সোমবার

২১ সেপ্টেম্বর, ২০২৬ ৬ আশ্বিন, ১৪৩৩

আলোচনা ছাড়াই জ্বালানি তেলের দাম বাড়ানোয় বাড়বে চাপ: বিসিআই সভাপতি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর, ২০২৬ ০০:১০

শেয়ার

আলোচনা ছাড়াই জ্বালানি তেলের দাম বাড়ানোয় বাড়বে চাপ: বিসিআই সভাপতি
ছবি সংগৃহীত

জ্বালানি তেলের দাম ১৫ শতাংশের বেশি বাড়ানোর ফলে দেশের সব খাতে বাড়তি চাপ তৈরি হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী পারভেজ।

রবিবার (২০ সেপ্টেম্বর) রাতে সরকার জ্বালানি তেলের দাম বাড়ানোর ঘোষণা দেওয়ার পর একটি জাতীয় দৈনিককে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।

আনোয়ার-উল আলম চৌধুরী পারভেজ বলেন, দেশে উচ্চ মূল্যস্ফীতি চলছে, যা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। শিল্পকারখানায় গ্যাস ও বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না। এ কারণে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধিও অনেক কম। এমন সময়ে কারও সঙ্গে আলোচনা না করে জ্বালানি তেলের দাম ১৫ শতাংশের বেশি বাড়ানোয় সব খাতে বাড়তি চাপ তৈরি হবে।

তিনি বলেন, এই সিদ্ধান্তের ফলে শিল্পের উৎপাদন খরচ ও পরিবহন ব্যয় বাড়বে। একই সঙ্গে মূল্যস্ফীতি বাড়বে এবং জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। এতে মানুষের চাকরি যাবে, অনেকের ব্যবসা সংকুচিত হবে এবং ব্যাংকের খেলাপি ঋণ বেড়ে যাবে।

বিসিআই সভাপতি আরও বলেন, সরকার যে কর্মসংস্থান সৃষ্টির কথা বলছে, জ্বালানি তেলের দাম বাড়ানোর ফলে তা করা সম্ভব হবে না।

তার মতে, এ ধরনের সিদ্ধান্তের ফলে সরকারের ওপর জনগণের আস্থা কমে যাবে এবং সার্বিকভাবে একটি আর্থসামাজিক সংকট তৈরি হবে।