মঙ্গলবার

১৭ নভেম্বর, ২০২৬ ২ অগ্রহায়ণ, ১৪৩৩

রমজানে খেজুর, মাল্টা ও আপেল আমদানিতে শুল্ক কমাল সরকার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ নভেম্বর, ২০২৬ ০৭:২৭

শেয়ার

রমজানে খেজুর, মাল্টা ও আপেল আমদানিতে শুল্ক কমাল সরকার
ছবি সংগৃহীত

আসন্ন পবিত্র রমজান মাসে খেজুর, মাল্টা ও আপেলের সরবরাহ স্বাভাবিক রাখা এবং দাম সহনীয় পর্যায়ে রাখতে এসব পণ্য আমদানিতে শুল্ক ও করভার কমিয়েছে সরকার। খেজুর আমদানিতে কাস্টমস শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। অন্যদিকে মাল্টা ও আপেল আমদানিতে মোট করভার ১২১ দশমিক ৭৮ শতাংশ থেকে কমিয়ে ৬১ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

রবিবার (১৫ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। অভ্যন্তরীণ সম্পদ বিভাগ প্রস্তাবটি উত্থাপন করে। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

খেজুর আমদানিতে শুল্ক ৫ শতাংশ

মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, আগামী বছরের ১০ মার্চ পর্যন্ত খেজুর আমদানিতে ৫ শতাংশ কাস্টমস শুল্ক কার্যকর থাকবে। আগে এ শুল্কের হার ছিল ২৫ শতাংশ।

এ ছাড়া আগামী ২৪ জানুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত মাল্টা ও আপেল আমদানিতে কমানো করহার কার্যকর থাকবে। এ সময়ে এইচএস কোড ০৮০৫১০৯০-ভুক্ত অরেঞ্জ (মাল্টা) এবং ০৮০৮১০৯০-ভুক্ত আপেল আমদানিতে মোট করভার ১২১ দশমিক ৭৮ শতাংশ থেকে কমিয়ে ৬১ শতাংশ করা হয়েছে।

ভ্যাটের দাখিলপত্র জমার বিধান সংশোধন

এদিকে মূল্য সংযোজন কর (ভ্যাট) ও সম্পূরক শুল্ক আইনের সংশোধনী খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এর ফলে প্রতি তিন মাস বা তিন কর মেয়াদ পরপর ভ্যাটের দাখিলপত্র জমা দেওয়ার বিধান সংশোধন করা হচ্ছে।

মন্ত্রিসভার বৈঠকে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) আইন, ২০২৬-এর খসড়ায় এ অনুমোদন দেওয়া হয়। মন্ত্রিপরিষদ বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে প্রতি মাসে বা প্রতি কর মেয়াদে ভ্যাটের দাখিলপত্র জমা দেওয়ার বাধ্যবাধকতা শিথিল করে প্রতি তিন কর মেয়াদ বা তিন মাস পরবর্তী ১৫ দিনের মধ্যে দাখিলপত্র জমা দেওয়ার বিধান করা হয়েছিল।

তবে এ পরিবর্তনের ফলে মাঠপর্যায়ে রাজস্ব আদায়ে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা তৈরি হয়। এ কারণে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ৬৪ ধারা সংশোধনের প্রয়োজনীয়তা দেখা দেয়।

সংসদ অধিবেশন চলমান না থাকায় মন্ত্রিসভার অনুমোদনের ভিত্তিতে সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদে দেওয়া ক্ষমতাবলে রাষ্ট্রপতি গত ১৪ অক্টোবর ২০২৬ তারিখে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬ জারি করেন।

এবার জাতীয় সংসদের চলতি অধিবেশনে অধ্যাদেশটি আইনে রূপান্তরের লক্ষ্যে সংশোধনী আইনের খসড়াটি লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।