দেশে আবারও উড়োজাহাজের জ্বালানি জেট ফুয়েলের দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম ৬ টাকা ৩২ পয়সা বাড়িয়ে ১৮৯ টাকা ৩ পয়সা নির্ধারণ করা হয়েছে। এ নিয়ে গত চার মাসে চার দফা বাড়ল জেট ফুয়েলের দাম।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) নতুন দাম নির্ধারণ করে বিজ্ঞপ্তি জারি করেছে বিইআরসি। নতুন দর অনুযায়ী, দেশি ও বিদেশি এয়ারলাইন্সের আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম নির্ধারণ করা হয়েছে ১ দশমিক ১৬৩৭ মার্কিন ডলার। নতুন দাম ৫ নভেম্বর দিবাগত রাত ১২টা থেকে কার্যকর হবে।
চার মাসে লিটারে বেড়েছে প্রায় ৩০ টাকা
বিইআরসির তথ্য অনুযায়ী, গত চার মাসে ধারাবাহিকভাবে বেড়েছে অভ্যন্তরীণ ফ্লাইটের জেট ফুয়েলের দাম। আগস্টে প্রতি লিটারের দাম ছিল ১৫৯ টাকা ৫২ পয়সা। সেপ্টেম্বরে তা বেড়ে দাঁড়ায় ১৬৫ টাকা ৬৫ পয়সা। অক্টোবরে নির্ধারণ করা হয় ১৮২ টাকা ৭১ পয়সা। সর্বশেষ নভেম্বরে তা বেড়ে হয়েছে ১৮৯ টাকা ৩ পয়সা।
আন্তর্জাতিক বাজারদর বিবেচনায় মূল্য সমন্বয়
বিইআরসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে জেট এ-১-এর প্ল্যাটস রেটের গড় এবং বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) এলসি সেটেলমেন্টে মার্কিন ডলারের বিনিময় হার বিবেচনায় নিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন, ২০০৩-এর ৩৪(৪) ও ৩৪(৬) ধারা অনুযায়ী বিপিসি এবং পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে গণশুনানি ও বিস্তারিত পর্যালোচনা শেষে ১৩ মে ২০২৫ তারিখে জেট এ-১-এর মূল্য পুনর্নির্ধারণ করা হয়। পরে কমিশন মাসভিত্তিতে প্ল্যাটস রেটের ভিত্তিতে এ মূল্য সমন্বয়ের ব্যবস্থা করে।
এবারের মূল্য সমন্বয়ের জন্য ৫ অক্টোবর থেকে ৪ নভেম্বর ২০২৬ পর্যন্ত সময়ের আন্তর্জাতিক বাজারদর পর্যালোচনা করা হয়েছে। এ জন্য গঠিত কমিটি ওই সময়ের প্ল্যাটস রেটের গড় এবং বিপিসির এলসি সেটেলমেন্টে মার্কিন ডলারের বিনিময় হার বিবেচনায় নিয়ে নভেম্বর মাসের দাম সমন্বয়ের সুপারিশ করে। ৫ নভেম্বর কমিশনের গণশুনানিতে বিষয়টি পর্যালোচনার পর নতুন দাম নির্ধারণ করা হয়।
এলপিজি ও ডিজেলের দামও বেড়েছে
উল্লেখ্য, গত ২ নভেম্বর ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করা হয়। এর আগে এই সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৮৩৭ টাকা। এ ছাড়া সম্প্রতি কয়েক দফা বাড়ানো হয়েছে এলপিজির দাম। জ্বালানি তেল ডিজেলের দামও কয়েক দফা বাড়ানো হয়েছে।
আরও পড়ুন:







