বুধবার

২৩ সেপ্টেম্বর, ২০২৬ ৮ আশ্বিন, ১৪৩৩

চলতি অর্থবছরে প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে ৪ শতাংশ করল এডিবি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৩০

শেয়ার

চলতি অর্থবছরে প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে ৪ শতাংশ করল এডিবি
ছবি সংগৃহীত

চলতি ২০২৬–২৭ অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির (জিডিপি) পূর্বাভাস কমিয়ে ৪ শতাংশে নামিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এর আগে গত জুলাইয়ে দেওয়া পূর্বাভাসে ৪ দশমিক ৫ শতাংশ প্রবৃদ্ধির কথা জানিয়েছিল সংস্থাটি।

বুধবার (২৩ সেপ্টেম্বর) প্রকাশিত এডিবির ফ্ল্যাগশিপ প্রকাশনা ‘এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক’ (এডিও)-এর সাম্প্রতিক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।

ব্যাংকিং সংকট ও জ্বালানি ঘাটতিতে প্রবৃদ্ধির গতি কমার শঙ্কা

প্রবৃদ্ধির গতি কমে যাওয়ার প্রধান কারণ হিসেবে ব্যাংকিং খাতে দীর্ঘস্থায়ী সংকট, অবকাঠামোগত বাধা এবং তীব্র জ্বালানি ঘাটতির কথা উল্লেখ করেছে এডিবি।

প্রতিবেদনে বলা হয়, উচ্চ খেলাপি ঋণ, ব্যাংকের দুর্বল ব্যালেন্স শিট, ঋণের চড়া সুদহার এবং ঝুঁকি এড়িয়ে সরকারি সিকিউরিটিতে অর্থ বিনিয়োগের প্রবণতার কারণে বেসরকারি খাত প্রয়োজনীয় ঋণ পাচ্ছে না। ফলে অর্থনৈতিক সম্প্রসারণ স্থবির হয়ে পড়ার বিষয়ে সতর্ক করেছে সংস্থাটি।

মূল্যস্ফীতির পূর্বাভাসও বাড়িয়েছে এডিবি

এদিকে, ২০২৬–২৭ অর্থবছরে দেশে গড় মূল্যস্ফীতি বেড়ে ৯ শতাংশে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছে এডিবি। আগের অর্থবছরে গড় মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৭ শতাংশ।

এর আগে জুলাইয়ের হালনাগাদ পূর্বাভাসে চলতি অর্থবছরে মূল্যস্ফীতি ৮ দশমিক ৮ শতাংশ হতে পারে বলে জানিয়েছিল সংস্থাটি।