বৃহস্পতিবার

১২ নভেম্বর, ২০২৬ ২৮ কার্তিক, ১৪৩৩

এনবিআরের রাজস্ব ঘাটতি ছাড়াল ৫০ হাজার কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ নভেম্বর, ২০২৬ ০৮:৩০

শেয়ার

এনবিআরের রাজস্ব ঘাটতি ছাড়াল ৫০ হাজার কোটি টাকা
ছবি সংগৃহীত

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) রাজস্ব আদায়ে লক্ষ্যমাত্রার তুলনায় ঘাটতি ৫০ হাজার কোটি টাকা ছাড়িয়েছে। জুলাই থেকে অক্টোবর পর্যন্ত এ সময়ে প্রায় ১ লাখ ৭৮ হাজার কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা থাকলেও আদায় হয়েছে ১ লাখ ২৮ হাজার কোটি টাকার কম।

এনবিআরের প্রাথমিক হিসাব অনুযায়ী, লক্ষ্যমাত্রার তুলনায় রাজস্ব আদায়ে ঘাটতি ৫০ হাজার কোটি টাকার বেশি। অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) এ ঘাটতি ছিল প্রায় ৪৩ হাজার কোটি টাকা। পরবর্তী এক মাসে ঘাটতি আরও বেড়েছে।

রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি ৬ শতাংশের নিচে

এনবিআরের কর্মকর্তারা বলছেন, অর্থনৈতিক কর্মকাণ্ডে প্রত্যাশিত গতি না থাকা, উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা নির্ধারণ এবং কিছু নীতিগত সমস্যার কারণে রাজস্ব আদায়ে কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি আসছে না।

তবে ঘাটতি বাড়লেও গত অর্থবছরের একই সময়ের তুলনায় রাজস্ব আদায় বেড়েছে। কিন্তু প্রবৃদ্ধির হার ৬ শতাংশের নিচে। অথচ ২০২৫-২৬ অর্থবছরের প্রথম চার মাসে রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি ছিল ১৬ শতাংশের বেশি।

রাজস্ব আদায়ের তিনটি প্রধান খাতের মধ্যে সবচেয়ে খারাপ পরিস্থিতি মূল্য সংযোজন কর (ভ্যাট) আদায়ে। চলতি অর্থবছরের প্রথম চার মাসে আয়কর ও আমদানি পর্যায়ের কর আদায়ে প্রায় ১৪ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। বিপরীতে ভ্যাট আদায়ে কোনো প্রবৃদ্ধি হয়নি। বরং আগের অর্থবছরের একই সময়ের তুলনায় এ খাতে আদায় কমেছে প্রায় ৬ শতাংশ।

রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নিয়ে প্রশ্ন

চলতি অর্থবছরের বাজেটে সরকার ৬ লাখ ৪ হাজার কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। আগের অর্থবছরের প্রকৃত আদায়ের তুলনায় এ লক্ষ্যমাত্রা ৪৫ শতাংশ বেশি। দেশের ইতিহাসে এক অর্থবছরে রাজস্ব আদায় বৃদ্ধির এত বড় লক্ষ্যমাত্রা আগে নির্ধারণ করা হয়নি।

সর্বশেষ ২০২৫-২৬ অর্থবছরে আগের অর্থবছরের তুলনায় রাজস্ব আদায় বেড়েছিল ১২ শতাংশ। আর বিগত বছরগুলোর হিসাবে গড় প্রবৃদ্ধি ছিল প্রায় ১৫ শতাংশ। এ কারণে চলতি অর্থবছরের লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে বাজেট ঘোষণার সময় থেকেই সংশ্লিষ্ট ব্যক্তিরা প্রশ্ন তুলেছিলেন।

ব্যাংকঋণ নির্ভরতা বাড়ার আশঙ্কা

বিশ্বব্যাংকের ঢাকা অফিসের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন বলেন, বাজেটে রাজস্ব আদায়ের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল, তা বাস্তবসম্মত নয় বলে তিনি আগেই জানিয়েছিলেন। বর্তমান পরিস্থিতিতে সেটিই প্রতিফলিত হচ্ছে।

তিনি বলেন, রাজস্ব আদায়ে ঘাটতির কারণে সরকারকে ব্যাংক খাত থেকে বেশি ঋণ নিয়ে উন্নয়নকাজ পরিচালনা করতে হচ্ছে। আগামীতে রাজস্ব আদায়ের পরিমাণ আরও কমতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

জাহিদ হোসেনের মতে, বর্তমানে সরকার খুব বেশি উন্নয়নমূলক কাজ করতে পারছে না। ফলে আগামীতে রাজস্ব আদায় বাড়ার সম্ভাবনাও খুব বেশি নেই।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে সরকারের নতুন ঋণ চুক্তির ক্ষেত্রেও রাজস্ব আদায় বৃদ্ধি অন্যতম শর্ত। এ কারণে সরকারকে রাজস্ব আদায়ের বিষয়ে আরও মনোযোগী হতে হবে।