বৃহস্পতিবার

১২ নভেম্বর, ২০২৬ ২৮ কার্তিক, ১৪৩৩

কুতুবজোমে তৃতীয় এলএনজি টার্মিনাল নির্মাণের অনুমোদন পেল চীন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ নভেম্বর, ২০২৬ ১৮:৫০

শেয়ার

কুতুবজোমে তৃতীয় এলএনজি টার্মিনাল নির্মাণের অনুমোদন পেল চীন
ছবি সংগৃহীত

মহেশখালীর কুতুবজোমে দেশের তৃতীয় ভাসমান তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনাল স্থাপনের অনুমোদন পেয়েছে চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চায়না ন্যাশনাল এনার্জি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড (সিএনইই)। সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি প্রতিষ্ঠানটির প্রস্তাবিত দর অনুমোদন করেছে। এতে ১৫ বছর মেয়াদে সরকারের ব্যয় হবে প্রায় ১২ হাজার ৩২৪ কোটি টাকা অথবা ২০ বছর মেয়াদে প্রায় ১৩ হাজার ১৬১ কোটি টাকা।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে অর্থ মন্ত্রণালয় এ তথ্য জানায়। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নথি অনুযায়ী, কুতুবজোমে সরকারি পর্যায়ে (জিটুজি) এলএনজি টার্মিনাল স্থাপনের জন্য সিএনইইকে সুপারিশকৃত দরদাতা হিসেবে অনুমোদন দেওয়া হয়েছে।

অক্টোবরে ফেরত দেওয়া প্রস্তাবেই অনুমোদন

এর আগে গত অক্টোবরে একই ব্যয়ে টার্মিনাল স্থাপনের প্রস্তাব ফেরত পাঠানো হয়েছিল। তখন ব্যয় কমানোর বিষয়ে আলোচনার কথা জানা গিয়েছিল। তবে এবার ব্যয় অপরিবর্তিত রেখেই প্রস্তাবটি অনুমোদন পেয়েছে। অনুমোদিত নথিতে দৈনিক ফি, টার্মিনালের সক্ষমতা কিংবা বাণিজ্যিকভাবে চালুর নির্দিষ্ট সময় উল্লেখ নেই।

গত ১৯ জুন সিএনইই কুতুবজোমে একটি অফশোর এলএনজি টার্মিনাল নির্মাণের প্রস্তাব দিয়েছিল। এতে দৈনিক গ্যাস পুনঃরূপান্তর (রিগ্যাসিফিকেশন) সক্ষমতা ৬০০ মিলিয়ন ঘনফুট এবং সর্বোচ্চ সক্ষমতা ৭৫০ মিলিয়ন ঘনফুট নির্ধারণ করা হয়েছিল।

এর আগে প্রকাশিত তথ্য অনুযায়ী, ১৫ বছর মেয়াদি চুক্তিতে টার্মিনাল পরিচালনার জন্য প্রতিষ্ঠানটি দৈনিক ৩ লাখ ৪২ হাজার ডলার ফি প্রস্তাব করেছিল। বর্তমানে এক্সিলারেট এনার্জির টার্মিনালের জন্য সরকার দৈনিক ২ লাখ ৫৪ হাজার ডলার এবং সামিট এলএনজি টার্মিনালের জন্য ২ লাখ ৪৯ হাজার ১১৫ ডলার ব্যয় করে।

সে হিসাবে নতুন টার্মিনালের জন্য সিএনইইর প্রস্তাবিত দৈনিক ফি বর্তমান দুটি টার্মিনালের তুলনায় প্রায় ৩৫ থেকে ৩৭ শতাংশ বেশি।

গ্যাস সরবরাহে নতুন টার্মিনালের পরিকল্পনা

দেশে বর্তমানে দৈনিক গ্যাসের চাহিদা প্রায় ৩ হাজার ৮০০ মিলিয়ন ঘনফুট। দেশীয় উৎপাদন ও আমদানি করা এলএনজি মিলিয়ে স্বাভাবিক সময়ে সরবরাহ থাকে প্রায় ২ হাজার ৭০০ মিলিয়ন ঘনফুট।

মহেশখালীতে বর্তমানে দুটি ভাসমান এলএনজি টার্মিনাল রয়েছে। এর মধ্যে এক্সিলারেট এনার্জির দৈনিক সক্ষমতা ৬০০ মিলিয়ন ঘনফুট এবং সামিটের ৫০০ মিলিয়ন ঘনফুট। এর কোনো একটি টার্মিনাল বিকল হলে গ্যাস সরবরাহে বড় ধরনের প্রভাব পড়ে।

জ্বালানি সংকট মোকাবিলায় দেশে নতুন তিন থেকে চারটি ভাসমান এলএনজি টার্মিনাল চালুর পরিকল্পনা করছে সরকার। এসব প্রকল্পে চীনের পাশাপাশি যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার বেসরকারি বিনিয়োগকারীরাও আগ্রহ দেখিয়েছেন বলে জানিয়েছেন সরকারের মন্ত্রীরা।

গত ৭ সেপ্টেম্বর এফবিসিসিআই কার্যালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বৈঠকে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন এলএনজি টার্মিনাল স্থাপনের ক্ষেত্রে স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক প্রক্রিয়ার ওপর জোর দেন। তিনি বলেন, মার্কিন কোম্পানিগুলো বাংলাদেশে কাজ করতে অত্যন্ত আগ্রহী।

জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, দ্রুততম সময়ে টার্মিনাল নির্মাণের সক্ষমতা দেখাতে পারলে মার্কিন কোম্পানির প্রস্তাব সর্বোচ্চ গুরুত্ব পাবে।

তবে চীনের সিএনইইর প্রস্তাবই প্রথম অনুমোদন পেল। অক্টোবরের শেষ দিকে প্রতিষ্ঠানটির দেওয়া প্রস্তাবে ২০২৮ সালের মধ্যে টার্মিনাল চালুর কথা রয়েছে।

পাঁচ প্রস্তাবে এলএনজি আমদানির অনুমোদন

ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকের পাশাপাশি বৃহস্পতিবার অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভাও অনুষ্ঠিত হয়। দুই কমিটির সভায় এলএনজি আমদানির পাঁচটি প্রস্তাব অনুমোদন করা হয়েছে। পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির মধ্যে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে এসব প্রস্তাবে সম্মতি দেওয়া হয়।

অনুমোদিত প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে জাপানের মার্কেটসের সঙ্গে পেট্রোবাংলার স্বল্পমেয়াদি সরাসরি এলএনজি কেনার উদ্যোগ। এ ছাড়া সংযুক্ত আরব আমিরাতের এডিএনওসি ট্রেডিং এবং ওজিমাডু অ্যান্ড মেরিটেস ওয়েল মার্কেটিং নাইজেরিয়া লিমিটেড থেকে সরাসরি এলএনজি কেনার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

অর্থনৈতিক বিষয়সংক্রান্ত কমিটির তিনটি সিদ্ধান্তই সরকারি ক্রয় আইন অনুযায়ী সরাসরি ক্রয়ের। অর্থাৎ প্রতিযোগিতামূলক দরপত্র ছাড়াই এসব এলএনজি কেনা হবে। তবে প্রস্তাবগুলো এখনো নীতিগত অনুমোদনের পর্যায়ে রয়েছে। দাম ও পরিমাণ নির্ধারণের প্রস্তাব পরে ক্রয়সংক্রান্ত কমিটিতে উপস্থাপন করা হবে।

অন্যদিকে, ক্রয়সংক্রান্ত কমিটির সভায় ওমানের ওকিউ ট্রেডিং থেকে ২০২৭ সালের এলএনজি কার্গো কেনার জন্য তিনটি সাইড লেটার স্বাক্ষর ও দর অনুমোদন করা হয়েছে।

এ ছাড়া মালয়েশিয়ার পেন্টিচিউড এনার্জি থেকে ২০২৭ সালে দুটি এলএনজি কার্গো কেনার সিদ্ধান্ত হয়েছে। নথি অনুযায়ী, উভয় পক্ষের সম্মতিতে কার্গোর সংখ্যা কমানো বা বাড়ানো যেতে পারে।

এলএনজি আমদানির পাশাপাশি রমজান উপলক্ষে খেজুর আমদানি, সার আমদানি এবং কয়েকটি অবকাঠামো নির্মাণ প্রকল্পের কেনাকাটার প্রস্তাবও সভায় অনুমোদন পেয়েছে।