শুক্রবার

১৬ অক্টোবর, ২০২৬ ১ কার্তিক, ১৪৩৩

পেঁপে-কুমড়া ছাড়া ৮০ টাকার নিচে মিলছে না সবজি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ অক্টোবর, ২০২৬ ০৯:৪৩

শেয়ার

পেঁপে-কুমড়া ছাড়া ৮০ টাকার নিচে মিলছে না সবজি
ছবি সংগৃহীত

শীতের সবজি বাজারে আসার আগেই রাজধানীর বাজারে প্রায় সব ধরনের সবজি বিক্রি হচ্ছে চড়া দামে। পেঁপে ও মিষ্টিকুমড়া ছাড়া অন্য কোনো সবজি ৮০ টাকার নিচে পাওয়া যাচ্ছে না। আগাম শিমের কেজি ১৬০ টাকা এবং টমেটো বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২০০ টাকা দরে। তবে গত সপ্তাহের তুলনায় ব্রয়লার মুরগির দাম কেজিতে ৫ থেকে ১০ টাকা কমেছে। ডিমের দাম কিছুটা কমলেও চাল ও সয়াবিন তেলের বাজারে উল্লেখযোগ্য পরিবর্তন নেই।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাজধানীর মোহাম্মদপুর টাউন হল বাজার ও কারওয়ান বাজার ঘুরে এসব তথ্য জানা গেছে।

বাজার ঘুরে দেখা যায়, ফুলকপি, ঝিঙা, লাউ, কচুমুখি ও পটোলের কেজি ৮০ টাকা। বেগুন ও কাঁকরোল বিক্রি হচ্ছে ১০০ টাকা কেজি দরে। শীতের আগাম জাতের মুলা ও ঢ্যাঁড়সের কেজিও ৮০ টাকা। অন্যদিকে, আগাম শিমের কেজি ১৬০ টাকা এবং টমেটো বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২০০ টাকায়।

তুলনামূলক কম দামে পাওয়া যাচ্ছে পেঁপে ও মিষ্টিকুমড়া। প্রতি কেজি পেঁপে ৩০ টাকা এবং মিষ্টিকুমড়া ৫০ টাকায় বিক্রি হচ্ছে।

টাউন হল বাজারের সবজি বিক্রেতা লিটন মিয়া জানান, শীতের সবজি বাজারে আসার আগে সাধারণত দাম কিছুটা বেশি থাকে। এর সঙ্গে ট্রাকভাড়া বেড়ে যাওয়ায় সবজির দামেও প্রভাব পড়েছে।

এ ছাড়া প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬০ টাকায়। দেশি রসুনের কেজি ১৪০ টাকা এবং আমদানি করা রসুনের কেজি ১৮০ টাকা। মরিচের দাম আগের সপ্তাহের মতোই রয়েছে। প্রতি কেজি মরিচ বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকায়।

কমেছে ব্রয়লার মুরগি ও ডিমের দাম

রাজধানীর বাজারে ব্রয়লার মুরগির দাম গত সপ্তাহের তুলনায় কেজিতে ৫ থেকে ১০ টাকা কমে ১৭৫ থেকে ১৮০ টাকায় নেমেছে। সোনালি মুরগি বিক্রি হচ্ছে ৩২০ থেকে ৩৩০ টাকা কেজি দরে।

বিক্রেতারা জানান, গরমের তীব্রতা কিছুটা কমে আসায় মুরগির উৎপাদন বেড়েছে। এতে বাজারে সরবরাহ ভালো থাকায় দাম কিছুটা কমেছে।

কারওয়ান বাজারের একটি দোকানের কর্মী নাহিদ মিয়া জানান, বর্তমানে মুরগির সরবরাহ ভালো থাকায় দাম বাড়েনি।

এদিকে, দুই সপ্তাহ আগে ফার্মের মুরগির ডিমের ডজন ১৬০ টাকা পর্যন্ত উঠেছিল। বর্তমানে প্রতি ডজন ডিমের দাম ১০ থেকে ১৫ টাকা কমে ১৪৫ থেকে ১৫০ টাকায় বিক্রি হচ্ছে। সাদা ডিমের ডজন ১৪০ টাকা।

বিক্রেতাদের আশা, শীতের সবজি বাজারে আসতে শুরু করলে সবজির দাম আরও কমবে।

চালের বাজারে বাড়তি দাম বহাল

চালের বাজারে উল্লেখযোগ্য পরিবর্তন নেই। এক থেকে দেড় সপ্তাহ আগে কেজিতে ১ থেকে ২ টাকা দাম বাড়ার পর এখনো সেই বাড়তি দামেই বিক্রি হচ্ছে চাল।

বাজারে প্রতি কেজি মোটা চালের দাম ৫৫ টাকা। মাঝারি মানের আটাশ ও পাইজাম চাল বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬৫ টাকা কেজি দরে। সরু চালের কেজি ৭৫ থেকে ৮০ টাকা।

বিভিন্ন ধরনের নাজিরশাইল চাল মানভেদে প্রতি কেজি ৮০ থেকে ৮৬ টাকায় বিক্রি হচ্ছে। বিক্রেতারা জানান, এক থেকে দেড় সপ্তাহ আগে নাজিরশাইল চালের দাম কেজিতে ২ থেকে ৩ টাকা বেড়েছিল। এখনো সেই বাড়তি দাম বহাল রয়েছে। তাঁদের মতে, জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে ট্রাকভাড়া বেড়ে যাওয়ায় চালের দাম কিছুটা বেড়েছে।

অন্যদিকে, বোতলজাত সয়াবিন তেলের দাম অপরিবর্তিত রয়েছে। প্রতি লিটার সয়াবিন তেল বিক্রি হচ্ছে ২১০ টাকায়। দুই লিটারের বোতলের দাম ৪১০ টাকা।