বৈশ্বিক সাইবার নিরাপত্তা সতর্কতার মুখে আগাম বন্ধ রাখার পরও রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের ওয়েবসাইট সাইবার হামলার শিকার হয়েছে। ওয়েবসাইটের অন্তত দুটি স্থানে স্প্যাম বা হামলার চিহ্ন শনাক্ত হওয়ার পর নিরাপত্তা ত্রুটি দূর করতে কাজ করছেন ব্যাংকটির তথ্যপ্রযুক্তি (আইটি) বিভাগের কর্মীরা। এ কারণে ছুটি শেষে ব্যাংকিং লেনদেন শুরু হলেও রবিবার (২৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টা পর্যন্ত ওয়েবসাইটটি সচল করা যায়নি।
জনতা ব্যাংকের আইটি বিভাগের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, ওয়েবসাইটের দুটি স্থানে হামলার আলামত পাওয়া গেছে। ত্রুটিগুলো শনাক্ত করে নিরাপত্তা পুনরুদ্ধারের কাজ চলছে। রবিবারের মধ্যেই ওয়েবসাইটটি পুরোপুরি নিরাপদ করে সচল করা সম্ভব হবে বলে তাঁরা আশা করছেন।
এদিকে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) পদ শূন্য থাকায় এ বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। এর আগে গত ১৯ অক্টোবর জনতা ব্যাংকের তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক মজিবুর রহমানের নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করে সরকার। পরদিন থেকে দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে ব্যাংক খাতে টানা পাঁচ দিনের ছুটি শুরু হয়।
পিএইচপির নিরাপত্তা ত্রুটি নিয়ে বৈশ্বিক সতর্কতা
বিশ্বজুড়ে বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা পিএইচপিতে (PHP) দুটি গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ার পর বৈশ্বিক সাইবার হামলার আশঙ্কায় ইউরোপীয় ইউনিয়নের সাইবার নিরাপত্তা সংস্থা এনিসা (ENISA) ও সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থাগুলো গত ২১ অক্টোবর যৌথ সতর্কতা জারি করে।
সতর্কবার্তায় বলা হয়, এসব ত্রুটির সুযোগ নিয়ে হ্যাকাররা আক্রান্ত সার্ভারে দূর থেকে ক্ষতিকর কোড চালাতে পারে। দ্রুত নিরাপত্তা প্যাচ বা হালনাগাদ দেওয়া সম্ভব না হলে ঝুঁকিপূর্ণ অ্যাপ্লিকেশনগুলো সাময়িকভাবে ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন রাখার পরামর্শ দেওয়া হয়।
এই সতর্কতার পর বাড়তি নিরাপত্তার অংশ হিসেবে গত বৃহস্পতিবার থেকে বাংলাদেশ ব্যাংক ও জনতা ব্যাংকের ওয়েবসাইট সাধারণ ব্যবহারকারীদের জন্য সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। ছুটি শেষে রবিবার বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট যথারীতি চালু করা হলেও ম্যালওয়্যার সংক্রমণের কারণে জনতা ব্যাংকের ওয়েবসাইট সচল করা সম্ভব হয়নি।
আরও পড়ুন:







