দেশীয় স্পিনিং শিল্পকে ধ্বংস করে আমদানিনির্ভর অর্থনীতির দিকে দেশ এগিয়ে যাচ্ছে কি না, এমন প্রশ্ন এখন জোরালোভাবে সামনে এসেছে।
দেশের স্পিনিং শিল্পকে রক্ষা করা, কর্মসংস্থান ধরে রাখা এবং স্থানীয় শিল্পের মূল্য সংযোজন নিশ্চিত করার জন্য ১০ থেকে ৩০ কাউন্টের কটন সুতা আমদানির ক্ষেত্রে বন্ড সুবিধা প্রত্যাহারের সরকারি উদ্যোগকে একটি সময়োপযোগী ও অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বলে মনে করছে সংশ্লিষ্টরা।
তবে, যখনই দেশীয় স্পিনিং শিল্পের স্বার্থে কোনো সিদ্ধান্ত নেয়া হয়, তখনই একটি মহল আমদানির সুবিধা বহাল রাখার জন্য সক্রিয় হয়ে ওঠে। এ নিয়ে এখন প্রশ্ন উঠেছে, দেশে কি দীর্ঘমেয়াদে একটি শক্তিশালী উৎপাদনভিত্তিক অর্থনীতি গড়ে উঠবে, নাকি ক্রমাগত আমদানিনির্ভর হয়ে নিজেদের শিল্পভিত্তিই দুর্বল হবে?
পৃথিবীর অর্থনৈতিক ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, চীন, দক্ষিণ কোরিয়া, জাপান, জার্মানি কিংবা ভিয়েতনামের মতো দেশগুলো উৎপাদনশিল্পকে অর্থনৈতিক উন্নয়নের অন্যতম প্রধান ভিত্তি হিসেবে গড়ে তুলেছে। এসব দেশ কেবল আমদানির ওপর নির্ভর করে অর্থনৈতিক শক্তি অর্জন করেনি, বরং শিল্পায়ন, প্রযুক্তি, দক্ষ মানবসম্পদ, উৎপাদনশীলতা এবং স্থানীয় মূল্য সংযোজনকে অগ্রাধিকার দিয়েছে।
অথচ বাংলাদেশে এক অদ্ভুত বাস্তবতার মুখোমুখি। এখানে দেশীয় শিল্পকারখানা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হলেও আমদানির সুবিধা বহাল রাখার দাবি উঠছে। একটি দেশের উৎপাদন সক্ষমতাকে ধ্বংস করে সস্তা আমদানির ওপর নির্ভরশীল হওয়া কখনোই দীর্ঘমেয়াদি অর্থনৈতিক কৌশল হতে পারে না।
স্পিনিং শিল্পের সংকট ও আমদানির প্রভাব
স্পিনিং শিল্পের সংকট শুধু শিল্পমালিকদের সংকট নয়। তীব্র ওয়ার্কিং ক্যাপিটাল সংকট, ব্যাংকঋণের উচ্চ সুদ, গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের অনিশ্চয়তা, কাঁচামাল আমদানিতে অর্থায়নের সীমাবদ্ধতা এবং উৎপাদন ব্যয় বৃদ্ধির কারণে অনেক মিল অস্তিত্ব রক্ষার সংকটে রয়েছে।
এই পরিস্থিতিতে তুলনামূলক কম দামে আমদানিকৃত সুতা দেশীয় বাজার দখল করতে থাকলে স্থানীয় মিলগুলোর পক্ষে টিকে থাকা আরও কঠিন হয়ে অধিকতর সংকট তৈরি করবে। এর পরিণতি কেবল কয়েকটি স্পিনিং মিল বন্ধ হওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এর সঙ্গে জড়িয়ে আছে হাজার হাজার শ্রমিকের কর্মসংস্থান, ব্যাংকিং খাতে বিপুল বিনিয়োগ, সরকারের রাজস্ব, স্থানীয় সরবরাহব্যবস্থা এবং দেশের সামগ্রিক শিল্পায়নের ভবিষ্যৎ।
এদিকে, বাংলাদেশের সুতা আমদানির একটি গুরুত্বপূর্ণ উৎস ভারত। দেশটির সুতা তুলনামূলক কম মূল্যে পাওয়ার কারণে অনেক পোশাক প্রস্তুতকারক আমদানিকে অগ্রাধিকার দেয়। তবে প্রশ্ন উঠেছে, ভারতীয় সুতা কি প্রকৃত উৎপাদন দক্ষতার কারণে সস্তা, নাকি বিভিন্ন ধরনের সরকারি সহায়তা, ভর্তুকি বা অন্য কোনো বাণিজ্যিক সুবিধার কারণে বাংলাদেশের বাজারে কম মূল্যে প্রবেশ করছে?
সংশ্লিষ্ট মহলের মতে, এটি নিরপেক্ষভাবে তদন্ত করা প্রয়োজন। যদি প্রমাণিত হয় যে কোনো দেশ ডাম্পিংয়ের মাধ্যমে বাংলাদেশের স্থানীয় শিল্পকে ক্ষতিগ্রস্ত করছে, তাহলে আন্তর্জাতিক বাণিজ্যবিধি অনুসরণ করে যথাযথ প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণের তাগিদ রয়েছে। কেনো না, সামান্য কম দামে সুতা পাওয়ার সুবিধার বিনিময়ে আগামী দিনের পুরো দেশীয় শিল্পকে ঝুঁকির মুখে ফেলা কোনো বিচক্ষণ সিদ্ধান্ত হতে পারে না বলেই তাদের মত।
বন্ড সুবিধার অপব্যবহার ও তদন্ত
এদিকে বন্ড সুবিধার অপব্যবহারের গুরুতর অভিযোগ দীর্ঘদিনের। ২০২৫ সালের অক্টোবরে শুল্ক কর্তৃপক্ষ অন্তত ১২টি পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠানের বিরুদ্ধে বন্ড সুবিধার অপব্যবহারের সন্দেহে তদন্ত করছে।
আবার শনিবার (৩ অক্টোবর) নারায়ণগঞ্জ ও নরসিংদীর বিভিন্ন গুদাম থেকে বন্ড সুবিধায় আমদানি করা হয়েছে বলে সন্দেহ করা বিপুল পরিমাণ সুতা জব্দ করা হয়।
শুল্কমুক্তভাবে আমদানি করা কাঁচামাল রপ্তানি উৎপাদনে ব্যবহার না হয়ে যদি স্থানীয় বাজারে বিক্রি হয়, তাহলে একদিকে সরকার প্রাপ্য রাজস্ব থেকে বঞ্চিত হয়, অন্যদিকে শুল্ক ও কর পরিশোধ করে পরিচালিত বৈধ ব্যবসা এবং দেশীয় উৎপাদনকারীরা অসম প্রতিযোগিতার মুখে পড়ে। তাই, বন্ড সুবিধার অপব্যবহার রোধে কঠোর নজরদারি, ডিজিটাল ট্র্যাকিং, নিয়মিত অডিট এবং কার্যকর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে।
তৈরি পোশাকশিল্প অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি হলেও, এর অর্থ এই নয় যে দেশীয় স্পিনিং শিল্পকে প্রতিযোগিতা থেকে সরিয়ে দিতে হবে। বরং দুটি শিল্প একে অপরের পরিপূরক। দেশীয় স্পিনিং শিল্প শক্তিশালী হলে পোশাকশিল্পের সরবরাহব্যবস্থা স্থিতিশীল হতে পারে, আমদানিনির্ভরতা ও বৈদেশিক মুদ্রার ওপর চাপ হ্রাস পায় এবং অধিক মূল্য সংযোজন সম্ভব হয়।
সংশ্লিষ্ট নীতি নির্ধারকদের মতে, সরকারের লক্ষ্য হওয়া উচিত এমন একটি ভারসাম্য প্রতিষ্ঠা করা, যেখানে তৈরি পোশাক রপ্তানিকারকরা প্রতিযোগিতামূলক মূল্যে সুতা পাবে, আবার দেশীয় স্পিনিং শিল্পও টিকে থাকবে।
সম্প্রতি, প্রধানমন্ত্রী তারেক রহমান সুতা আমদানি নিয়ে তৈরি হওয়া বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বাধীন কমিটিকে আগামী শুক্রবার (২০ নভেম্বর) এর মধ্যে সুপারিশ জমা দেয়ার নির্দেশ দিয়েছেন। সংশ্লিষ্টদের প্রত্যাশা, এই কমিটি দেশের দীর্ঘমেয়াদি শিল্পায়ন, কর্মসংস্থান, ব্যাংকিং খাতের বিনিয়োগ, বৈদেশিক মুদ্রা সাশ্রয়, রাজস্ব সুরক্ষা এবং স্থানীয় মূল্য সংযোজনের সামগ্রিক অর্থনৈতিক প্রভাব বিশ্লেষণ করবে। যেসব কাউন্টের সুতা দেশীয় মিলগুলো প্রতিযোগিতামূলক মানে উৎপাদন করতে সক্ষম, সেসব ক্ষেত্রে বন্ড সুবিধা প্রত্যাহারের সিদ্ধান্ত বহাল রাখার শক্তিশালী অর্থনৈতিক যুক্তি রয়েছে।
পোশাক খাতে শ্রমিক অস্থিরতা
অন্যদিকে, বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সাথে তাল মেলাতে ১২,৫০০ টাকার বেতন বাড়িয়ে ন্যূনতম ৩০ হাজার টাকা করার দাবিতে সম্প্রতি সাভার, আশুলিয়া, মিরপুর ও গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিক আন্দোলনের নামে চরম অস্থিতিশীলতা শুরু হয়।
সাধারণ শ্রমিকের ব্যানারে চলা এই আন্দোলনে একশ্রেণির দুষ্কৃতিকারী এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আ.লীগ ও তার দোসরদের অনুপ্রবেশের গুরুতর অভিযোগ রয়েছে। আন্দোলনকে পুঁজি করে সাভার ও আশুলিয়ার বিভিন্ন মহাসড়ক অবরোধসহ তীব্র বিক্ষোভ এবং চরম সহিংসতা সৃষ্টি করা হয়।
পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠলে কেবল সড়ক অবরোধই করা হয়নি, বরং শিল্পাঞ্চলের বিভিন্ন পয়েন্টে মেট্রোরেল স্টেশনের নিচে এবং পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এছাড়া বেশ কয়েকটি পুলিশ বক্স ও কারখানার গুদামে ভাঙচুর চালানো হয়। পরিস্থিতির চরম অবনতি ঘটায় ইতোমধ্যে দেশের প্রায় ৭ শতাধিক পোশাক কারখানায় উৎপাদন কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করতে বাধ্য হয়েছিলো কর্তৃপক্ষ।
রাজনৈতিক বিশ্লেষকদের পর্যবেক্ষণ অনুযায়ী, গত ৫ই আগস্টের পর থেকে রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন স্তরে এবং শিল্পখাতে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত চক্রটি এখনো সক্রিয় রয়েছে। অভিযোগ উঠেছে, তৈরি পোশাক খাতের বহু কারখানার মালিকানা ও শীর্ষ পদে এখনো এমন অনেকে বহাল রয়েছে, যারা মূলত বিদেশে অবস্থানরত রাজনৈতিক নেতাদের প্ররোচনায় কাজ করছে।
কারখানার অভ্যন্তরীণ বিষয়াদি ও শ্রমিকদের বকেয়া দাবি-দাওড়াকে ঢাল হিসেবে ব্যবহার করে রাজনৈতিক সুবিধা হাসিল করার অপচেষ্টা চলছে বলে ধারণা করা হচ্ছে। সরকারের দায়িত্বশীল পর্যায় থেকেও ইঙ্গিত মিলেছে যে, সীমান্তের ওপার ও বিদেশ থেকে দেয়া ইন্ধনেই দেশের কারখানাগুলোতে সুপরিকল্পিতভাবে শ্রমিক অসন্তোষ উসকে দেয়া হচ্ছে।
সংশ্লিষ্টদের মতে, নেপথ্যের এই ইন্ধনদাতাদের বিরুদ্ধে কঠোর ও দৃশ্যমান পদক্ষেপ নেয়া না হলে এই অস্থিরতা থামানো দুরূহ হবে। সুতা আমদানির নীতিগত বিতর্ক এবং পোশাক খাতের এই অস্থিরতা উভয় সংকট মোকাবিলায় কেবল বিচ্ছিন্নভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ সম্ভব নয়। বৈশ্বিক অর্থনীতির এই ক্রান্তিলগ্নে দেশের প্রধান রপ্তানি খাতকে রক্ষা করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার দাবি জানিয়েছে সচেতন মহল।
আরও পড়ুন:







