রবিবার

১ নভেম্বর, ২০২৬ ১৭ কার্তিক, ১৪৩৩

বর্তমানে কত বেতন পান দেশের পোশাকশ্রমিকেরা?

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১ নভেম্বর, ২০২৬ ২০:১৬

শেয়ার

বর্তমানে কত বেতন পান দেশের পোশাকশ্রমিকেরা?
ছবি সংগৃহীত

দেশের তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা। ২০২৩ সালের ১২ নভেম্বর সরকার সর্বশেষ মজুরি কাঠামো ঘোষণা করে এ বেতন নির্ধারণ করে। তবে বর্তমান মজুরি কাঠামো পরিবর্তন করে সর্বনিম্ন মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে কয়েক দিন ধরে রাজধানীর মিরপুর, গাজীপুরসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ করছেন শ্রমিকেরা। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষ ও সড়ক অবরোধের ঘটনাও ঘটেছে।

শ্রমিকদের আন্দোলনের মধ্যে রবিবার (১ নভেম্বর) পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে ছয় সদস্যের মজুরি বোর্ড গঠন করেছে সরকার। সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

পাঁচ গ্রেডে শ্রমিকদের মজুরি

২০২৩ সালের মজুরি কাঠামো অনুযায়ী, পোশাকশ্রমিকদের পাঁচটি গ্রেডে মাসিক মজুরি নির্ধারণ করা হয়। এর মধ্যে প্রথম গ্রেডে সর্বোচ্চ মোট মাসিক মজুরি ১৪ হাজার ৭৫০ টাকা। দ্বিতীয় গ্রেডে ১৪ হাজার ১৫০ টাকা, তৃতীয় গ্রেডে ১৩ হাজার ৫৫০ টাকা, চতুর্থ গ্রেডে ১৩ হাজার ২৫ টাকা এবং পঞ্চম গ্রেডে সর্বনিম্ন ১২ হাজার ৫০০ টাকা।

অন্যদিকে, পোশাকশিল্পের কর্মচারীদের জন্য চারটি গ্রেডে মজুরি নির্ধারণ করা হয়েছিল। তাঁদের সর্বোচ্চ গ্রেডে মোট মাসিক মজুরি ১৮ হাজার ৮০০ টাকা। আর শিক্ষানবিশ কর্মচারীদের মাসিক মজুরি ৯ হাজার ৯৫০ টাকা।

নতুন মজুরি কাঠামো যেভাবে নির্ধারিত হবে

শ্রম আইন, ২০০৬-এর সংশোধিত ১৩৯ ধারা অনুযায়ী, নতুন মজুরি বোর্ড সংশ্লিষ্ট শিল্পের শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণের সুপারিশ করবে। বোর্ডের সুপারিশ পর্যালোচনা করে সরকার নতুন মজুরি কাঠামো চূড়ান্ত করবে। এরপর গেজেট প্রকাশের মাধ্যমে তা কার্যকর করা হবে।

আগের মজুরি কাঠামোর ইতিহাস

এর আগে ২০১৮ সালে পোশাকশ্রমিকদের মজুরি কাঠামো ঘোষণা করা হয়েছিল। সে সময় সাতটি গ্রেডে মজুরি নির্ধারণ করা হয়। সর্বনিম্ন মাসিক মজুরি ছিল ৮ হাজার টাকা।

১৯৯৪ সালে প্রথম মজুরি বোর্ড পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণ করে ৯৩০ টাকা। এরপর ২০০৬ ও ২০১০ সালে মজুরি বাড়ানো হয়। ২০১৩ সালে নিম্নতম মজুরি ৭৬ শতাংশ বাড়িয়ে ৫ হাজার ৩০০ টাকা নির্ধারণ করা হয়েছিল।