারখানা বন্ধ হয়ে যায়। বর্তমানে ধর্মঘটের কারণেও উৎপাদন ব্যাহত হচ্ছে। বিশ্বব্যাংকের ধারণা, ২০২৬ সালে টানা তৃতীয় বছরের মতো দেশে দারিদ্র্যের হার বাড়বে।
ব্যাংকগুলোতে ৬২০ কোটি ডলারের জরুরি সহায়তা
কেন্দ্রীয় ব্যাংক এখন পর্যন্ত জরুরি সহায়তা হিসেবে ব্যাংকগুলোতে ৬২০ কোটি ডলার দিয়েছে। এই অর্থ দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ১ দশমিক ২ শতাংশের সমান। তবে এ সহায়তা ব্যাংকিং খাতের সংকট কাটাতে যথেষ্ট হবে না বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
রেটিং সংস্থা মুডিসের হিসাব অনুযায়ী, ব্যাংকিং খাত পুনঃমূলধনীকরণে কয়েক বছর ধরে জিডিপির ১০ শতাংশের সমপরিমাণ অর্থ প্রয়োজন হবে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, সংকটে থাকা ঋণগ্রহীতাদের জন্য জুনে সরকার সুদ পুনঃতফসিলের ব্যবস্থা চালু করেছে। নতুন একটি নিয়মে ব্যাংকগুলো ঋণগ্রহীতাদের কাছ থেকে কত সুদ নিতে পারবে, তার সীমাও নির্ধারণ করা হয়েছে। এর ফলে ঋণদাতারা ঋণগ্রহীতার ঝুঁকি বিবেচনায় যথাযথ সুদের হার নির্ধারণ করতে পারছে না।
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সরকার সমস্যাকে এড়িয়ে যাচ্ছে না। ব্যাংকগুলোর আর্থিক হিসাব পরিষ্কার করার চেষ্টা চলছে। যেসব ঋণগ্রহীতার ভালো সম্পদ রয়েছে এবং সামান্য বাড়তি সময় দিলে ঋণ পরিশোধের সুযোগ তৈরি হতে পারে, তাদের সেই সুযোগ দেওয়া হবে।
পুনঃমূলধনীকরণে অর্থের সংকট
বিদেশি সহায়তা না এলে সংকটে থাকা ব্যাংকগুলোর পুনঃমূলধনীকরণের জন্য সরকারের হাতে পর্যাপ্ত অর্থ নেই। ব্যাপক কর ফাঁকির কারণে সরকারের রাজস্ব আদায় কম। বর্তমানে জিডিপির মাত্র ৭ শতাংশ রাজস্ব সংগ্রহ করে বাংলাদেশ। দক্ষিণ এশিয়ার দেশগুলোর তুলনায়ও এ হার কম। পাকিস্তান জিডিপির প্রায় ১০ শতাংশ রাজস্ব সংগ্রহ করে।
এদিকে জিডিপির ৩ দশমিক ৩ শতাংশ বাজেট ঘাটতি রয়েছে সরকারের। খাদ্য ও জ্বালানিতে ভর্তুকি দেওয়ার কারণেও সরকারি ব্যয় বাড়ছে। ফলে ব্যয় মেটাতে সরকারকে ব্যাংকের ওপর নির্ভর করতে হচ্ছে। বিশেষ করে বেসরকারি ও ভালো মূলধনসম্পন্ন ব্যাংকগুলো থেকে অর্থ নিচ্ছে সরকার।
কেন্দ্রীয় ব্যাংকের জরুরি তারল্য সহায়তার পাশাপাশি সরকারি ব্যয়ের জন্য ব্যাংক থেকে অর্থ নেওয়ায় বাজারে অর্থের সরবরাহ বাড়ছে। এর প্রভাব পড়ছে মূল্যস্ফীতিতে।
প্রতিবেদনের শেষাংশে বাংলাদেশের অর্থনীতি ও রাজনীতির পারস্পরিক সম্পর্ক তুলে ধরা হয়েছে। এক অর্থনীতিবিদের মতে, বিএনপির সঙ্গে সংশ্লিষ্ট প্রভাবশালী ব্যবসায়ীরা গত ১৫ বছর ধরে লুটপাটের সুযোগের অপেক্ষায় ছিলেন। তাদের দীর্ঘদিন আটকে রাখা সম্ভব হবে না বলেও তিনি মনে করেন।
এ পরিস্থিতিতে ব্যাংকিং খাতে সংস্কারের সুযোগ তৈরি হতে পারে। একই সঙ্গে নতুন করে রাজনৈতিকভাবে ঘনিষ্ঠ ব্যক্তিদের সুবিধা দেওয়ার আশঙ্কাও রয়েছে। প্রতিবেদনে উদ্ধৃত এক সাবেক কর্মকর্তার ভাষ্য, বাংলাদেশের মৌলিক পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি।
আরও পড়ুন:







