স্বাধীনতার পর যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ। ১৯৭১ সালে দেশের নামমাত্র জিডিপি ছিল মাত্র ৮ দশমিক ৭৫ বিলিয়ন ডলার। নানা সংকট, উত্থান-পতন ও অর্থনৈতিক চ্যালেঞ্জ পেরিয়ে ৫৫ বছর পর ২০২৬ সালে সেই অর্থনীতির আকার দাঁড়িয়েছে প্রায় ৫১০ দশমিক ৭ বিলিয়ন ডলারে। অর্থাৎ স্বাধীনতার পর থেকে দেশের নামমাত্র জিডিপি বেড়েছে প্রায় ৫৮ গুণ।
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ওয়াল্ড ইকোনোমিক আউটলুক (ডাব্লিউইও)- এর তথ্য ও ২০২৬ সালের প্রক্ষেপণ অনুযায়ী, বাংলাদেশের অর্থনীতির দীর্ঘমেয়াদি সম্প্রসারণের একটি চিত্র উঠে আসে এই পরিসংখ্যানে।
স্বাধীনতার পরের বছরগুলোতে বাংলাদেশের জিডিপির পথচলা ছিল বেশ অস্থির। ১৯৭২ সালে জিডিপি কমে দাঁড়ায় ৬ দশমিক ২৯ বিলিয়ন ডলারে। এরপর ধীরে ধীরে অর্থনীতি ঘুরে দাঁড়াতে শুরু করে। ১৯৭৪ সালে জিডিপি বেড়ে হয় ১২ দশমিক ৫১ বিলিয়ন ডলার, আর ১৯৭৫ সালে তা পৌঁছায় ১৯ দশমিক ৪৫ বিলিয়ন ডলারে। তবে পরের বছরই তা আবার কমে ১০ দশমিক ১২ বিলিয়ন ডলারে নেমে আসে।
আশির দশক থেকে বাংলাদেশের অর্থনীতির আকার তুলনামূলক ধারাবাহিকভাবে বাড়তে থাকে। ১৯৯০ সালে দেশের জিডিপি প্রথমবারের মতো ৪০ বিলিয়ন ডলারের সীমা ছাড়িয়ে ৪১ দশমিক ০৭ বিলিয়ন ডলারে পৌঁছায়।
নব্বইয়ের দশকে সেই প্রবৃদ্ধির ধারা অব্যাহত থাকে। ১৯৯৯ সালে বাংলাদেশের জিডিপি দাঁড়ায় ৬১ দশমিক ৫৩ বিলিয়ন ডলারে।
নতুন সহস্রাব্দে অর্থনীতির আকার বৃদ্ধির গতি আরও দৃশ্যমান হয়। ২০০৮ সালে বাংলাদেশ প্রথমবারের মতো ১০০ বিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করে। ওই বছর জিডিপির আকার ছিল ১০৯ দশমিক ৭৬ বিলিয়ন ডলার।
এরপরও অর্থনীতির আকার দ্রুত বাড়তে থাকে। মাত্র সাত বছরের ব্যবধানে ২০১৫ সালে জিডিপি বেড়ে দাঁড়ায় ২৩৩ দশমিক ৬৯ বিলিয়ন ডলারে- ২০০৮ সালের তুলনায় দ্বিগুণেরও বেশি।
২০১৭ সালে বাংলাদেশের নামমাত্র জিডিপি ছিল ২৯৩ দশমিক ৭৬ বিলিয়ন ডলার। চার বছর পর ২০২১ সালে তা বেড়ে দাঁড়ায় ৪১৬ দশমিক ২৭ বিলিয়ন ডলারে।
তবে এরপর কয়েক বছরে জিডিপির ডলারে পরিমাপ করা আকারে ওঠানামা দেখা যায়। ২০২৩ সালে তা ছিল ৪৫১ দশমিক ৫৩ বিলিয়ন ডলার, আর ২০২৪ সালে সামান্য কমে দাঁড়ায় ৪৫০ দশমিক ৪৬ বিলিয়ন ডলারে। ২০২৫ সালে তা আবার বেড়ে হয় ৪৫৭ দশমিক ৯০ বিলিয়ন ডলার।
আইএমএফের প্রক্ষেপণ অনুযায়ী, ২০২৬ সালে বাংলাদেশের নামমাত্র জিডিপি ৫১০ দশমিক ৭ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো দেশের অর্থনীতির আকার ৫০০ বিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করার প্রক্ষেপণ করা হয়েছে।
পরিসংখ্যানের দিকে তাকালে বাংলাদেশের অর্থনীতির গতিপথে একটি দীর্ঘ পরিবর্তন স্পষ্ট হয়। স্বাধীনতার পর প্রথম দুই দশকে জিডিপির আকার ছিল তুলনামূলক ছোট এবং ওঠানামাও ছিল বেশি। নব্বইয়ের দশক থেকে অর্থনীতির সম্প্রসারণ আরও দৃশ্যমান হয়; আর ২০০০ সালের পর কয়েকটি বড় মাইলফলক তুলনামূলক দ্রুত অতিক্রম করে বাংলাদেশ।
১৯৭১ সালের ৮ দশমিক ৭৫ বিলিয়ন ডলার থেকে ২০২৬ সালের সম্ভাব্য ৫১০ দশমিক ৭ বিলিয়ন ডলার- ৫৫ বছরের এই ব্যবধানেই ফুটে ওঠে বাংলাদেশের অর্থনীতির আকার বৃদ্ধির দীর্ঘ যাত্রা।
আরও পড়ুন:







