সিগারেট, ওষুধ, মোবাইল ফোন, পানীয় ও ব্যাংকিংসহ ১১টি খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ বিষয়ে রোববার (২০ সেপ্টেম্বর) এনবিআরের ভ্যাট অনুবিভাগ থেকে আদেশ জারি করা হয়েছে।
অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা খাতগুলোর মধ্যে রয়েছে সিগারেট, মোবাইল ফোন, এমএস পণ্য, ওষুধ, পানীয়, সিমেন্ট, টাইলস, রং ও বার্নিশ, বীমা, ব্যাংকিং ও নন-ব্যাংকিং সেবা এবং মোবাইল ব্যাংকিং সেবা।
যাদের জন্য প্রযোজ্য
এনবিআরের আদেশে বলা হয়েছে, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ধারা ৬৪-এর উপধারা (৫) এবং মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বিধিমালা, ২০১৬-এর বিধি ১১৮(ক)-এ দেওয়া ক্ষমতাবলে এসব খাতের ক্ষেত্রে পণ্যের উৎপাদনকারী এবং উল্লেখিত সেবা খাতের সরবরাহকারীদের জন্য এনবিআরের ই-ভ্যাট পোর্টালের মাধ্যমে অনলাইনে দাখিলপত্র জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।
কোনো নিবন্ধিত ব্যক্তি তালিকাভুক্ত পণ্য বা সেবার পাশাপাশি অন্য কোনো পণ্য বা সেবা সরবরাহের কার্যক্রমে যুক্ত থাকলেও তাঁর ক্ষেত্রেও এ আদেশ প্রযোজ্য হবে।
আগের আদেশ বাতিল, তালিকা পরিবর্তনের ক্ষমতা এনবিআরের
আদেশে আরও বলা হয়েছে, অনলাইনে দাখিলপত্র জমা বাধ্যতামূলক করার বিষয়ে এনবিআর আগে কোনো আদেশ দিয়ে থাকলে নতুন আদেশ জারির পর সেগুলো বাতিল বলে গণ্য হবে।
এ ছাড়া আদেশে উল্লেখ করা খাতের তালিকায় যেকোনো সময় সংযোজন বা বিয়োজন করার ক্ষমতা এনবিআর সংরক্ষণ করেছে।
নতুন আদেশটি অবিলম্বে কার্যকর হবে।
আরও পড়ুন:
.jpg)






