মঙ্গলবার

৬ অক্টোবর, ২০২৬ ২১ আশ্বিন, ১৪৩৩

হঠাৎ ৩০ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, জানে না বাংলাদেশ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ অক্টোবর, ২০২৬ ০১:০০

শেয়ার

হঠাৎ ৩০ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, জানে না বাংলাদেশ ব্যাংক
ছবি সংগৃহীত

কিউক্যাশ নেটওয়ার্কের সিস্টেম মাইগ্রেশনের কারণে একযোগে ৩০টি বাণিজ্যিক ব্যাংকের কার্ড, এটিএম ও পয়েন্ট অব সেল সেবা বন্ধ রয়েছে। রবিবার (৪ অক্টোবর) রাত ৯টা থেকে শুরু হওয়া এই অচলাবস্থা শনিবার (১০ অক্টোবর) দুপুর ১২টা পর্যন্ত চলার কথা রয়েছে। তবে এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক ও সাধারণ গ্রাহকদের আগাম জানানো হয়নি।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, কিউক্যাশ নেটওয়ার্কের আধুনিকায়ন ও সিস্টেম মাইগ্রেশনের কারণে সাময়িকভাবে এসব সেবা বন্ধ রাখা হয়েছে। একসঙ্গে ৩০টি ব্যাংকের গুরুত্বপূর্ণ আর্থিক সেবা বন্ধের সিদ্ধান্তের বিষয়ে কেন্দ্রীয় ব্যাংককে আগে থেকে কোনো তথ্য জানানো হয়নি।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান জানান, নিরাপদ ব্যাংকিং সেবা নিশ্চিতের অংশ হিসেবে কিউক্যাশ নেটওয়ার্কের সিস্টেম মাইগ্রেশন হতে পারে। তবে এত বড় একটি পদক্ষেপ নেওয়ার আগে ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংককে আনুষ্ঠানিকভাবে অবহিত করেনি। একই সঙ্গে গ্রাহকদেরও আগাম সতর্কবার্তা বা গণবিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়নি।

তিনি জানান, বিষয়টি কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরও গুরুত্বের সঙ্গে নিয়েছেন এবং ব্যাংকগুলোর এমন একক সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন।

সেবা বন্ধ হওয়ার পর রবিবার থেকেই কয়েকটি ব্যাংক গ্রাহকদের মুঠোফোনে খুদে বার্তা পাঠিয়ে বিষয়টি জানাতে শুরু করে। এসব বার্তায় বলা হয়, কিউক্যাশ নেটওয়ার্কের সিস্টেম মাইগ্রেশনের কারণে ৪ অক্টোবর রাত ৯টা থেকে ১০ অক্টোবর দুপুর ১২টা পর্যন্ত নির্ধারিত কার্ড ও লেনদেন সেবা বন্ধ থাকবে।

এই সময়ে কিউক্যাশ নেটওয়ার্কের আওতাধীন এটিএম বুথ, ক্যাশ রিসাইক্লিং মেশিন ও পয়েন্ট অব সেল টার্মিনাল অকার্যকর থাকবে। তবে ব্যাংকগুলোর দাবি, সাধারণ ডেবিট কার্ড লেনদেন, অন্যান্য ব্যাংকের এটিএম ও পয়েন্ট অব সেল বুথ, বাংলা কিউআর এবং মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে বিকাশ, নগদ, রকেট, ট্যাপ ও উপায়ে অর্থ স্থানান্তরের সুযোগ চালু রয়েছে।

এক্সিম ব্যাংকের কর্মকর্তা মনির হোসেন জানান, নির্ধারিত সময়ের মধ্যে সিস্টেম মাইগ্রেশনের কারিগরি কাজ শেষ হলে সংশ্লিষ্ট সেবাগুলো পুরোপুরি সচল করা হবে। এই সময় জরুরি আর্থিক প্রয়োজনে গ্রাহকদের বিকল্প ডিজিটাল মাধ্যম ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে।

সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তারা জানান, প্রযুক্তিগত অবকাঠামোর উন্নয়ন বা নিয়মিত রক্ষণাবেক্ষণের জন্য সাময়িকভাবে সেবা সীমিত রাখা অস্বাভাবিক নয়। তবে একসঙ্গে ৩০টি ব্যাংকের কার্ড সেবা প্রায় এক সপ্তাহ বন্ধ রাখার মতো পরিস্থিতিতে গ্রাহকদের বিকল্প ব্যবস্থা নেওয়ার সুযোগ দিতে বিষয়টি আগেই জানানো উচিত ছিল।

অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, আগাম নোটিশ ছাড়া এভাবে সেবা বন্ধ রাখায় গ্রাহকদের ভোগান্তি তৈরি হয়েছে এবং ডিজিটাল ব্যাংকিংয়ের প্রতি সাধারণ মানুষের আস্থায় নেতিবাচক প্রভাব পড়েছে।