নতুন জাতীয় বেতনকাঠামো বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হলেও আপাতত আগের হারেই ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা। চলতি বছরের ৩০ জুন যে হারে ভাতা দেওয়া হতো, পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত সেই হারেই ভাতা দেওয়া হবে। সোমবার (১৯ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারের সব মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর, সংস্থা এবং রাষ্ট্রায়ত্ত ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের ক্ষেত্রে এ নির্দেশনা প্রযোজ্য হবে। ভাতা আপাতত না বাড়লেও চলতি মাসেই নতুন বেতনকাঠামো অনুযায়ী বর্ধিত মূল বেতন পেতে শুরু করবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।
অর্থ বিভাগ জানিয়েছে, ২০২৬ সালের বেতন ও ভাতাদি আদেশে নির্ধারিত মূল বেতন কার্যকর না হওয়া পর্যন্ত প্রচলিত মূল বেতনের শতকরা হার অনুযায়ী ভাতা দেওয়া হবে। গত ১৯ সেপ্টেম্বর নতুন বেতন ও ভাতাদি আদেশের প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। সে সময় ভাতা পরবর্তী সময়ে সমন্বয়ের বিষয়টিও নিশ্চিত করা হয়েছিল।
নতুন বেতনকাঠামো অনুযায়ী, সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা। গত ১ জুলাই থেকে নতুন বেতনকাঠামো কার্যকর হলেও বর্ধিত বেতন ধাপে ধাপে বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০২৬–২৭ ও ২০২৭–২৮ অর্থবছরে ধাপে ধাপে বেতন-ভাতা দেওয়া হবে।
গত ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রথম ধাপে, ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত দ্বিতীয় ধাপে এবং একই বছরের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত তৃতীয় ধাপে মূল বেতন কার্যকর করা হবে। ভাতা কার্যকর হবে ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে।
এদিকে, সরকারি কর্মচারীদের নতুন বেতনকাঠামো অনুযায়ী বেতন নির্ধারণ বা পে ফিক্সেশনের কাজ অনলাইনে দ্রুতগতিতে চলছে। সরকারের সমন্বিত আর্থিক ব্যবস্থাপনা ইনফরমেশন সিস্টেম (iBAS++)-এ ৫ অক্টোবর থেকে কর্মচারীরা তথ্য ফরম পূরণ করছেন। মঙ্গলবার এ প্রক্রিয়া শেষ হওয়ার কথা রয়েছে।
অর্থ বিভাগ সূত্র জানিয়েছে, চলতি মাসের শেষেই সরকারি কর্মকর্তা-কর্মচারীরা বর্ধিত মূল বেতন হাতে পাবেন। এ জন্য প্রয়োজনীয় বাজেট বরাদ্দও ইতোমধ্যে রাখা হয়েছে।
আরও পড়ুন:







