সোমবার

২ নভেম্বর, ২০২৬ ১৮ কার্তিক, ১৪৩৩

বিকাশ-নগদ-রকেটের অতিরিক্ত চার্জ নিয়ে রুলের শুনানি মঙ্গলবার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ নভেম্বর, ২০২৬ ১৬:৩১

শেয়ার

বিকাশ-নগদ-রকেটের অতিরিক্ত চার্জ নিয়ে রুলের শুনানি মঙ্গলবার
ছবি সংগৃহীত

মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) বিকাশ, নগদ ও রকেটের গ্রাহকদের কাছ থেকে স্বেচ্ছাচারী ও অতিরিক্ত সার্ভিস চার্জ নেওয়া কেন অবৈধ, অসাংবিধানিক ও আইনবহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে জারি করা রুলের শুনানির জন্য মঙ্গলবার (৩ নভেম্বর) দিন ধার্য করেছেন হাইকোর্ট।

সোমবার দুপুরে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ শুনানির জন্য এ দিন নির্ধারণ করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ওবায়দুল্লাহ আল মামুন সাকিব।

সাশ্রয়ী চার্জ ও স্বতন্ত্র আইন প্রণয়নের প্রশ্ন

এর আগে গ্রাহকদের কাছ থেকে এমএফএস সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর অতিরিক্ত সার্ভিস চার্জ নেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট।

একই সঙ্গে দরিদ্র ও ব্যাংকিং সেবাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য যুক্তিসংগত ও সাশ্রয়ী এমএফএস চার্জ নিশ্চিত করতে এবং ভোক্তা সুরক্ষা ও জবাবদিহি প্রতিষ্ঠায় কেন একটি স্বতন্ত্র মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস আইন প্রণয়ন করা হবে না, তা-ও জানতে চাওয়া হয় রুলে।

বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. রেজাউল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। অর্থসচিব, ডাক ও টেলিযোগাযোগ সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নরসহ সংশ্লিষ্ট বিবাদীদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়।

উল্লেখ্য, আইনজীবী ওবায়দুল্লাহ আল মামুন সাকিব নিজেই হাইকোর্টে রিটটি দায়ের করেন।