সোমবার

২১ সেপ্টেম্বর, ২০২৬ ৬ আশ্বিন, ১৪৩৩

জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে কৃষকের নাভিশ্বাস, পাঁচ দফা দাবী কৃষক ঐক্য ফাউন্ডেশনের

মোঃ শফিক খাঁন, ভোলা প্রতিনিধি

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর, ২০২৬ ১৬:৪৭

আপডেট: ২১ সেপ্টেম্বর, ২০২৬ ১৬:৫০

শেয়ার

জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে কৃষকের নাভিশ্বাস, পাঁচ দফা দাবী কৃষক ঐক্য ফাউন্ডেশনের
ছবি: সংগৃহীত

'কৃষক বাঁচলে বাঁচবে দেশ, গড়বো সোনার বাংলাদেশ' এই প্রতিপাদ্য স্লোগানে বাংলাদেশ কৃষক ঐক্য ফাউন্ডেশন এর সভাপতি শাহাবুদ্দিন ফরাজি এক বিবৃতিতে বলেন উৎপাদন খরচ বাড়ছে, কৃষক তার পণ্যের ন্যায্যমূল্য পাবেন তো?

কৃষকের উৎপাদন খরচ দিন দিন বাড়ছে। একদিকে সরকার নির্ধারিত মূল্যে সার না পাওয়ার অভিযোগ, অন্যদিকে হঠাৎ জ্বালানি তেলের দাম বৃদ্ধি—সব মিলিয়ে নতুন করে চাপে পড়েছেন দেশের প্রান্তিক কৃষক।

বাংলাদেশ কৃষক ঐক্য ফাউন্ডেশনের পক্ষ থেকে কৃষিমন্ত্রীসহ কৃষি-সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর, জেলা প্রশাসক ও জেলা কৃষি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করা হয়েছে। সংশ্লিষ্টদের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশে সারের সংকট নেই এবং কৃষক সরকার নির্ধারিত মূল্যে সার পাবেন।

কিন্তু মাঠের বাস্তবতা ভিন্ন বলে দাবি করছে সংগঠনটি। কৃষকদের অভিযোগ, সরকার নির্ধারিত মূল্যে সার চাইলে কোথাও কোথাও বলা হচ্ছে ‘সার নেই’; অথচ অতিরিক্ত টাকা দিতে রাজি হলে সার পাওয়া যাচ্ছে। ফলে কৃষক একদিকে হয়রানির শিকার হচ্ছেন, অন্যদিকে বাড়তি দামে সার কিনে উৎপাদন খরচ বাড়াতে বাধ্য হচ্ছেন।

এর মধ্যে জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে জমি চাষ, সেচ, কৃষিপণ্য পরিবহনসহ কৃষির বিভিন্ন পর্যায়ে ব্যয় আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

কৃষকের সামনে এখন সবচেয়ে বড় প্রশ্ন—এই বাড়তি খরচের বোঝা কে বহন করবে?

কৃষক যদি সার, বীজ, কীটনাশক, সেচ, শ্রম, চাষ ও পরিবহনে বাড়তি খরচ করেন, তাহলে ফসল বিক্রির সময় তিনি সেই ব্যয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ন্যায্যমূল্য পাবেন কি না—তার নিশ্চয়তা কোথায়?

বাংলাদেশ কৃষক ঐক্য ফাউন্ডেশনের সভাপতি শাহাবুদ্দীন ফরাজী বলেন, “কৃষকের উৎপাদন খরচ একের পর এক বাড়ছে। কিন্তু উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত না হলে কৃষক কীভাবে টিকে থাকবেন? আমরা সরকারের কাছে জানতে চাই—উৎপাদন খরচ বাড়ছে, এবার কৃষক তার উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য পাবেন তো?”

তিনি বলেন, কৃষককে শুধু উৎপাদন বাড়াতে বললেই হবে না; উৎপাদন খরচ নিয়ন্ত্রণ, কৃষি উপকরণ সহজলভ্য করা এবং উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত—এই তিনটি বিষয় একই সঙ্গে নিশ্চিত করতে হবে।

১) সরকার নির্ধারিত মূল্যে কৃষকের সারপ্রাপ্তি নিশ্চিত করতে হবে।

২) অতিরিক্ত দামে সার বিক্রির অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নিতে হবে।

৩) জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব বিবেচনায় কৃষকের জন্য কার্যকর সহায়তার ব্যবস্থা করতে হবে।

৪) কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে কার্যকর বাজারব্যবস্থা গড়ে তুলতে হবে।

৫) কৃষকের উৎপাদন খরচ ও বাজারদর বিবেচনায় নিয়ে ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করতে হবে।

বাংলাদেশ কৃষক ঐক্য ফাউন্ডেশনের জোর দাবি—কৃষককে উৎপাদনের প্রতিটি ধাপে বাড়তি খরচের বোঝা চাপিয়ে দিয়ে কৃষিকে টেকসই রাখা সম্ভব নয়। ৫ দফা দাবি বাস্তবায়ন সহ এখনই কৃষকের স্বার্থে কার্যকর ও সমন্বিত পদক্ষেপ নিতে হবে সরকারে প্রতি আহবান করেন ।