দেশের বাজারে টানা চতুর্থ দফায় কমেছে সোনার দাম। এবার ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ১৫৮ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এতে ভালো মানের এই সোনার নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা।
শুক্রবার (১৩ নভেম্বর) সকালে এক বিজ্ঞপ্তিতে নতুন দর ঘোষণা করে বাজুস। সকাল ১০টা থেকে এ দাম কার্যকর হয়েছে।
চার ক্যারেটের সোনার নতুন দাম
বাজুসের নতুন মূল্যতালিকা অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৯ হাজার ৮৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮০ হাজার ২৬৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৭ হাজার ৩১৬ টাকা।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম কমে যাওয়ায় বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইস অ্যান্ড প্রাইস মনিটরিং নতুন করে দাম সমন্বয় করেছে।
পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে। তবে অলঙ্কারের নকশা অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। স্বর্ণালঙ্কার ও রৌপ্যালঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। এ ছাড়া নির্ধারিত ভ্যাট, মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে অলঙ্কার বদল ও কেনার ক্ষেত্রে বাজুসের আগের নিয়ম বহাল থাকবে।
চার দফায় কমল ৯ হাজার ৮৫৬ টাকা
এর আগে বৃহস্পতিবার (১২ নভেম্বর) সোনার দাম কমিয়েছিল বাজুস। সেদিন ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ছিল ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা। একই সময়ে ২১ ক্যারেটের দাম ছিল ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৮২ হাজার ৩০৮ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ছিল ১ লাখ ৪৮ হাজার ৭৭৪ টাকা।
এর আগের দিন ১১ নভেম্বর সকালে প্রতি ভরি ২২ ক্যারেটের সোনার দাম ২ হাজার ৭৪১ টাকা কমিয়ে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা নির্ধারণ করেছিল বাজুস। তারও আগে ৬ নভেম্বর একই ক্যাটাগরির সোনার দাম ভরিতে ২ হাজার ৭৪১ টাকা কমানো হয়।
সব মিলিয়ে চার দফায় ২২ ক্যারেটের সোনার দাম ভরিতে কমেছে ৯ হাজার ৮৫৬ টাকা। আগে ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকা থাকা এই সোনার দাম কমে এখন দাঁড়িয়েছে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা।
আরও পড়ুন:







