সোমবার

৯ নভেম্বর, ২০২৬ ২৫ কার্তিক, ১৪৩৩

জ্বালানি ও পণ্য আমদানির চাপে বাড়ছে ডলারের দাম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ নভেম্বর, ২০২৬ ০৮:৪৪

শেয়ার

জ্বালানি ও পণ্য আমদানির চাপে বাড়ছে ডলারের দাম
ছবি সংগৃহীত

দীর্ঘদিন ১২০ থেকে ১২২ টাকার মধ্যে স্থিতিশীল থাকার পর আবারও বাড়তে শুরু করেছে ডলারের দাম। এক সপ্তাহের ব্যবধানে আমদানি দায় মেটাতে প্রতি ডলারের দাম বেড়েছে প্রায় ১ টাকা। বর্তমানে ব্যাংকগুলোর মধ্যে লেনদেনে প্রতি ডলারের দর ১২৪ টাকা ৩৫ পয়সা। আমদানি ঋণপত্র (এলসি) নিষ্পত্তিতে কোথাও কোথাও দাম উঠেছে ১২৪ টাকা ৯০ পয়সার বেশি। খোলাবাজারে প্রতি ডলার কিনতে গুনতে হচ্ছে ১২৮ টাকারও বেশি। জ্বালানি তেল, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ও অন্যান্য পণ্য আমদানির দায় মেটাতে ডলারের বাড়তি চাহিদা তৈরি হওয়ায় বাজারে এই চাপ দেখা দিয়েছে।

আমদানি ব্যয় বাড়ছে রপ্তানি আয়ের চেয়ে বেশি

বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক লেনদেন ভারসাম্যের তথ্য অনুযায়ী, চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) পণ্য আমদানিতে ব্যয় হয়েছে ১ হাজার ৯৩৩ কোটি ডলার। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় আমদানি ব্যয় বেড়েছে ১৫ দশমিক ১০ শতাংশ। বিপরীতে রপ্তানি আয় বেড়েছে ৭ শতাংশ। এ সময়ে রপ্তানি থেকে আয় এসেছে ১ হাজার ১৮৬ কোটি ডলার।

ফলে প্রথম প্রান্তিকে বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে ৭৪৭ কোটি ডলার। আগের অর্থবছরের একই সময়ে এ ঘাটতি ছিল ৫৭১ কোটি ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে বাণিজ্য ঘাটতি বেড়েছে ১৭৬ কোটি ডলার।

জ্বালানি আমদানি ব্যয় বেড়েছে ১০৫ শতাংশ

আমদানি ব্যয় বৃদ্ধির পেছনে সবচেয়ে বড় ভূমিকা রাখছে জ্বালানি পণ্য। অর্থবছরের প্রথম তিন মাসে পেট্রোলিয়াম পণ্য আমদানিতে ব্যয় হয়েছে ৪২২ কোটি ডলারের বেশি। আগের অর্থবছরের একই সময়ে এ খাতে ব্যয় ছিল ২০৬ কোটি ডলারের কম। এতে এক বছরের ব্যবধানে জ্বালানি আমদানি ব্যয় বেড়েছে ১০৫ শতাংশের বেশি।

ব্যাংকারদের মতে, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং স্পট মার্কেট থেকে বেশি দামে এলএনজি কেনার কারণে আমদানি ব্যয় বেড়েছে। এলএনজির আমদানি দায় পরিশোধেও বাড়তি ডলারের প্রয়োজন হচ্ছে।

জ্বালানির পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানিও ডলারের চাহিদা বাড়াচ্ছে। প্রথম তিন মাসে ভোগ্যপণ্য আমদানিতে ব্যয় বেড়েছে ২৬ দশমিক ৫০ শতাংশ। এ খাতে খরচ হয়েছে ১৪০ কোটি ডলার। সামনে রমজানকে কেন্দ্র করে ভোজ্যতেল, চিনি, ডাল ও ছোলার মতো পণ্য আমদানির জন্য ব্যবসায়ীরা নতুন এলসি খোলার প্রস্তুতি নিচ্ছেন। এতে ডলারের চাহিদা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন ব্যাংকাররা।

অন্যদিকে একই সময়ে মূলধনি পণ্য আমদানি কমেছে ১৩ দশমিক ৬০ শতাংশ। অর্থাৎ উৎপাদন ও বিনিয়োগের সঙ্গে সম্পর্কিত মূলধনি পণ্যের আমদানি কমলেও জ্বালানি ও ভোগ্যপণ্যে ব্যয় বাড়ছে।

রেমিট্যান্স বাড়লেও কমছে বৈদেশিক লেনদেনের ভারসাম্য

ডলারের জোগান বাড়াতে প্রবাসী আয়ের প্রবাহে ইতিবাচক প্রবৃদ্ধি রয়েছে। বাংলাদেশ ব্যাংকের হিসাবে, অর্থবছরের প্রথম তিন মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৮৫৯ কোটি ডলার। আগের বছরের একই সময়ের তুলনায় এ আয় বেড়েছে ১৩ দশমিক ৩০ শতাংশ। তবে আমদানি ব্যয় বৃদ্ধির হার রপ্তানি আয় ও প্রবাসী আয় বৃদ্ধির হারের চেয়ে বেশি হওয়ায় ডলারের চাহিদা অনুযায়ী সরবরাহ নিশ্চিত হচ্ছে না।

এর প্রভাব পড়েছে বৈদেশিক লেনদেনের ভারসাম্যে। প্রথম প্রান্তিকে চলতি হিসাবে ঘাটতি দাঁড়িয়েছে ১৩৩ কোটি ডলার। আগের অর্থবছরের একই সময়ে এ ঘাটতি ছিল ৮২ কোটি ডলার। সামগ্রিক লেনদেন ভারসাম্যেও ১১৬ কোটি ডলারের ঘাটতি তৈরি হয়েছে। অথচ গত অর্থবছরের একই সময়ে এ খাতে ৮৫ কোটি ডলারের উদ্বৃত্ত ছিল।

রিজার্ভ থেকে ডলার বিক্রি করেও চাপ কমছে না

বাজারে ডলারের সরবরাহ বাড়াতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ডলার বিক্রি করছে বাংলাদেশ ব্যাংক। গত বুধবার নিলামের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে ১২ কোটি ডলার বিক্রি করেছে কেন্দ্রীয় ব্যাংক। প্রতি ডলারের দাম ছিল ১২৪ টাকা ৩০ পয়সা থেকে ১২৪ টাকা ৩৫ পয়সা।

তবে রিজার্ভ থেকে ডলার সরবরাহ করেও বাজারের চাপ পুরোপুরি সামাল দেওয়া যাচ্ছে না। সর্বশেষ হিসাবে, দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে ৩৪ দশমিক ৮৫ বিলিয়ন ডলারে নেমেছে।

ডলারের দাম বাড়ার কারণ খতিয়ে দেখছে কেন্দ্রীয় ব্যাংক

ডলারের দাম বাড়ার প্রবণতা নিয়ে ব্যাংকগুলোকে সতর্ক করেছে বাংলাদেশ ব্যাংক। সম্প্রতি ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের সঙ্গে বৈঠকে গভর্নর মো. মোস্তাকুর রহমান বলেন, ব্যাংকগুলোর নিট ওপেন পজিশন (এনওপি) ইতিবাচক থাকার পরও ডলারের দাম এতটা বাড়ার কথা নয়। সংকটের অজুহাতে কোনো পক্ষ যাতে বাজারে অস্থিরতা তৈরি করতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, ডলারের দাম বাড়ানোর পেছনে যৌক্তিক কারণের বাইরে সমন্বয়কারী প্রতিষ্ঠান ও ব্যাংকারদের কোনো ভূমিকা রয়েছে কি না, তা খতিয়ে দেখছে কেন্দ্রীয় ব্যাংক। কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে ব্যবস্থা নেয়া হবে।

অন্যদিকে খোলাবাজারে ডলারের মূল্যবৃদ্ধির বিষয়ে মানি চেঞ্জার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি এম এস জামান বলেন, ব্যাংকসহ সব জায়গায় ডলারের দাম বেড়েছে। হঠাৎ চাহিদা বেড়ে যাওয়ায় সরবরাহে কিছুটা সমস্যা হচ্ছে। তবে শিগগিরই পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করেন তিনি।